📄 ধূমপানের আগে একটু ভাবুন!
- কোন পশু-পাখী তামাক গাছের কাছে যায় না। তাহলে তামাক পাতা দিয়ে তৈরি বিভিন্ন তামাকদ্রব্য আপনি কেন সেবন করবেন? আপনি কি পশু-পাখীর চেয়েও অধম?
- কেন আপনি ধূমপান করে সমাজে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন?
- কেন আপনি অযথা বন্ধুদেরকে নষ্ট করবেন?
- ধূমপানের নিদর্শন মুখে নিয়ে কিভাবে মালাকুল মাউতের সাথে সাক্ষাত করবেন?
- আল্লাহ্ তা'আলা আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন বৈধ পন্থায় খরচ করার জন্য। তাহলে অযথা ধূমপান করে আল্লাহ্র দেয়া সম্পদ নষ্ট করে কেন বড় ধরনের গুনাহগার হবেন?
- পূর্বে যতগুলো ধূমপানের ক্ষতির দিক উল্লেখ করা হয়েছে, সেগুলো ভালোভাবে চিন্তা করুন, তারপর ভাবুন, ধূমপান করবেন কিনা?
📄 ধূমপান ত্যাগ ও তাওবাহ্
আসুন, ধূমপান সহ যাবতীয় মাদক বস্তু ছেড়ে তাওবাহ্ করি। কেননা মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা পবিত্র হালাল বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না।
বিশ্ব নবী ﷺ বলেন-
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبُ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ্ তা'আলা পবিত্র। তিনি পবিত্র হালাল বস্তু ছাড়া অন্য কিছু কবুল করেন না। ২৮
অতএব আসুন, আমরা আমাদের কৃত আমল সমূহ কবুল করাতে হলে পূর্বের পানকৃত হারাম দ্রব্য সমূহ পরিহার করি এবং মহান আল্লাহ্র তরে তাওবাহ্ করি। মহান আল্লাহ্ তা'আলা বলেন-
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ)
অর্থ: (হে নাবী) আপনি বলে দিন, (আল্লাহ্ বলেন) হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের নফসের উপর যুলুম করেছ, তোমরা আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ্ যাবতীয় পাপসমূহ ক্ষমা করে দিবেন। কেননা, তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। ২৯
মহান আল্লাহ্ তা'আলা আরো বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ)
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্র নিকট তাওবাহ্ কর, একনিষ্ঠ খালিছ তাওবাহ্। তাহলে অবশ্যই তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে নহর প্রবাহমান। ৩০
বিশ্ব নাবী ﷺ বলেন, পশ্চিম দিক হতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ্ দিনের অপরাধীদের ক্ষমা করার জন্য রাতে এবং রাতের অপরাধীদের ক্ষমা করার জন্য দিনে ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। বিশ্ব নাবী ﷺ আরো বলেন, মহান আল্লাহ্ তা'য়ালা পশ্চিম দিকে তাওবার একটি দরজা সৃষ্টি করেছেন যার প্রশস্ততা ৪০ বছরের পথ সমান। পশ্চিম দিক হতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত যা বন্ধ হবার নয়। (অতএব তোমরা এ সময়ের মধ্যেই তাওবাহ্ করে নাও)। ৩১
মহান আল্লাহ্ তা'য়ালা আরো বলেন-
إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا )
অর্থ: কিন্তু যারা তাওবাহ্ করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, মহান আল্লাহ্ তা'য়ালা তাদের পাপরাশি মিটিয়ে দেন সাওয়াব দ্বারা। কেননা, আল্লাহ্ হলেন ক্ষমাশীল, অসীম দয়ালু। ৩২
ধূমপান ছেড়ে দিয়ে তাওবাহ্ করলে আল্লাহ্ আপনাদের কে ক্ষমা করে দিবেন। কিন্তু তাওবার পর তা আর পান করতে পারবেন না।
রাসূল ﷺ বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি-খুশি করার নিমিত্তে কোন (হারাম বা মন্দ) বস্তু ত্যাগ করবে, মহান আল্লাহ্ তা'য়ালা ঐ ব্যক্তিকে এর (এই হারামের) চেয়ে আরো অধিক (হালাল) উত্তম প্রতিদান প্রদান করবেন। ৩৩
বিড়ি-সিগারেট, তামাক, জর্দা,
সবি নেশার বস্তু দ্বারা পয়দা।
পানের সাথে জর্দা ও হাদা,
পেয়ে খুশি হয় দাদী ও দাদা।
মদ-গাঁজা আর ফুসকি-ইয়াবা,
যুবক-যুবতী পেয়ে কয় মারহাবা।
তামাকদ্রব্য ও নেশার বস্তু সবি,
হারাম বলেছেন বিশ্ব নাবী।
টিকাঃ
২৮. সহীহ মুসলিম
২৯. সূরা যুমার-৩৯:৫৩
৩০. সূরা আত-তাহরীম-৬৬:৮
৩১. আহমাদ, তিরমিযী সনদ সহীহ
৩২. সূরা ফুরকান-২৫:৭০
৩৩. বায়হাকী সহীহ হাসান