📄 গারীবুল হাদীস
১. সংজ্ঞা
(ক) আভিধানিক অর্থ: আভিধানিক অর্থে গারীব বলা হয়ে থাকে নিকট থেকে দূরে চলে যাওয়াকে। এখানে অস্পষ্ট অর্থবোধক শব্দকে গারীব বলা হয়েছে।¹⁸⁴
(খ) পারিভাষিক অর্থ: হাদীসের মতনের মধ্যে এমন কোন অস্পষ্ট শব্দ পরিলক্ষিত হওয়া, যা স্বল্প ব্যবহৃত হওয়ার কারণে দুর্বোধ্য বলে মনে হয়।
২. গুরুত্ব:
এটি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা খুবই কঠিন কাজ। এ কারণে সালফে সালিহীন এ ব্যাপারে সতর্কতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন।
৩. উত্তম ব্যাখ্যা:
এর সর্বোত্তম ব্যাখ্যা হলো অনুরূপ আর একটি রিওয়ায়াত যাতে এর বিশদ ব্যাখ্যা বর্ণিত হয়েছে। যেমন, রোগীর নামায সম্পর্কে ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত হাদীস— ‘নামায দাঁড়িয়ে আদায় কর। দাঁড়াতে সক্ষম না হলে বসে আদায় কর। বসতেও সক্ষম না হলে একদিকে কাত হয়ে আদায় কর।’¹⁸৫ এখানে ‘আলা জানবিন’ (একদিকে কাত হয়ে)-এর ব্যাখ্যা অন্য হাদীসে বর্ণিত হয়েছে— ‘ডান দিকে কাত হয়ে কিবলার দিকে মুখ করে’।¹⁸৬
৪. এ বিষয়ের প্রসিদ্ধ গ্রন্থাবলী:
(ক) গারীবুল হাদীস: আবু উবাইদ আলকাসিম ইবনে সালাম।
(খ) আনিহায়া ফী-গারীবিল হাদীস ওয়াল আছার: ইবনেল আছীর। এটি এ বিষয়ের সর্বোত্তম গ্রন্থ।
(গ) আদ্-দুররুননাসীর: ইমাম সুয়ূতী।
(ঘ) আলফায়িক: আল্লামা যামাখশারী।
টিকাঃ
১৮৪. আল কামূস ১ম খ. পৃ. ১১৫।
১৮৫. সহীহ বুখারী।
১৮৬. সুনানে দারা কুতনী।