📘 তাগুত > 📄 আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করে

📄 আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করে


কুরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তিন প্রকার গোমরাহ হবার কথা আলোচনা করেছেন অর্থাৎ মানুষ আল্লাহর ইবাদত (হুকুমের অনুসরণ) বাদ দিয়ে তিন প্রকার ইলাহর ইবাদত করে। যথাঃ

প্রথম পথ হচ্ছে : মানুষের নিজের নফসের খাহেশ

"আল্লাহর দেয়া বিধান পরিত্যাগ করে যে ব্যক্তি নিজের নফসের ইচ্ছামত চলে তার অপেক্ষা অধিক গোমরাহ ও পথভ্রষ্ট আর কে হতে পারে? এ ধরনের যালেম লোকদেরকে আল্লাহ্ কখনই সৎপথের সন্ধান দেন না।" (আল-কাসাস: ৫০)

এর অর্থ এই যে, মানুষকে গোমরাহ করার মত যত জিনিস আছে তার মধ্যে মানুষের নফসই হচ্ছে তার সর্বপ্রধান পথভ্রষ্টকারী শক্তি। যে ব্যক্তি নিজের খাহেশাতের দাসত্ব করবে, আল্লাহর বান্দাহ হওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। কারণ যে কাজে টাকা পাওয়া যাবে, যে কাজ করলে সুনাম ও সম্মান হবে, যে জিনিসে অধিক স্বাদ ও আনন্দ লাভ করা যাবে, কেবল সে কাজই করতে সে প্রাণ-পণ চেষ্টা করবে। সেসব কাজ করতে যদি আল্লাহ্ নিষেধও করে থাকেন, তবুও সে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। আর এসব জিনিস যেসব কাজে পাওয়া যাবে না সেসব কাজ করতে সে কখনও প্রস্তুত হবে না। আল্লাহ তাআলা যদি সেই কাজের নির্দেশ দিয়ে থাকেন তবুও সে তার কিছুমাত্র পরোয়া করবে না। এমতাবস্থায় একথা পরিষ্কার করে বলা যেতে পারে যে, সে আল্লাহ্ তাআলাকে তার ইলাহ রূপে স্বীকার করেনি বরং তার নফসকেই সে তার একমাত্র ইলাহের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। কাজেই এমন ব্যক্তি কোন প্রকারে আল্লাহর হেদায়াত লাভ করতে পারে না। কুরআন শরীফে একথা অন্যত্র এভাবে বলা হয়েছে।

“(হে নবী!) যে ব্যক্তি নিজের নফসের খাহেশাতকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, তুমি কি তার সম্পর্কে ভেবে দেখেছ? তুমি কি এ ধরনের মানুষের পাহারাদারী করতে পার? তুমি কি মনে কর যে, এদের মধ্যে অনেক লোকই (তোমার দাওয়াত) শোনে এবং বুঝে? কখনও নয়। এরা তো একেবারে জন্তু-জানোয়ারের মত বরং তা অপেক্ষাও এরা নিকৃষ্ট।” (আল-ফুরকান ৪৩-৪৪)

যে ব্যক্তি নফসের দাস, সে যে পশুর চেয়েও নিকৃষ্ট তাতে কোন প্রকার সন্দেহ থাকতে পারে না। কোন পশুকে আপনারা নির্ধারিত সীমালংঘন করতে দেখবেন না। প্রত্যেক পশু সেই জিনিসই আহার করে এবং ঠিক সেই পরিমাণ খাদ্য খায় যে পরিমাণ আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এই মানুষ এমনই এক শ্রেণীর পশু যে, সে যখন নফসের দাস হয়ে যায়, তখন সে এমন সব কাজ করে যা দেখে শয়তানও ভয় পেয়ে যায়। মানুষের পথভ্রষ্ট হওয়ার এটাই প্রথম কারণ।

দ্বিতীয় পথ হচ্ছে: বাপ-দাদার রসম-রেওয়াজ

বাপ-দাদা হতে যেসব রসম-রেওয়াজ, যে আকীদা-বিশ্বাস ও মত এবং চাল-চলন ও রীতিনীতি চলে এসেছে তার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকার দরুন মানুষ তার গোলাম হয়ে যায়। আল্লাহর হুকুমের অপেক্ষাও তাকে বেশী সম্মানের যোগ্য বলে মনে করে। সেই রসম-রেওয়াজের বিপরীত আল্লাহর কোন কোন হুকুম যদি তার সামনে পেশ করা হয়, তবে সে অমনি বলে ওঠে বাপ-দাদারা যা করে গেছে, আমার বংশের যে নিয়ম বহুদিন হতে চলে এসেছে, আমি কি তার বিপরীত কাজ করতে পারি? পূর্ব-পুরুষদের নিয়মের পূজা করার রোগ যার মধ্যে এতখানি, আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া তার পক্ষে মোটেই সম্ভব নয়। বাস্তব ক্ষেত্রে তার বাপ-দাদা এবং তার বংশের লোকেরাই তার ইলাহ হয়ে বসে। সে নিজেকে মুসলমান বলে দাবী করলে তা যে মিথ্যা দাবী হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কুরআন মজীদে এ সম্পর্কে বড় কড়াকড়িভাবে সাবধান করে দেয়া হয়েছে এবং বলা হয়েছে:

"যখনই তাদেরকে বলা হয়েছে যে, তোমরা আল্লাহ্ তাআলার হুকুম পালন করে চল, তখন তারা শুধু একথাই বলে উঠেছে যে, আমাদের বাপ-দাদারা যে পথে চলেছে, আমরা কেবল সে পথেই চলবো। কিন্তু তাদের বাপ-দাদারা যদি কোন কথা বুঝতে না পেরে থাকে এবং তারা যদি সৎপথে না চলে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে?” (বাকারা: ১৭০)

সাধারণভাবে প্রত্যেক যুগের জাহেল লোকেরা এ ধরনের গোমরাহীতে ডুবে থাকে। হযরত মূসা (আঃ) যখন সেই যুগের লোকদেরকে আল্লাহর শরীয়তের প্রতি দাওয়াত দিয়েছিলেন তখনও তারা একথাই বলেছেনঃ "আমাদের বাপ-দাদারা যে পথে চলেছে তুমি কি সেই পথ হতে আমাদেরকে ভুলিয়ে নিতে এসেছো?" (ইউনুস: ৭৮) হযরত ইবরাহীম (আঃ) যখন তাঁর গোত্রের লোকদেরকে শিরক হতে ফিরে থাকতে বললেন, তখন তারাও একথটি বলেছিলঃ "আমরা আমাদের বাপ-দাদাকে এই দেবতারই পূজা করতে দেখেছি।” (আম্বিয়া: ৫৩) মোটকথা প্রত্যেক নবীরই দাওয়াত শুনে সেই যুগের লোকেরা শুধু একথাই বলেছে, "তোমরা যা বলছো তা আমাদের বাপ-দাদার নিয়মের বিপরীত। কাজেই আমরা তা মানতে পারি না।" এসব কথা প্রকাশ করার পর আল্লাহ তাআলা বলেন, তোমরা হয় বাপ-দাদারই নিয়ম প্রথার অনুসরণ কর, না হয় খাঁটিভাবে কেবল আমারই হুকুম মেনে চল; কিন্তু এ দুটি জিনিস একত্রে ও এক সাথে কখনও পালন করতে পারবে না। দু'টি পথের মধ্যে মাত্র একটি পথ ধরতে পারবে। মুসলমান হতে চাইলে সবকিছু পরিত্যাগ করে কেবল আমার হুকুম পালন করে চলতে থাক।

তৃতীয় পথ হচ্ছেঃ মানুষ যখন আলাহর হুকুম ছেড়ে দিয়ে মানুষের হুকুম পালন করতে শুরু করে এবং ধারণা করে যে, অমুক ব্যক্তির হাতে আমার রিযক, কাজেই তার হুকুম অবশ্যই পালন করা উচিত অথবা অমুক ব্যক্তির শক্তি ও ক্ষমতা অনেক বেশী, এজন্য তার কথা অনুসরণ করা আবশ্যক; কিংবা অমুক ব্যক্তি বদ দোয়া করে আমাকে ধ্বংস করে দিবে অথবা অমুক ব্যক্তি আমাকে নিয়ে বেহেশতে যাবে, কাজেই সে যা বলে তা নির্ভুল মনে করা কর্তব্য অথবা অমুক আলেমরা আমার দলের নেতা অনেক জ্ঞানবান ব্যক্তিবর্গ উনারা যা বলে তা নির্ভুল, উনারা কোন ভুলই করতে পারে না, উনারা কি কম জানে অতএব তাদের হুকুম অবশ্যই পালন করা উচিত (যদিও তারা শিরকের পথে নিয়ে যায়) অথবা এই দলের মাধ্যমে আমি ইসলামে এসেছি (যদিও দলের কর্মসূচী শিরর্কের সাথে মিশে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে) অতএব আমি এ দল কখনও ছাড়তে পারবো না। অথবা অমুক জাতি আজকাল খুব উন্নতি করছে, কাজেই তাদের নিয়ম অনুসরণ করা উচিত, তখন সে কিছুতেই আল্লাহর হেদায়াত অনুযায়ী কাজ করতে পারে না।

"তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করে চল তাহলে তারা তোমাকে আল্লাহ্র পথ হতে ভুলিয়ে ভ্রান্ত পথে নিয়ে যাবে।" (আনআম ১১৬)

অর্থাৎ মানুষ সোজা পথে ঠিক তখনই থাকতে পারে যখন তার আল্লাহ্ কেবলমাত্র একজনই হবে। যে ব্যক্তি শত শত এবং হাজার হাজার লোককে 'রব' বলে স্বীকার করবে সে সোজা পথ কখনই পেতে পারে না। ওলেমা, মাশায়েখ, আমীর, দল, নেতাকে তাকলিদ বা অন্ধ অনুসরণের মাধ্যমে তাদের ইবাদত করা শুরু করে মানুষ। এরশাদ হচ্ছে

"তারা নিজেদের ওলামা-মাশায়েখদেরকে আল্লাহ্র পরিবর্তে নিজেদের রব বানিয়ে নিয়েছিলো, এমনি করে মসীহ ইবনে মারিয়ামকেও। অথচ তাদের এক ইলাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নির্দেশ দেয়া হয় নি। (তওবা: ৩১)

আদি ইবনে হাতিম (রাঃ) (যিনি ইসলাম গ্রহণের পূর্বে নাসারা ছিলেন) রাসূলুল্লাহকে (সাঃ) জিজ্ঞাসা করেছিলেন আমরা তো কখনো ওলামা-মাশায়েখ, পাদ্রী পুরোহিতদের পূজা করি নি। জবাবে রাসূল (সাঃ) বলেছিলেন; তারা যে জিনিসকে হালাল জ্ঞান করেছে, তোমরা কি তাকে হালাল জ্ঞান কর নি? আর তারা যে জিনিসকে হারাম করেছিল, তোমরা কি তাকে হারাম বানিয়ে নাও নি? (আহমদ, আত-তিরমিজী, ইবনে জারীর)

উপরোক্ত আয়াত ও হাদীসে রাসূল (সাঃ) থেকে জানলাম যে, আলেম ও নেতাদের অনুসরণের একটা সীমা রয়েছে। যখনই তারা আল্লাহর দেয়া সীমা অতিক্রম করে মানুষকে (অনুসারিদের) শিরক কুফর করার বা হালাল হারাম পরিবর্তন করার নির্দেশ দেয় তখনই আবুল হাকাম (জ্ঞানের পিতা) পরিণত হয় আবু জেহেলে (মূর্খের পিতায়)। অর্থাৎ এই সকল আলেম, নেতা ও পীরেরা আল্লাহর দাস হওয়া সত্ত্বেও আল্লাহর রব হিসেবে যে অধিকার (হালাল-হারামের বিধান দেওয়া) তা নিজেরা পরিবর্তন করে নিজেদের মনের মত করে হালাল হারামের সংজ্ঞা দেয় এবং সীমালংঘনকারী তাগুতে পরিণত হয়। যারা তাদেরকে অনুসরণ করল তারা আল্লাহকে বাদ দিয়ে ঐ সমস্ত সীমালংঘণকারী তাগুতদেরকে নিজেদের ইলাহ বানিয়ে মুশরিকে পরিণত হয়। তাই আলেম যা বলল তা দলিল নয় বরং আলেম যা বলল তা প্রমাণের জন্য কুরআন সুন্নাহর দলিল দরকার। যদি মনে করি এত বড় আলেম ভুল বলল তবে মনে রাখা দরকার যে শুধুমাত্র রাসূল (সাঃ) মাসুম ছিলেন এবং তাকেই একমাত্র অনুসরণ করা যাবে আর কেউ নয়। ইবলিসও অনেক বড় আলেম এবং আবেদ ছিল কিন্তু সবচেয়ে বড় পথভ্রষ্টতা তার দ্বারাই শুরু।

অনেকে মনে করে এই দলে এসে আমি ইসলাম পেয়েছি। অতএব যাই হোক এই দল ছাড়া আমার পক্ষে সম্ভব নয় যদিও দলের কর্মসূচী শিরকের সাথে মিশে একাকার হয়ে গেছে। এই লোক আল্লাহকে আল-হাদী (হেদায়েত দানের একমাত্র অধিকারী) না ভেবে দল তাকে হেদায়াত দিয়েছে ভাবে অর্থাৎ আল্লাহ তায়ালার জায়গায় তার দল তার ইলাহতে পরিণত হয়।

এই তিনটি বড় বড় 'দেবতা' মানুষের ইলাহ হবার দাবী করে বসে আছে। যে ব্যক্তি মুসলমান হতে চায় তাকে সর্বপ্রথম এই তিনটি 'দেবতাকেই' অস্বীকার করতে হবে। কিন্তু যে ব্যক্তি এ তিন প্রকারের দেবতাকে, নিজের মনের মধ্যে বসিয়ে রাখবে এবং এদের হুকুম মত কাজ করবে, আল্লাহর প্রকৃত বান্দাহ হওয়া তার পক্ষে বড়ই কঠিন। ওপরে যে তিনটি 'দেবতার' উল্লেখ করছি, এদের দাসত্ব করাই হচ্ছে আসল শিরক। আপনারা পাথরের দেবতা ভাংগিয়েছেন, ইট ও চুনের সমন্বয়ে গড়া মূর্তি ও মূর্তিঘর আপনারা ধ্বংস করেছেন; কিন্তু আপনাদের বুকের মধ্যে যে মূর্তিঘর বর্তমান রয়েছে, সেই দিকে আপনারা মোটেই খেয়াল করেননি। অথচ মুসলমান হওয়ার জন্য এ মূর্তিগুলোকে একেবারে চূর্ণ করে দেয়াই হচ্ছে সর্বাপেক্ষা দরকারি কাজ ও সর্বপ্রথম শর্ত।

📘 তাগুত > 📄 আল্লাহর হুকুম পালন করা দরকার কেন

📄 আল্লাহর হুকুম পালন করা দরকার কেন


একজন মানুষ জিজ্ঞেস করতে পারে যে, আল্লাহর হুকুম পালন করারূদরকারটা কি? তিনি কি আমাদের আনুগত্য পাবার মুখাপেক্ষী? দুনিয়ার রাজা-বাদশাহরা যে রকম নিজেদের হুকুমাত চালাবার জন্য লালায়িত, আল্লাহ্ কি তেমন লালায়িত?

দুনিয়ার রাষ্ট্রপ্রধান রাজকর্মচারীগণ তো শুধু নিজেদেরই স্বার্থের জন্য লোকদের ওপর তাদের হুকুমাত চালায়- কিন্তু আল্লাহ তাআলার কোন স্বার্থ নেই, তিনি সকল রকম স্বার্থের নীচতা হতে পবিত্র। প্রাসাদ তৈরি করা, মোটর গাড়ী ক্রয় করা কিংবা আপনাদের টাকা-পয়সায় বিলাস-ব্যসন বা আরাম-আয়েশের সামগ্রী সংগ্রহ করার কোন প্রয়োজনই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নেই। তিনি পাক, তিনি কারো মোহতাজ বা মুখাপেক্ষী নন। দুনিয়ার সবকিছুই তাঁর, সমস্ত ধন-সম্পদের তিনিই একমাত্র মালিক। তিনি আপনাদেরকে তাঁর হুকুম মেনে চলতে এবং তাঁর আনুগত্য করতে বলেন, শুধু আপনাদেরই মংগলের জন্য- আপনাদেরই কল্যাণ করতে চান তিনি। তিনি মানুষকে 'আশরাফুল মাখলুকাত' করে সৃষ্টি করেছেন, তাঁর এ শ্রেষ্ঠ মাখলুক বা বিরাট সৃষ্টি মানুষেরা শয়তানের গোলামী করুক, অন্য মানুষের দাস হোক এটা তিনি মোটেই পছন্দ করেন না।

"হে আদম সন্তানগণ! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের ইবাদত করোনা, কেননা, সে তোমাদের প্রকাশ্য দুশমন"। (ইয়াসীন: ৬০)

তিনি যে মানুষকে দুনিয়ায় তাঁর প্রতিনিধি বানিয়েছেন, তারা মূর্খতার অন্ধকারে ঘুরে মরুক এবং পশুর মত নিজেদের ইচ্ছানুযায়ী চলে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হোক-এটাও তিনি চান না। এজন্যই তিনি মানুষকে বলেছেনঃ

"দ্বীন ইসলামের ব্যাপারে কোন জোর-যবরদস্তি নেই। হেদায়াতের সোজা পথ গোমরাহীর বাঁকা পথ হতে ভিন্ন করে একেবারে পরিষ্কার করে দেখানো হয়েছে। এখন তোমাদের মধ্যে যারাই মিথ্যা ইলাহ এবং ভ্রান্ত পথে চালনাকারীদেরকে (তাগুত) ত্যাগ করে কেবল এক আল্লাহ্ প্রতিই ঈমান আনবে, তারা এত মযবুত রজ্জু ধারণ করতে পারবে, যা কখনই ছিঁড়ে যাবার নয়। আলাহ্ সবকিছুই শুনতে পান এবং সবকিছুই তিনি অবগত আছেন। যারা ঈমান আনলো তাদের রক্ষাকারী হচ্ছেন আল্লাহ্ তাআলা, তিনি তাদেরকে অন্ধকার হতে মুক্তি দান করে আলোকের উজ্জলতম পথে নিয়ে যান। আর যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে রক্ষা করার ভার তাদের মিথ্যা তাগুত ও গোমরাহকারী নেতাদের ওপর অর্পিত হয়। তারা তাদেরকে আলো হতে পথভ্রষ্ট করে অন্ধকারে নিমজ্জিত করে। তারা দোযখে যাবে ও সেখানে তারা চিরদিন থাকবে।" -(বাকারাহ: ২৫৬-২৫৭)

আল্লাহকে ছেড়ে অন্যান্য মিথ্যা ইলাহর হুকুম মানলে ও তাদের আনুগত্য করলে মানুষ কেন অন্ধকারে নিমজ্জিত হয়, আর কেবল আল্লাহর আনুগত্য করলেই কেন আলোকোজ্জল পথ লাভ করা যাবে তা আপনাদের বিচার করে দেখা প্রয়োজন।

আপনারা দেখছেন, দুনিয়ায় আপনাদের জীবন অসংখ্য রকম সম্পর্কের সাথে জড়িত। আপনাদের প্রথম সম্পর্ক আপনাদের দেহের সাথে। হাত, পা, কান, চোখ, জিহবা, মন, মগজ এবং পেট সমস্ত আল্লাহ্ তাআলা আপনাদেরকে দান করেছেন আপনাদের খেদমত করার জন্য। কিন্তু এগুলো দ্বারা আপনারা কিভাবে খেদমত নিবেন, তা আপনাদেরই বিচার করতে হবে। এরা সবাই আপনার চাকর এদের দ্বারা আপনি ভাল কাজও করাতে পারেন, আর পাপের কাজও করাতে পারেন। এরা আপনার কাজ করে আপনাকে উচ্চতম মর্যাদার মানুষেও পরিণত করতে পারে আবার এরা আপনাকে জন্তুর চেয়েও নিকৃষ্ট ও নীচ জীবও বানিয়ে দিতে পারে।

অতঃপর আপনার নিকটতম সম্বন্ধ আপনার ঘরের লোকদের সাথে--বাপ-মা, ভাই-বোন, স্ত্রী, ছেলে-মেয়ে ও অন্যান্য আত্মীয়-স্বজন সকলের সাথে। এদের ওপর আপনার কি 'হক' (অধিকার) আছে এবং আপনার ওপরই বা এদের কি অধিকার আছে, তা আপনার ভাল করে জেনে নেয়া দরকার। মনে রাখবেন, এদের সাথে আপনার ব্যবহার সুষ্ঠু হওয়ার ওপরই আপনার দুনিয়া ও আখেরাতের সুখ-শান্তি ও সফলতা নির্ভর করে।

এরপর আসে দুনিয়ার অন্যান্য অগণিত লোকের সাথে আপনার সম্পর্কের কথা। অনেক লোক আপনার পাড়া-পড়শী, বহুলোক আপনার বন্ধু, কতগুলো লোক আপনার দুশমন। আপনি কারোও কাছ থেকে কিছু গ্রহণ করেন এবং কাউকে আপনি কিছু দেন। কেউ আপনার বিচারক আর আপনি অন্য কারো বিচারক। আপনি কাউকে হুকুম দেন আবার আপনাকে কেউ হুকুম দেয়। আপনাকে এমনভাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যেন আপনি কারো হক নষ্ট করেননি, কারোও ওপর যুলুম করেননি, কেউ আপনার বিরুদ্ধে কোন নালিশ করে না, কারোও জীবন নষ্ট করার দায়িত্ব আপনার ওপর নেই এবং কারো জান-মাল ও সম্মান আপনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করেননি।

এখন আপনারা চিন্তা করুন যে, আপনাদের দেহের সাথে, আপনার পরিবারের লোকদের সাথে এবং দুনিয়ার অন্যান্য সমস্ত লোকের সাথে সঠিক সম্পর্ক রাখার জন্য জীবনের প্রতি ধাপে আপনার জানা চাই যে, কোনটা মিথ্যা? সুবিচার কি এবং যুলুম কি? আপনার ওপর কার কি পরিমাণ অধিকার আছে এবং আপনারই বা কার ওপর কি পরিমাণ অধিকার আছে? কিন্তু এসব কিছুর জ্ঞান আপনি কোথায় পেতে পারেন? এটা যদি আপনি আপনার মনের কাছে জানতে চান, আপনার মন নিজেই অজ্ঞ ও মূর্খ, নিজের স্বার্থ ও অসৎ কামনা ছাড়া আর কিছু জানা নেই। সে তো বলবেঃ মদ খাও, যেনা কর, হারাম উপায়ে টাকা রোযগার কর। কারণ এসব কাজে খুবই আনন্দ আছে। সে বলবে, সকলেরেরই হক মেরে খাও, কাউকে হক দিও না। কারণ তাতে লাভ ও আছে, আরাম ও আছে। মন যা চায়, যদি কেবল তাই করেন, এতে আপনার দ্বীন-দুনিয়া সবকিছু নষ্ট হবে।

দ্বিতীয় উপায় হচ্ছে এই যে, আপনারই মত অন্য মানুষের ওপর একান্তভাবে নির্ভর করবেন তারা যেদিকে চালায়, আপনি অন্ধভাবে সেদিকেই চলবেন। এ পথ যদি অবলম্বন করেন, তবে কোন স্বার্থপর লোক এসে আপনাকে তার নিজের ইচ্ছামত পরিচালিত এবং নিজের স্বার্থোদ্বারের জন্য ব্যবহার করতে পারে, এর খুবই আশংকা আছে। অথবা কোন যালেম ব্যক্তি আপনাকে হাতিয়ার স্বরূপ গ্রহণ করে আপনার দ্বারা অন্যের ওপর যুলুম করাতে পারে। মোটকথা, অন্য লোকের অনুসরণ করলেও আপনি জ্ঞানের সেই জরুরী আলো লাভ করতে পারেন না, যা আপনাকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে, ন্যায় ও অন্যায় বলে দিতে পারে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

এরপর যেখান থেকে আপনি আপনার এ অত্যাবশ্যক জ্ঞানের আলো লাভ করতে পারেন। সেই উপায়টি হচ্ছে আপনার ও নিখিল জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবকিছুই অবগত আছেন, সবকিছুই দেখতে পান, প্রত্যেকটি জিনিসের প্রকৃতি তিনি ভাল করেই জানেন ও বুঝেন। একমাত্র তিনিই বলে দিতে পারেন যে, কোন জিনিসে আপনার প্রকৃত উপকার, আর কোন জিনিসে আপনার আসল ক্ষতি হতে পারে, কোন কাজ আপনার করা উচিত, কোন কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলার কোন কিছুর অভাব নেই, তাঁর কোন স্বার্থ নেই, তিনি কারোও মুখাপেক্ষী নন। তাঁর কোন জিনিসের প্রয়োজন নেই। তিনি ধোঁকা দিয়ে (নাউযুবিল্লাহ) আপনার কাছ থেকে তাঁর নিজের কোন স্বার্থ আদায় করবেন না। কারণ তিনি পাক-পবিত্র, তিনি সবকিছুর মালিক, তিনি যা কিছু পরামর্শ দিবেন তার মধ্যে তাঁর নিজের স্বার্থের কোন গন্ধ নেই এবং তা কেবল আপনারই উপকারের জন্য। এছাড়া আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি কখনও কারো ওপর অবিচার করেন না। কাজেই তাঁর সকল পরামর্শ নিশ্চয়ই নিরপেক্ষ, ন্যায় ও ফলপ্রসূ হবে। তাঁর আদেশ অনুযায়ী চললে আপনার নিজের ওপর বা অন্য কারো ওপর কোন যুলুম হবার আশংকা নেই।

আল্লাহ তাআলার কাছ থেকে যে আলো পাওয়া যায়, তা থেকে কল্যাণ লাভ করা দু'টি জিনিসের ওপর একান্তভাবে নির্ভর করে। প্রথম জিনিস এই যে, আল্লাহ তাআলা এবং তিনি যে নবীর মাধ্যমে এ আলো পাঠিয়েছেন সেই নবীর প্রতি আপনাকে প্রকৃত ঈমান আনতে হবে, আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, আল্লাহর কাছ থেকে তাঁর রাসূল যে বিধান ও উপদেশ নিয়ে এসেছেন, তা সম্পূর্ণ সত্য; তার সত্যিকার উপকারিতা যদি আপনি অনুভব করতে না-ও পারেন তবুও আপনাকে একথা বিশ্বাস করতে হবে।

দ্বিতীয়ত ঈমান আনার পর আপনি আপনার জীবনের প্রত্যেকটি কাজেই আল্লাহর সেই বিধান অনুসরণ করে চলবেন। কারণ তাঁর প্রতি ঈমান আনার পর কার্যত তাঁর অনুসরণ না করলে সেই আলো হতে কিছুমাত্র ফল পাওয়া যেতে পারে না। মনে করুন, কোন ব্যক্তি আপনাকে বললো, অমুক জিনিসটি বিষ, তা প্রাণীর প্রাণ নাশ করে; কাজেই তা খেও না। আপনি বললেন, হাঁ ভাই, তুমি যা বলেছ তা খুবই সত্য, তা যে বিষ এবং তা প্রাণ ধ্বংস করে, তাতে কিছুমাত্র সন্দেহ নেই। কিন্তু এ সত্য জেনে-শুনে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করেও আপনি তা খেলেন। এখন বিষের যা আসল ক্রিয়া তা তো হবেই। জেনে খেলেও হবে, না জেনে খেলেও হবে। আপনাকে যে কাজের হুকুম দেয়া হয়েছে, কেবল মুখে মুখে তাকে সত্য বলে স্বীকার করেই বসে থাকবেন না বরং তাকে কাজে পরিণত করবেন। আর যে কাজ করতে আপনাকে নিষেধ করা হয়েছে, শুধু মুখে মুখে তা থেকে ফিরে থাকার কথা মেনে নিলে চলবে না, বরং আপনার জীবনের সমস্ত কাজ-কারবারেই সেই নিষিদ্ধ কাজ হতে ফিরে থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বার বার বলেছেনঃ

"আল্লাহ ও রাসূলের হুকুম মেনে চল।" (আন নিসা: ৫৯)

"যদি তোমরা রাসূলের অনুসরণ কর, তবেই তোমরা সৎপথের সন্ধান পাবে।" (সূরা আন নূর: ৫৯)

"যারা আমার রাসূলের হুকুমের বিরোধিতা করছে, তাদের ভয় করা উচিত যে, তাদের ওপর বিপদ আসতে পারে।" -(সূরা আন নূরঃ ৬৩)

শেখ জায়েদ ফাহিম (জুনায়েদ) এ প্রসঙ্গে বলেন, কেবল আল্লাহ এবং তাঁর রাসূলেরই আনুগত্য করা উচিত; এর অর্থ এই নয় যে, কোন মানুষের হুকুম আদৌ মানতে হবে না। অন্য যে কোন বৈধ আনুগত্য প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য কেননা আল্লাহ ব্যতীত অন্যদের আনুগত্য করার জন্য কিছু শর্ত রয়েছে।

১) আমরা শুধুমাত্র তারই আনুগত্য করতে পারি যার আনুগত্য করার হুকুম স্বয়ং আল্লাহ দিয়েছেন: যেমন খলিফাহ (আমীরুল মুমিনীন এবং শুধুমাত্র তার নিয়োগকৃত আমীরগণ), পিতামাতা, স্বামী ইত্যাদি। যখনই আল্লাহ তাঁর ছাড়া অন্য কারো আনুগত্য করার কথা বলেছেন তখনই সেই আনুগত্যকে তিনি তাওহীদ অথবা শরীয়াহ অথবা তার নিজের আনুগত্যের সাথে সম্পর্কিত করেছেন।

"আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে ভাল ব্যবহার কর।” (আল-বাকারাহঃ ৮৩)

"আমরা মানুষকে নিজেদের পিতামাতার সাথে ভাল ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কিন্তু তারা যদি আমার সাথে এমন কোন (মাবুদকে) শরীক বানানোর জন্য চাপ দিয়ে থাকে যাকে তুমি (আমার শরীক) বলে জান না, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না আমারই দিকে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদিগকে জানাব যে তোমরা কি করছিলে!" (লোকমানঃ ১৫)

এই একই নিয়ম রাসূল (সাঃ) এর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। “যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের (সাঃ) আনুগত্য করবে সে সেইসব লোকদের সংগী হবে যাদের প্রতি আল্লাহ তায়ালা নিয়ামত দান করেছেন তারা হচ্ছে আম্বিয়া, সিদ্দীক, শহীদ ও সৎলোকগণ।" (আন-নিসা ৬৯)

পক্ষান্তরে "যে আল্লাহ ও রাসূলের (সাঃ) নাফরমানী (অবাধ্যতা) করবে এবং তার নির্ধারিত সীমাসমূহকে লংঘন করবে তাকে আল্লাহ আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে সব সময় থাকবে আর ইহা তার জন্য অপমানকর শাস্তি বিশেষ”। (আন-নিসা ১৪)

অনেক আয়াতে রাসূল (সাঃ) যে আল্লাহ সুবহানুতায়ালার কর্তৃত্ব ও হুকুমের অধীন তা পরিষ্কারভাবে দেখানো হয়েছে। আল্লাহ বলেনঃ "হে নবী! আল্লাহকে ভয় কর এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না।" (আহযাব-১)

অধিকন্তু নবীর আনুগত্য শর্তহীন কেননা নবী (সাঃ) কাজ করতেন ওহীর ভিত্তিতে ও তার হুকুম ও ছিল ওহীর ভিত্তিতে। "যে রাসূলের (সাঃ) আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করল।" (নিসা: ৪০)

এবং নবী (সাঃ) বলেন: "যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল এবং যে আমার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল এবং যে আমার আমীরের (খলীফা বা আমীরুল মুমেনীন এবং তার নিয়োগকৃত বৈধ আমীরগণ) আনুগত্য করল সে আমার আনুগত্য করল এবং যে আমার আমীরের অবাধ্যতা করল সে আমার অবাধ্যতা করল।" (বুখারী কিতাবুল আহকাম এবং মুসলিম কিতাবুল ইমারাহ)

আল হারিস আল আশয়ারী রাসূল (সাঃ) থেকে বর্ণনা করেছেন আল্লাহ আমাকে পাঁচটি কাজের হুকুম দিয়েছেন এবং আমি তোমাদেরকে পাঁচটি কাজের হুকুম দিচ্ছি। শুনা ও মানা, জিহাদ, হিজরাত ও জামায়াতবদ্ধ হওয়া কেননা যে আল-জামায়াহ (সমস্ত দুনিয়ার মুসলিমদের শুধুমাত্র একটি শরয়ী জামায়াহ বা জামায়াতুল মুসলিমীন) থেকে এক বিঘত দূরে সরে যায় সে ইসলামের রজ্জু গলা থেকে খুলে ফেলে। (আহমাদ ৪/১৩০,২০২)

শেষোক্ত দুই হাদীসে দেখানো হয়েছে যে খলিফার আনুগত্যের মাঝে নবীর আনুগত্য ও নবীর আনুগত্যের মাঝে আল্লাহর আনুগত্য নিহিত। এটা এই আয়াত থেকে পরিষ্কারঃ "হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো এবং সে সব লোকদেরও আনুগত্য করো, যারা তোমাদের মধ্যে দায়িত্ব সম্পন্ন। আর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, তাহলে মীমাংসার জন্য বিষয়টিকে আল্লাহ্ ও তাঁর রাসুলের নিকট প্রত্যার্পন করো যদি তোমরা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ঈমান এনে থাকো। এটাই মঙ্গলজনক এবং পরিণতির দিক দিয়ে এটাই উত্তম।" (সূরা নিসা-৫৯)

[ বিঃ দ্রঃ এখানে একটা বিষয় বুঝা অত্যন্ত জরুরী। উলিল আমর বা আমীরের আনুগত্য বলতে কি বুঝানো হয়েছে তা পরিষ্কার হওয়া প্রয়োজন। বর্তমান সময়ে যে কেউ একটা নাম দিয়ে ইসলামী দল বা ফেরকা বানিয়ে নেয় আর আমির হয়ে এ আয়াত দেখিয়ে মুসলিম জনগণের বা তার অনুসারীদের কাছে আনুগত্য দাবি করে ও বলে আল্লাহ্ তাকে আনুগত্য করতে বলেছে এবং তার আনুগত্য না করলে জাহান্নাম যেতে হবে ইত্যাদি। এ প্রসঙ্গে হুদাইফাহ্ বিন আল-ইয়ামান (রাঃ) থেকে দুটি সহীহ হাদিস গ্রন্থে (বুখারী ও মুসলিম) বর্ণিত একটা দীর্ঘ হাদীসের অংশ বিশেষ তুলে ধরছি। হুযাইফা (রাঃ) বলেনঃ তারপর আমি (হুদাইফাহ্ বিন আল-ইয়ামান) জিজ্ঞেস করলাম ঐ আংশিক ভালোর পর কি আবার মন্দ আসবে? তিনি (সাঃ) জবাব দিলেন “হ্যাঁ দোজখের আগুনের ফটকের আহবানকারীরা (অর্থাৎ ইসলামীদলের নামধারী ফিরকার নেতারা), যে ব্যক্তিই তাদেরকে ইতিবাচক জবাব দেবে (অর্থাৎ তাদের বানান ইসলামী দলে বা ফিরকায় যোগ দিবে) তারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।” আমি তখন তাকে তাদের সম্পর্কে আমাদের কাছে বিবরণ দিতে বললাম, তিনি বললেন, "তারা আমাদের জাতির লোক হবে, এবং আমাদের ভাষায়ই কথা বলবে।” (অথাৎ মুসলিম জাতির লোক এবং ইসলামের ভাষায় কথা বলবে) আমি তখন তাঁকে জিজ্ঞেস করলাম- আমি যদি সে সময় বেঁচে থাকি তাহলে আপনি আমাকে কি উপদেশ দেবেন, তিনি (সাঃ) বললেন, মুসলমানদের মূল অংশের (জামায়াতুল মুসলিমীন) এবং তাদের ইমামের (খলিফাহ) সাথে লেগে থাকবে।” আমি জিজ্ঞেস করলাম যদি আল জামায়াহ এবং তার ইমাম (খলিফা) না থাকে তাহলে কি করবো। তিনি জবাব দিলেন "সকল দল থেকে বেরিয়ে যাও এমনকি সেক্ষেত্রে যদি তোমাকে তোমার (তুমি যখন তোমার ঐ অবস্থায় থাক) কাছে মৃত্যু না আসা পর্যন্ত গাছের তলায় বসে থাকতে হয় তবুও।” (BUKHAARI English/Arabic: vol. 4 [803] and vol. 9 [206]. MUSLIM [. 4553])

উপরোক্ত হাদীস থেকে পরিষ্কার হয়ে যায় যে, আল-জামায়াহ জামায়াতুল মুসলিমীন এবং তার খলীফা ও তার মনোনীত আমীরের হুকুম পালন আল্লাহর হুকুম পালনেরই নামান্তর। যে কোন ইসলামী দল বা ফিরকার নেতার আনুগত্য আমার জন্য ওয়াজিব নয়। উপরন্তু আল-জামায়াহ বা জামায়াতুল মুসলিমীন এবং তার খলীফাহকে না পাওয়া গেলে এই সকল ইসলামী নামধারী ফেরকা থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে। উপরোক্ত আয়াতসমূহ ও হাদীস থেকে পরিষ্কার হয়ে যায় যে আনুগত্য শুধু তাদেরই করা যাবে যাদের আনুগত্য করার জন্য আল্লাহ্ স্বয়ং নির্দেশ দিয়েছেন।] [কুরআন ও সুন্নাহ দলীল ভিত্তিক আল জামায়াহ ও আমীরুল মুমিনীন বা খলিফা সম্পর্কে জানতে হলে পরবর্তী বই আল জামায়াহ সংগ্রহ করুন।]

২) আমরা শুধুমাত্র সেইসব নির্দেশই মানব যা আল্লাহর হুকুম ও ইসলামের নীতির সাথে সামঞ্জস্যশীল: আলী (রাঃ) রাসূল থেকে বর্ণনা করেন "(আল্লাহর) অবাধ্যতার মাঝে কোন আনুগত্য নেই। আনুগত্য শুধুমাত্র মারুফ কাজে (মুসলিম কিতাবুল ইমারাহ (নং ৪৫৩৬ বুখারী (ইংরেজী ভার্সন ভলিয়ম ৯ নং ২৫৯১)। নওয়াস বিন সামআন নবী (সাঃ) থেকে বর্ণনা করেন "স্রষ্টার অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না।” (ইমাম বাগহাউই শরহে সুন্নাহ [১০/৪৪) আহমদ, আল হাকিম)

৩) আমরা তাদের আনুগত্য করব শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং এই উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে তাদের আনুগত্য করব না : বল- “আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মৃত্যু সবই সারা জাহানের রব আল্লাহ্র জন্য।” (আনআম: ১৬২) "যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অবলম্বন করতে চায় তার সেই পন্থা একেবারেই কবুল করা হবে না এবং পরকালে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।” (ইমরান: ৮৫)

যদি উপরোক্ত ৩টি শর্ত না পাওয়া যায় তাহলে এ সকল লোকের প্রতি আনুগত্য করার ক্ষেত্রে পরিস্থিতির উপর ভিত্তি করে শিরক বা হারাম হতে পারে। যদি এই আনুগত্য আল্লাহর আনুগত্য করার কোন উদ্দেশ্য বা নিয়ত যদি ঐ ব্যক্তির মধ্যে না থাকে তাহলে এটা হবে আনুগত্যের ক্ষেত্রে শিরক এবং তা ইসলাম থেকে বের করে দেয় যদিও যাদের মান্য করা হচ্ছে তারা পিতা-মাতা, স্বামী বা খলীফা হয় এবং তাদের হুকুম ও ইসলামের সাথে সংগতিপূর্ণ হয়।

আসলে এর অর্থ এই যে, আপনারা অন্ধ হয়ে কারো পিছনে চলবেন না। আল্লাহ তাআলা যা কিছু হুকুম আহকাম দিয়েছিলেন, তা সবই এখন পবিত্র-কুরআন ও হাদীসের মধ্যে নিহিত আছে। কিন্তু এ কুরআন শরীফ এমন কোন জিনিস নয়, যা নিজেই আপনাদের সামনে এসে আপনাদরকে আল্লাহর কথা বলবে ও হুকুম দান করবে এবং আপনাদেরকে আল্লাহর নিষিদ্ধ পথ হতে বিরত রাখবে। আল্লাহর মনোনীত বৈধ মানুষই আপনাদেরকে কুরআন ও হাদীস অনুসারে পরিচালিত করবে। কাজেই মানুষের অনুসরণ না করে কোন উপায় নেই। অবশ্য অপরিহার্য কর্তব্য এই যে, আপনারা কোন মানুষের পিছনে অন্ধভাবে চলবেন না। আপনারা সতর্কভাবে শুধু এতটুকুই দেখবেন যে, সেই খলিফা বা আমীরুল মুমিনীন ও উনার নিয়োগকৃত বৈধ আমীরেরা আপনাদেরকে পবিত্র কুরআন ও হাদীস অনুসারে পরিচালিত করে কি না। যদি কুরআন ও হাদীস অনুসারে চালায় তবে তাদের অনুসরণ করা আপনাদের কর্তব্য এবং তার বিপরীত পথে চালালে তাদের অনুসরণ করা পরিষ্কার হারাম।

📘 তাগুত > 📄 ইবাদত কিভাবে করতে হবে

📄 ইবাদত কিভাবে করতে হবে


"আকাশ, পৃথিবী ও দু'য়ের মধ্যবর্তী বিষয়গুলোকে আমরা ছেলেখেলার জন্যে সৃষ্টি করিনি। যদি খেলনা তৈরী করাই আমাদের উদ্দেশ্য হতো, তাহলে (অন্যবিধ উপায়ে) খেলার সরঞ্জাম সৃষ্টি করতাম।” (আম্বিয়া ১০-১২)

এই আয়াত থেকে বুঝা গেল স্রষ্টা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার অগণিত নিয়ামক আমাদের ভোগ করতে দিয়েছেন। তিনি আমাদের থেকে যা চান তা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা শুধু উনার হুকুমের অনুসরণ করব অর্থাৎ শুধুমাত্র উনার ইবাদত করব। ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব (Pleasure of Allah s.w.t) এবং উনি সন্তুষ্ট হলে আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবো এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে। এখন একজন ইহুদী, খৃষ্টান, বৌদ্ধ কিংবা হিন্দুকে জিজ্ঞাস করেন কেন দুনিয়াতে এসেছে? তারাও কিন্তু আপনাকে বলবে 'গড' বা ঈশ্বর 'ভগবানের' ইবাদত করতে এসেছি। তাহলে সমস্যাটা কোথায়? খ্রীস্টানদের দেখুন 'গড' এর সন্তুষ্টির জন্য পাদ্রী এবং নানরা বিয়ে করা ছেড়ে দিয়েছে। হিন্দু সন্নাসীদের দেখুন 'ভগবানের' সন্তুষ্টির জন্য উচ্চ মর্যাদার (হিন্দুদের মাঝে) পুরোহিতরা পশুর ন্যায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। এদের এ সকল আত্মদানে কি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে? কখনও নয় এরা সকলে شر البرية (শাররুল বাড়িয়া) বা নিকৃষ্টতম জীব (Worst of creatures) কারণ তারা আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত ইবাদতের পন্থা উদ্ভাবন করে নিয়ে নিজেরা আমল করছে এবং তাদের অনুসারীদেরকে এ সকল ভ্রান্ত আমলের দিকে ডাকছে। "রাহবানিয়াত (অত্যধিক ভয়ের কারণে গৃহীত কৃচ্ছসাধনা ও বৈরাগ্য নীতি) তারা নিজেরাই রচনা করে নিয়েছে। আমরা তাদের উপর এ নীতি লিখে ফরয করে দেইনি। বরং আল্লাহর সন্তুষ্টি সন্ধানে তাহারা নিজেরাই এই 'বিদ'আত' বানাইয়াছে।" (আল হাদীদ: ২৭)

অতএব পরকালে এদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এদের সম্পর্কে কোরআনে বলেনঃ

"বলুন : আমি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। তারাই সে লোক, যাদের প্রচেষ্টা পার্থিবজীবনে বিভ্রান্ত হয়; অথচ তারা মনে করে যে, তারা সৎকর্ম করছে।” [সূরা কাহাফ ১০৩-১০৪]

অর্থাৎ 'ইবাদত' করতে হবে ইলাহর ইচ্ছা অনুযায়ী দলিল মোতাবেক (কুরআন ও সুন্নাহর নির্দেশিত পদ্ধতিতে)। নিজের আলেম, পুরোহিত, পাদ্রী, বুজুর্গ, বাপ, দাদার এবং নিজের নফসের ইচ্ছা অনুযায়ী নয়। যিনি রব, মালিক ইলাহ তার ইচ্ছানুযায়ীই তার বান্দাকে চলতে হবে। এরশাদ হচ্ছেঃ

"তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহ্ আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া একনিষ্টভাবে তাঁহার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও যাকাত দিতে, ইহাই সঠিক দ্বীন।" [বাইয়্যিনাহ ০৫]

"বল, "হে অজ্ঞ ব্যক্তিরা! তোমরা কি আমাকে আল্লাহ্ ব্যতীত অন্যের ইবাদত করতে বলছো?" [আয যুমার: ৬৪]

আল্লাহর ইচ্ছানুযায়ী ইবাদত করতে হবে বুঝলাম কিন্তু আল্লাহর ইচ্ছা কোনটি কিভাবে বুঝবো। আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন:

"আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর না কোন ভয় আসবে, না (কোন কারণে) তারা চিন্তাগ্রস্ত ও সন্তস্ত্র হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী; অনন্তকাল সেখানে থাকবে।” (আল-বাকারা: ৩৮-৩৯)

প্রত্যেক রাসূল আল্লাহ্ তাআলার তরফ থেকে শরীয়ত ও কিতাব প্রাপ্ত হয়েছেন। কিন্তু কোন নবীই শরীয়ত ও কিতাব প্রাপ্ত হননি। তাঁরা শুধু রাসূলদের আনীত কিতাবের মাধ্যমেই তাঁদের উম্মতদেরকে পরিচালিত করতেন। অর্থাৎ সব রাসূলই নবী ছিলেন কিন্তু সব নবী রাসূল (কিতাব ও শরীয়াত প্রাপ্ত) ছিলেন না। অর্থাৎ প্রত্যেক যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নবী ও রাসূল পাঠিয়ে তাদেরকে তার ইবাদতের পন্থা বলে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন কিভাবে তিনি ইবাদত চান। "প্রতিটি কওমের জন্য রয়েছে পথ প্রদর্শক।” [রাদ: ০৭] "কোন রাসূল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেই না।” (বনী ইসরাইল: ১৫) এখন আমাদের বুঝতে হবে ইবাদত করতে হলে দলিল দরকার আর দলিল হল আসমানি কিতাব (কুরআন) ও নবীর সুন্নাহ। রাসূল (সাঃ) আসার পূর্ব পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন এবং তারা যে সকল আসমানি কিতাব রবের কাছ থেকে নিয়ে এসেছেন তা সেই সকল নবী ও রাসূলের নিজ নিজ উম্মতের জন্য ছিল এবং যেগুলো সবই বাতিল হয়ে গেছে কুরআন নাযিলের পর। কারণ প্রথমত পূর্ববর্তী কিতাবগুলিকে আলেম ও পাদ্রীরা বিকৃত করে ফেলেছে এবং দ্বিতীয়ত শেষ নবী রাসূল (সাঃ) যে শরীয়ত নিয়ে এসেছেন আল কুরআন যা পূর্ববর্তী সকল কিতাবকে পরিত্যক্ত ঘোষণা করেছে।

"আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করিলাম হাদিস ওমর (রাঃ) ও।" [সূরা মায়েদা : ৩]

"নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথনির্দেশ, দয়া ও সুসংবাদস্বরূপ (হে নবী) তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। (নাহল: ৮৯)

এই আয়াতগুলি থেকে বুঝতে পারলাম যে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তারই ইবাদত করার জন্য আমাদের জন্য একটি শরীয়াত এবং একটি কর্মপথ নির্দিষ্ট করে দিয়েছেন এই কুরআনে। অর্থাৎ তিনি কিভাবে আমাদের কাছ থেকে ইবাদত চান তার জন্য আল-কোরআন নাযিল করেছেন এবং রাসূল (সাঃ)-কে প্রেরণ করেছেন যেন তিনি দেখিয়ে দিয়ে যান কিভাবে আল-কুরআন মোতাবেক ইবাদত করতে হবে। অর্থাৎ আল-কুরআন হল থিওরী এবং আল-হাদীস (সহীহ) হল প্রাকটিক্যাল।

হযরত ইয়াযীদ ইবনে বাবনুস (রঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (সাঃ) এর চরিত্র কেমন ছিল? উত্তরে তিনি বলেনঃ "কুরআনই ছিল রাসূলুলাহ (সাঃ)-এর চরিত্র।” (আহমদ, তিরমিযী, নাসাঈ)

এখন কিয়ামত পর্যন্ত আমাদরেকে আল্লাহ্ সুবহানাহু তায়ালা বানী হিসেবে শুধু আল-কুরআনকে অনুসরণ করতে হবে এবং রাসূল (সাঃ) এর সুন্নাহকে মেনে নিতে হবে। ইহুদী খ্রীষ্টানরা যে বানী অনুসরণ করে তা বিকৃত হয়ে গেছে এবং তা বিকৃত হবার যথেষ্ট দলিল প্রমাণ রয়েছে। তারা নিজেরাই দ্বিধাবিভক্ত কোনটা অনুসরণ করবো নিউ টেষ্টামেন্ট না ওলড টেষ্টামেন্ট। তারা বুঝে উঠতে পারছে না তিন গড কিভাবে আবার এক গড হয়ে যায়। তাদের লোকদের দ্বারা বিকৃত করা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর ভারসাম্যহীন কথা বার্তা। তাদের কিতাবের অবিকৃত থাকার কোন সনদ নাই। অথচ আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ ভারসাম্য পূর্ণ কিতাব। আল্লাহ্ সুবহানাহু তায়ালা নিজেই একে বিকৃতির হাত থেকে রক্ষা করার ওয়াদা করেছেন এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে।

"আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক।" [সূরা হিজর : ৯]

একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। ধরুন দুনিয়াতে যত কিতাব আছে কোরআন সহ সব এক জায়গায় একত্রিত করে আটকে রাখি। এবার ঠিক যেইভাবে ছিল পূণর্বার বিন্দুমাত্র পরিবর্তন না করে দুনিয়ার কোন কিতাবটা আবার অবিকল লিখে রাখা সম্ভব তা বলতে পারেন কি? তা হল আল কোরআন। কারণ আল্লাহ সুবহানাহু তায়ালা আল কুরআনকে হেফাযত করবেন বলেছেন আর তিনি হেফাজত করেছেন মানুষের অন্তরে হেফয করার মাধ্যমে। দুনিয়াতে বর্তমানে দুই কোটি হাফেজ রয়েছে। দিন দিন আল্লাহর রহমতে হাফেজ বেড়েই চলছে কমছে না। দুনিয়ার অন্য কোন কিতাবের হাফেজ নেই। যার ফলে কোরআন বিকৃত হওয়ার কোন সম্ভাবনা নেই এবং তা শয়তানের দল চাইলেও করতে পারছে না, সাথে সাথে ধরে ফেলা হচ্ছে (সুবহান আল্লাহ্)। এছাড়াও সম্পূর্ন বিজ্ঞানময় কোরআন। ১৪০০ বৎসর আগে রাসূল (সাঃ) যে অহি নিয়ে এসেছিলেন তা আজও জ্ঞান বিজ্ঞানের রহস্য উম্মোচনে প্রধান হাতিয়ার। বিজ্ঞানের অনেক নতুন থিওরী আসে আবার অনেকগুলি ভুল প্রমাণিত হয়ে অতল গহবরে তলিয়ে যায়। অথচ কোরআনে মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যা কিছু বলে দিয়েছেন তাই অনন্ত সত্য ও অপরিবর্তনীয়। তেমনি হিন্দু, বৌদ্ধ, শিখ থেকে নিয়ে দুনিয়াতে যত ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থ আছে তা সবই বিকৃত এবং অসামঞ্জস্যপূর্ণ ও ভারসাম্যহীন। তাদের কিতাবগুলি না পড়লে বুঝবেন না তা কত কুরুচিপূর্ণ ও ভারসাম্যহীন বিষয় সম্বলিত।

"আল্লাহ অতি উত্তম কালাম নাযিল করিয়াছেন। ইহা এমন এক কিতাব যাহার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ। (আয যুমার: ২৩)

📘 তাগুত > 📄 ইবাদত দলিল ভিত্তিক (কুরআন ও সুন্নাহ-র)

📄 ইবাদত দলিল ভিত্তিক (কুরআন ও সুন্নাহ-র)


একটি উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ফজরের ফরজ নামাজ দুই রাকাত। এখন কেউ যদি চিন্তা করে এত ভোরে কষ্ট করে উঠে কেন শুধু দুই রাকাআত ফরজ নামাজ পড়বো! চার রাকাত পড়ি। রাসূল (সাঃ) দেখিয়ে দিয়ে গেছেন ফজরের ফরজ নামায দুই রাকাত এবং তাতে সর্বমোট দুইটা রুকু চারটা সেজদা করতে হবে, এখন সে যদি ভাবে কম তো আর করিনি চাররাকাত পড়ছি চারটা রুকু আটটা সেজদা দিচ্ছি অসুবিধাটা কিসে। কেউ যদি এত ভাল চিন্তা করে ফজরে চার রাকাত ফরজ নামাজ পড়া শুরু করে আর লোকদেরকেও পড়তে বলে তবে কি হবে বলুন? নিশ্চয় সবাই বলা শুরু করবেন সেই মানুষটা মুরতাদ ও জিন্দিক হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু তায়ালার ইচ্ছায় রাসূল (সাঃ) যেভাবে ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছেন তা লোকটা পরিবর্তন করে ফেলেছে। অতএব ইবাদত ততটুকুই করতে হবে যতটুকু ইলাহ আমাদের থেকে চান এবং সেই পদ্ধতিতেই করতে হবে যে পদ্ধতি আল্লাহ তা'য়ালা উনার রাসূল (সাঃ) এর মাধ্যমে দেখিয়ে এবং বলে দিয়েছেন। অর্থাৎ ইবাদত করতে হলে দলীল দরকার কুরআনের এবং সহীহ হাদীসের। পীরবাবা, আলেম, নেতা বুজুর্গ বলেছে, আমাদের বাপ-দাদারা এভাবে ইবাদত করেছে তাই ইবাদত এভাবে করি বললে চলবে না। আলেম যা বলে তা দলিল না কিন্তু আলেম যা বলে তা প্রমাণ করার জন্য কুরআন আর সুন্নাহর দলিল দরকার। সূরা ফাতেহার

شير المـغضوب عليهـم ولا الضالين

এই আয়াতের মাগদুব শব্দের অর্থ হলো অভিশপ্ত এবং দ্বাল্লিন শব্দের অর্থ হলো গোমরাহ (পথভ্রষ্ট)। মাগদুব হলো ইহুদীরা এবং বিশেষ করে তাদের আলেম সমাজ। তারা আল্লাহর আয়াত লুকিয়ে রেখে আল্লাহর দেখানো ইবাদতের পন্থা পরিবর্তন করে নিজেদের খেয়াল খুশীমত ইবাদত পন্থা দিত, এ জন্য আল্লাহ্ তাদেরকে অভিশপ্ত বলেছেন। দ্বাল্লিন বা গোমরাহ হল খৃষ্টান জাতি। তাদের আল্লাহর কিতাবের এবং নবীর সুন্নাহর কোন জ্ঞানই নেই এবং তারা অন্ধভাবে তাদের আলেম ও পাদ্রীদের অনুসরণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু তায়ালা নিম্নের আয়াত নাযিল করেছেন।

"তারা নিজেদের ওলামা-মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে নিজেদের রব বানিয়ে নিয়েছিলো।" (সূরা তওবা : ৩১)

এবার ভেবে দেখুন প্রতিদিন প্রতি রাকাত নামাযে সূরা ফাতিহাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এর কাছে যে বিষয়ে আশ্রয় চাচ্ছি পুরো মুসলিম জাতি আজ সেই পথ ভ্রষ্টতায় লিপ্ত। আমাদের বেশীর ভাগ নামধারী আলেম সমাজ হয়ে গেছে মাগদুব (অভিশপ্ত) কারণ তারা ইসলামের সঠিক ধারণা মানুষকে দিচ্ছে না বরং দ্বীন বিক্রি করে কামাইয়ের ব্যবস্থা করে নিচ্ছে। শিরক, কুফর, বিদয়াত হয় নিজেরা শুরু করেছে অথবা মুসলিম জনগণকে সেই সম্পর্কে অবহিত করছে না পাছে তাদের রোজগার বন্ধ হয়ে যায়; আমাদের আলেম সমাজের একটা বিরাট অংশ বর্তমানে PEPSI MACHINE’ হয়ে গেছে। পেপসি মেশিনে যেভাবে পয়সা দিলে পেপসি, সেভেন আপ পাওয়া যায় ঠিক তেমনি ডলার দিলে আল্লাহর হালাল হারামের হুকুম পরিবর্তনকারী সুবিধামত যে কোন ফতুয়া পাওয়া যায় এ সকল আলেম নামধারী মাগদুবদের কাছ থেকে। এদের জন্য এরশাদ হচ্ছেঃ

"আমি যে সকল সুস্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি সর্বসাধারণের জন্য কিতাবে তা সুস্পষ্টভাবে বলে দেয়ার পরও যারা তা গোপন রাখে, আল্লাহ্ তাদের অভিশাপ দেন এবং অভিশাপকারীরা তাদের অভিশাপ দেয়। [সূরা বাক্বারা : ১৫৯]

"এবং সামান্য মূল্যে আমার আয়াতকে বিক্রয় করিও না; আমারই ক্রোধ হইতে তোমরা আত্মরক্ষা কর।" (সূরা বাকারা : ৪১)

আর মুসলিম জনগণ পরিণত হয়েছে 'দাল্লিন' গোমরাহতে। কারণ তাদের দ্বীন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। হুজুর আলেম, নেতা পীর সাহেব যা বলেছে তাই অন্ধভাবে অনুসরণ করছে দলিল কাকে বলে তাই জানে না আর দলিল যাচাই করার প্রশ্নই উঠে না। ফলে দেখা যাচ্ছে এ সমস্ত পীর, আলেম ও হুজুরগণ কুরআন সুন্নাহর দলিল বর্হিভূত নিত্য নৈমিত্তিক সকল বিদয়াতের সংযোজন করছে এবং মুসলিম জনগণকে শিরক, কুফরে লিপ্ত করেছে এবং তাদের ঈমান আমল বরবাদ করে নিজেরাও জাহান্নামের পথ ধরছে এবং জনগণকেও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। [বিঃদ্রঃ আমাদের এ আলোচনা আমভাবে সব আলেমদের জন্য নয়। কারণ আল্লাহ্ তা'য়ালার ইচ্ছায় দুনিয়াতে এখনও অনেক আলেমগণ হকের উপর নির্যাতিত ও নিষ্পেষিত হয়ে টিকে আছেন।]

রাসূল (সাঃ) বলেছেন "তোমরা পূর্বে আগত লোকদের পথ অনুসরণ করবে [যথাযথভাবে]। তারা গুঁই সাপের গর্তে প্রবেশ করলে, তোমরাও তাতে প্রবেশ করবে" আমরা বললাম "হে আল্লাহর রাসূল (সাঃ) এরা কি ইহুদী ও খৃষ্টান। তিনি বললেন তারা ছাড়া আবার কারা। (বুখারী ও মুসলিম)

এবং রাসূল (সাঃ) বলেছেন- "যে কেউ একটি জনগোষ্ঠিকে অনুকরণ করে সে তাদেরই একজন হয়ে যায়।" (আবু দাউদ এবং মুসনাদে আহমদ বর্ণিত)

"তাহারা বলেঃ কোন ব্যক্তিই বেহেশতে যাইতে পারিবে না যতক্ষণ না সে ইয়াহুদী কিংবা (খৃস্টানদের মতে) খৃষ্টান হইবে। মূলতঃ ইহা তাহাদের মনের কামনা মাত্র। তাহাদের বল, তোমাদের দাবীতে তোমরা সত্যবাদী হইলে তাহার উপযুক্ত প্রমাণ পেশ কর।" (বাকারাহ : ১১১)

উপরোক্ত আয়াত থেকে বুঝা গেল যে, ইহুদী খৃষ্টানরা যখন জান্নাতী হওয়ার ভ্রান্ত দাবী করল তখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাদের কাছ থেকে কুরআনের মাধ্যমে দলীল চাইলেন। অতএব দলীল চাওয়া অত্যন্ত জরুরী।

অতএব, আমাদেরকে ইবাদত করার জন্য প্রকৃত জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে আক্বীদা, ঈমান, তাওহীদ, শিরক, কুফর, সুন্নাত, বিদয়াত জামায়াহ, হিজরত, জিহাদ, খলিফা, এবং কালেমা বা শাহাদাতাইন সহ ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে। কারণ কেয়ামতের সেই কঠিন সময় জানতাম না বলে মুক্তি পাওয়া যাবে না। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞেস করবেঃ "তোমাদের কাছে কি কোন সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফেরগণ বলবেঃ "হ্যাঁ, পৌঁছেছিলো কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতাম এবং মিথ্যা মনে করতাম।" তখন আফসোস করবে এবং বলবেঃ "হায়! আমরা যদি শুনতাম এবং অনুধাবন (জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা) করতাম, তবে আমরা আজ দাউ দাউ করে জ্বলা আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে শামিল হতাম না।" (সূরা মূলক : ১০)

"হায়! সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে; তখন তারা বলবেঃ হায়! আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম, আর ঈমানদার লোকদের মধ্যে শামিল হতে পারতাম।" (সূরা আনআম : ২৭)

তাদের এ আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ্ সরাসরি তাদের কথাকে প্রত্যাখান করবেন। ইরশাদ হচ্ছে:

"তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়েও দেয়া হয়, তবুও তারা সে সব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড়ো মিথ্যাবাদী।” (সূরা আনআম : ২৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00