📄 কবি কুছায়্যির
কবি কুছায়্যির দীর্ঘদিন অপেক্ষার পর খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের নিকট পৌঁছাতে সক্ষম হন এবং নিজের দুরবস্থার কথা তুলে ধরে সাহায্যের প্রত্যাশা ব্যক্ত করেন। ‘উমার কুছায়্যিরকে লক্ষ্য করে বললেন: ওহে কুছায়্যির! সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। তুমি কি এর কোন একটিতেও পড়? কুছায়্যির বললেন: হাঁ, আমি পাথেয় শেষ হয়ে যাওয়া পথিকের মধ্যে পড়ি। ‘উমার জিজ্ঞেস করলেন: তুমি কি আবু সা'ঈদের অতিথি নও? কুছায়্যির বললেন: হাঁ, আমি তাঁর অতিথি। ‘উমার বললেন: আমি আবূ সা'ঈদের অতিথির পাথেয় শেষ হয়েছে বলে মনে করি না। এরপর কুছায়্যির ‘উমারের অনুমতি নিয়ে তাঁকে একটি দীর্ঘ কবিতা শোনান। অতঃপর ‘উমার কবি কুছায়্যিরকে তিন শ' দিরহাম দানের নির্দেশ দেন।
টিকাঃ
৫৭৭. সূরা আত-তাওবা-৬০
৫৭৮. ইবন কুতায়বা, আশ-শি'র ওয়াশ-শু'আরা'-২৫৪-২৫৬; আল-'ইকদ আল-ফারীদ-২/৮৬-৯১
📄 কবি নুসাইব
কবি নুসাইব ইবন রাবাহ একদিন ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের সাক্ষাত প্রার্থনা করলেন। তিনি অনুমতি দিলেন না। কবি তখন দ্বাররক্ষীদের বললেন, তোমরা আমীরুল মু'মিনীনকে অবহিত কর যে, আমি এমন একটি কবিতা রচনা করেছি যার প্রথম কথাটি হলো “আল-হামদু লিল্লাহ”। তারা আমীরুল মু'মিনীন ‘উমারকে অবহিত করলো। এবার তিনি কবিকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করে তিনি যে কবিতাটি শোনালেন তার প্রথম দু'টি চরণ এই:
সকল প্রশংসা আল্লাহর। অতঃপর হে ‘উমার! নানাবিধ প্রয়োজন ও ভাগ্য আমাদেরকে আপনার নিকট নিয়ে এসেছে। আপনি হলেন কুরায়শদের মাথা এবং ঐ গোত্রের নেতার বংশধর। আর মাথায় থাকে কান ও চোখ।
‘উমার তাঁকে দেড় শ' দিরহাম দানের নির্দেশ দেন।
টিকাঃ
৫৬৯. আল-'ইকদ আল-ফারীদ-৫/২৯২
৫৮০. প্রাগুক্ত-৫/২৯২, ২/৮৪
📄 ‘উমার ও কবি দুকাইন ইবন সা‘ঈদ আদ-দারিমী
দুকাইন ছিলেন একজন রজয ছন্দের পল্লী কবি। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয খলীফা সুলায়মানের সময় যখন মদীনার ওয়ালী ছিলেন তখন দুকাইন তাঁর প্রশংসায় একটি কবিতা রচনা করেন। ‘উমার খুশী হয়ে তাঁকে উৎকৃষ্ট জাতের পনেরোটি উট দান করেন। যাত্রাকালে ‘উমার বললেন: দুকাইন! আমার একটি উচ্চাভিলাষী মন আছে। আমার বর্তমান অবস্থার চেয়ে উন্নততর কোন অবস্থায় পৌঁছার কথা যদি জানতে পার তাহলে আমার নিকট আসবে, আমি তোমাকে আরো ইনাম-বখশীশ দেব।
একদিন দুকাইন আল-ইয়ামামা মরু এলাকায় তাঁর উটগুলো চরাচ্ছেন। এমন সময় একজন ঘোষকের মুখে জানতে পারলেন, আমীরুল মু'মিনীন সুলায়মান ইবন ‘আবদিল মালিক ইনতিকাল করেছেন। তিনি তার নিকট পরবর্তী খলীফা কে হয়েছেন তা জানতে চাইলেন। সে বললো ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয। ‘উমারের নামটি শোনার সাথে সাথে তিনি দারুল খিলাফা দিমাশকে যাত্রার জন্য প্রস্তুতি নিতে লাগলেন।
এক সময় তিনি দিমাশকে পৌঁছলেন। খলীফার বাসভবনে গিয়ে পৌঁছলেন। দেখলেন, খলীফা আঙ্গিনায় দাঁড়িয়ে এবং তাকে ঘিরে আছে ইয়াতীম, বিধবা ও বিভিন্ন ধরনের অধিকার বঞ্চিত লোকেরা। এই ভীড়ের বেষ্টনী ভেদ করে তিনি খলীফার নিকট পৌঁছতে পারলেন না। অবশেষে উচ্চকণ্ঠে আবৃত্তি করতে লাগলেন নিম্নের চরণ দু'টি: ‘হে উত্তম কর্মকাণ্ড ও মহৎ গুণাবলীর অধিকারী ‘উমার! হে সুবিশাল খাঞ্চার অধিকারী ‘উমার! আমি হাদারামাওত উপত্যকার কাতান জনপদের দারিম গোত্রের একজন মানুষ। আমি আমার মহান ভাইয়ের নিকট আমার পাওনা দাবী করছি।’
‘উমার তাঁকে কাছে ডেকে বললেন: দুকাইন! মদীনায় আমি যে একটি কথা তোমাকে বলেছিলাম তাকি তোমার স্মরণ আছে? আমি বলেছিলাম আমার একটি মন আছে যে সব সময় আমি যা লাভ করি তা থেকে উন্নততর কিছু লাভের আশায় উদগ্রীব থাকে। আমি দুনিয়ার পরম প্রত্যাশিত বিষয় রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছি। এখন আমার মন আখিরাতের পরম প্রত্যাশিত বিষয় জান্নাত লাভের জন্য উদগ্রীব। দুনিয়ার বাদশারা তাদের বাদশাহীকে পার্থিব সম্মান ও মর্যাদা লাভের পথ ও পন্থা হিসেবে বিবেচনা করে। আর আমি এটাকে করবো আখিরাতের সম্মান ও মর্যাদা লাভের উপায়।
তারপর তিনি বললেন দুকাইন! আল্লাহর কসম! আমি রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত মুসলমানদের সম্পদ থেকে না একটি দিরহাম, আর না একটি দীনার গ্রহণ করেছি। এখন আমি মাত্র এক হাজার দিরহামের মালিক। তার থেকে অর্ধেক তুমি নিয়ে বাকী অর্ধেক আমার জন্য রেখে যাও। দুকাইন পাঁচ শ' দিরহাম নিয়ে ফিরে আসেন।
টিকাঃ
৫৮১. প্রাগুক্ত-৩/২০; সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৩৩০
৫৮২. হ্রাস করা বাদলের দিন- অর্থাৎ লাজুক সৌখিন প্রিয়ার সাথে উঁচু তাঁবুর বাসরে একটি বাদল ঘন দিন যাপন করে দীর্ঘ সময়কে কমিয়ে দেওয়া। একা একা বাদল ঘন দিন কাটানো কষ্টকর। প্রেয়সীর সঙ্গে এমন দিন কাটানো, আনন্দময় অবস্থায় কেটে যায় বলে মনে হয় সময় আরো দীর্ঘ হলে ভালো হতো। এই অর্থে দীর্ঘ সময় কমানো।
৫৮৩. কাব্যানুবাদ, নূরুদ্দীন আহমদ, অস-সব'উল মু'আল্লাকাত (কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড, ঢাকা-১৯৭২), পৃ. ১৯৯
৫৮৪. আল-'ইকদ আল-ফারীদ-৬/১২-১৩, ২২০
📄 বক্তৃতা-ভাষণ
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয যদিও একজন বাগ্মী হিসেবে খ্যাতি লাভ করেননি, তবে তাঁর বক্তৃতা-ভাষণ ছিল দারুণ প্রভাব সৃষ্টিকারী ও মনোমুগ্ধকর। খিলাফতের গুরুদায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হওয়ার পর তিনি প্রথম যে ভাষণটি দেন তাতে বলেন: ‘ওহে জনমণ্ডলী! খিলাফতের এ দায়িত্বভার আমার কাঁধে চাপানো হয়েছে। এ ব্যাপারে আমার কোন মতামত নেওয়া হয়নি, আমি তা চাইনি এবং মুসলমানদের কোন পরামর্শও নেওয়া হয়নি। আপনাদের কাঁধে আমার বাই'আতের যে বোঝা চাপানো হয়েছে আমি তা নামিয়ে নিলাম। এখন আপনারা নিজেদের জন্য অন্য কাউকে খলীফা মনোনীত করুন।’ সকলে সমস্বরে বলে উঠলো— হে আমীরুল মু'মিনীন! আমরা আপনাকেই নির্বাচিত করেছি এবং আপনার প্রতি সন্তুষ্ট আছি।
পুনরায় জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে খলীফা নির্বাচিত হয়ে তিনি যে ভাষণ দেন তাতে বলেন: ‘ওহে জনমণ্ডলী! আপনাদের নবীর (সা) পরে কোন নবী নেই এবং তাঁর উপর যে কিতাব নাযিল হয়েছে তার পরে আর কোন কিতাব নেই। আল্লাহ তাঁর নবীর মাধ্যমে যা কিছু হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আর তাঁর নবীর (সা) মাধ্যমে যা কিছু হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আমি নিজে কোন সিদ্ধান্ত দানকারী নই, বরং আল্লাহর হুকুম বাস্তবায়নকারী। আমি নতুন কিছু উদ্ভাবনকারী নই, বরং একজন অনুসরণকারী মাত্র। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য লাভের কোন অধিকার নেই। শুনে রাখুন! আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। আমি আপনাদের মত একজন সাধারণ মানুষ। তবে আল্লাহ আমার উপর সবচেয়ে ভারী বোঝায় চাপিয়ে দিয়েছেন। ওহে জনমণ্ডলী! ফরযসমূহ আদায় করা এবং হারামসমূহ পরহেয করা সর্বোত্তম ইবাদাত।’
‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তাঁর খিলাফতকালে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নবীর (সা) পদ্ধতিতে ফিরিয়ে আনার জন্য যা কিছু যেভাবে করণীয় সবই করেন। তাঁর একটি ভাষণে তিনি বলেন: ‘প্রত্যেক ভ্রমণের জন্য থাকে পাথেয় ও প্রস্তুতি। সুতরাং আপনারা দুনিয়া থেকে আখিরাতে ভ্রমণের জন্য পাথেয় সঞ্চয় করুন। আপনাদের জীবনকাল অবশ্য বৃদ্ধি পাবে না, আর তা হলে আপনাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং আপনারা আপনাদের শত্রুর আনুগত্য করবেন। আল্লাহর কসম! যে জানে না যে, সে সকালের পর সন্ধ্যা এবং সন্ধ্যার পর সকাল পর্যন্ত বাঁচবে কিনা, তার সব আশা পূর্ণ হতে পারে না।’
খুনাসিরা নামক শহরে তিনি তাঁর জীবনের সর্বশেষ ভাষণটি দান করেন। আল্লাহর হামদ ও ছানা ব্যক্ত করার পর তিনি বলেন: ‘ওহে জনমণ্ডলী! আপনাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়নি এবং এমনিই ছেড়ে দেওয়া হবে না। আপনাদের একটি প্রত্যাবর্তনস্থল আছে, সেখানে আল্লাহ আপনাদের বিচার-ফয়সালা করবেন। জেনে রাখুন! আগামীকালের নিরাপত্তা তার জন্য যে আজকে ভয় পায়। আপনারা প্রতিদিন সকাল-সন্ধ্যা তাদেরকে বিদায় জানাচ্ছেন যারা তাদের জীবনকাল শেষ করেছে। আমি আপনাদেরকে একথাই বলছি। আমার পাপের চেয়ে বেশী পাপ আপনাদের কারো আছে বলে আমার জানা নেই। অতএব আপনারা আমার জন্য ও আপনাদের নিজেদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন।’
টিকাঃ
৫৮৫. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/১৯৪
৫৮৬. মুরূজ আয-যাহাব-৩/১৯৪
৫৮৭. কিতাবুল আমালী-২/১০০
৫৮৮. আল-'ইকদ আল-ফারীদ-২/১৪৩; জামহারাতু খুতাব আল-'আরাব-২/২০৯
৫৮৯. তারীখ আত-তাবারী-৮/১৪১
৫৯০. জামহারাতু খুতাব আল-'আরাব-২/২০৭
৫৯১. আল-'ইকদ আল-ফারীদ-৪/৪৩৭
৫৯২. প্রাগুক্ত-৪/৯৫; সিফাতুস সাফওয়া-২/১২৩, ১২৪