📄 ভবন নির্মাণ
হযরত 'উমার ইবন 'আবদিল 'আযীযের (রহ) কর্মময় জীবনে যে জিনিসটি সবচেয়ে বেশী গুরুত্বহীন মনে হয়েছিল তা হলো ভবনাদি নির্মাণ। তাঁর খিলাফতকালে একটিও ভবন নির্মিত হয়নি। তিনি অতি মামুলি ধরনের কিছু প্রয়োজনীয় ভবন তৈরি করান। তারও অধিকাংশ ছিল ধর্মীয় প্রতিষ্ঠান। নিম্নে তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো :
১. মসজিদ: মদীনায় বানু 'আদী ইবন আন-নাজ্জারের মসজিদটি ধসে পড়ে। সেটি পুনঃনির্মাণের জন্য কাজী আবু বকর ইবন হাযম খলীফা 'উমার ইবন 'আবদিল 'আযীযের দৃষ্টি আকর্ষণ করে পত্র লেখেন। জবাবে তিনি লেখেন, আমার ইচ্ছা তো এই ছিল যে, একটি পাথরের উপর আরেকটি পাথর এবং একটি ইটের উপর আরেকটি ইট না রেখেই দুনিয়া থেকে চলে যাই। কিন্তু তা আর হলো না। আপনি কাঁচা ইট দিয়ে মধ্যম মানের একটি মসজিদ পুনঃনির্মাণ করে দিন। ৪২৮
আল্লামা ইবন জুবায়র 'রা'স 'আইন' নগরীর অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে, এখানে দু'টি জামে' মসজিদ আছে। একটি নতুন ও অন্যটি পুরাতন। পুরাতন মসজিদটি 'উমার ইবন 'আবদিল 'আযীয কর্তৃক নির্মিত। এখন সেটি খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। ৪২৯
দামেশকের মসজিদের আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, এর উত্তরের প্রবেশ দ্বারের সামনে একটি ছোট মসজিদ আছে এবং তা 'উমার ইবন 'আবদিল 'আযীযের প্রতি আরোপ করা হয়। ৪৩০
তারীখে হলব-এ এসেছে, 'উমার ইবন 'আবদিল 'আযীয 'কাফরীবা'-তে যান এবং সেখানকার মানুষের জন্য একটি জামে' মসজিদ নির্মাণ এবং একটি দীঘি খনন করেন। ৪৩১
টিকাঃ
৪২৮. ইবনুল জাওযী-৮৩
৪২৯. রিহলাতু ইবন জুবায়র-২৪৪
৪৩০. প্রাগুক্ত-২৬৬
৪৩১. তারীখু মামলিকাতি হলব-১৭৯
📄 মসজিদে নববীর সংস্কার
পূর্ববর্তী অধিকাংশ খলীফাদের সময়ে মসজিদে নববীর সীমা সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছিল। 'উমার ইবন 'আবদিল 'আযীযও (রহ) তাঁর খিলাফতকালে কাজী আবু বকর ইবন হাযমকে মসজিদে নববীর সীমা সম্প্রসারণের নির্দেশ দেন।
📄 সরকারী ভবন নির্মাণ
তারীখে হলব-এ এসেছে, 'উমার ইবন 'আবদিল 'আযীয (রহ) খুনাসিরায় একটি ভবন নির্মাণ করেন এবং তিনি যখন সেখানে যেতেন তখন প্রায়ই সেই ভবনে অবস্থান করতেন। ৪৩২ তবে সম্ভবতঃ তাঁর খিলাফতকালে এটি ছাড়া দ্বিতীয় কোন ভবন নির্মিত হয়নি। একবার 'আদী ইবন আরতাত বসরার গভর্ণর হাউসের উপরে আরেকটি তলা নির্মাণ করার অনুমতি চান। তিনি তাঁকে অনুমতি না দিয়ে লেখেন, যে ভবন যিয়াদ ও তার পরিবারের জন্য যথেষ্ট প্রশস্ত ছিল তাও আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে? অতঃপর 'আদী একাজ থেকে বিরত থাকেন। ৪৩৩
টিকাঃ
৪৩২. প্রাগুক্ত-৫৯
৪৩৩. ফুতূহ আল-বুলদান-৩৫৭
📄 নতুন শহরের পত্তন
খলীফা ওয়ালীদ যখন সুলায়মান ইবন 'আবদিল মালিককে ফিলিস্তীনের গভর্ণর নিয়োগ করেন তখন তিনি রামলা নগরীর ভিত্তি স্থাপন করেন। সেখানে তিনি সর্বপ্রথম নিজের রাসভবন নির্মাণ করেন। মধ্যবর্তী স্থলে একটি দীঘি খনন করেন এবং একটি মসজিদের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এই নগরীর নির্মাণ কাজ চলা অবস্থায় সুলায়মান নিজে খলীফা হন। তাঁর খিলাফতকালেও একাজ চলতে থাকে। সমাপ্ত হওয়ার আগেই তিনি ইনতিকাল করেন। 'উমার ইবন 'আবদিল 'আযীয সেই কাজ সমাপ্ত করেন। তবে তিনি মূল পরিকল্পনাতে কাটছাঁট করেন এবং বলেন, রামলাবাসীদের জন্য এতটুকুই যথেষ্ট। হিজরী ১০০ সনে উপকূলবর্তী শহর 'লায়েকিয়া' রোমানরা ধ্বংস করলে তিনি তা আবার নির্মাণ করে প্রাচীর বেষ্টিত করেন। ৪৩৪
টিকাঃ
৪৩৪. প্রাগুক্ত-১৩৯, ১৫০