📄 ‘আকীদা বিষয়ে অহেতুক বিতর্কের অবসান ঘটান
'আকীদা অর্থ দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের এই দৃঢ়তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো ধর্মীয় রহস্য ও প্রতীকসমূহ নিয়ে বেশী চিন্তা-ভাবনা ও ঘাটাঘাটি না করা। 'উমার ইবন 'আবদিল 'আযীয ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে এ ধরনের তর্ক-বিতর্কে অংশগ্রহণ করতেন। যখন তিনি খলীফা হলেন তখন 'আওন ইবন 'আবদিল্লাহ, মূসা ইবন আবী কাছীর ও 'উমার ইবন হামযা আসেন এবং তাঁর সাথে মুরাজিয়াদের "ইরজা" মতবাদটি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, "ইরজা” শব্দের অর্থ স্থগিত করা বা রাখা। আর এ থেকেই "মুরজিয়া” শব্দের উদ্ভব হয়েছে। হাশরের দিন আল্লাহর বিচারের পূর্ব পর্যন্ত পাপী মুসলমানদের ব্যাপারে সিদ্ধান্ত দান স্থগিত রাখার কথা বলতেন মুরজিয়া চিন্তাবিদগণ। খারিজী ও শিয়া ছিল দু'টি চরমপন্থী চিন্তা-গোষ্ঠী। পক্ষান্তরে মুরজিয়াগণ ছিলেন মধ্যমপন্থী চিন্তা-গোষ্ঠী। যাই হোক, 'উমার ইবন 'আবদিল 'আযীয "ইরজা" বিষয়ে তাঁদের সাথে একমত পোষণ করেন। তবে তিনি সাধারণভাবে মানুষকে কখনো এমন সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হতে উৎসাহ দিতেন না। একবার জনৈক ব্যক্তি তাঁকে এ ধরনের একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, শিশু ও মরুচারী বেদুঈনদের দীন ধারণ কর এবং অন্য সবকিছু ভুলে যাও। তিনি বলতেন, যখন কোন গোষ্ঠী বা সম্প্রদায়কে সাধারণ মানুষের সামনে এ ধরনের আলোচনা করতে দেখবে তখন বুঝবে তারা গোমরাহীর ভিত্তি রচনা করছে। ২ ১৩
সে যুগে 'আকীদার ক্ষেত্রে যে সকল নতুন নতুন প্রশ্ন ও জিজ্ঞাসার সৃষ্টি হয় মুহাদ্দিছগণের পরিভাষায় তাকে "আহওয়া” বলা হতো। আসলে তা ছিল পথভ্রষ্টতা ও বিভ্রান্তির নামান্তর। 'উমার ইবন 'আবদিল 'আযীযের সময়কালে এ জাতীয় জিজ্ঞাসার মধ্যে "কাজা ও কদর"-এর চর্চা বেশী ছড়িয়ে পড়েছিল। আর এ চর্চা আরো তুঙ্গে নিয়ে গিয়েছিলেন মা'বাদ আল-জুহানী ও গায়লান আদ-দিমাল্কীর মত দু'জন চিন্তাবিদ। 'উমার ইবন 'আবদিল 'আযীয সর্বপ্রথম মা'বাদকে তাওবা করান এবং তিনি বাহ্যিকভাবে তাওবা করেনও। ২১৪ এরপর 'উমার সম্ভাব্য সকল প্রক্রিয়ায় এই মতবাদের প্রভাব-প্রতিক্রিয়া দূর করার চেষ্টা করেন। সে যুগে সব ধরনের চিন্তা-ভাবনা ও মতামতের প্রচার-প্রসার ও গ্রহণযোগ্যতা লাভ করতো মুহাদ্দিছ ও ফকীহদের মাধ্যমে। এ কারণে 'উমার তাঁদেরকে এ সকল মতবাদ গ্রহণ না করার জন্য উদ্বুদ্ধ করেন, যাতে এ ব্যাধি গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। এই লক্ষ্যে একবার তিনি ইমাম মাকহুলকে লেখেন: ২১৫
"গায়লান ও তাঁর অনুসারীরা তাকদীর বিষয়ে যা বলে থাকেন, আপনি তা বলা থেকে বিরত থাকুন।"
'উমারের হস্তক্ষেপে এই বিতর্ক কিছু দিন স্তিমিত থাকলেও তাঁর মৃত্যুর পর আবার তীব্রভাবে মাথাচড়া দিয়ে ওঠে।
বিশ্বাস ও কর্মের সমষ্টির নাম ধর্ম। 'উমার ইবন 'আবদিল 'আযীযের সময়ে এ দু'টি জিনিসেই মরিচা ধরে গিয়েছিল। 'আকায়েদ শাস্ত্রের কাজা ও কদর তথা তাকদীরের বিষয়টি এতই সূক্ষ্ম যে, সাধারণ মানুষকে যদি সে সম্পর্কে চিন্তা-ভাবনার সুযোগ দেওয়া হয় তাহলে ইসলামের এই অতি গুরুত্বপূর্ণ সরল বিষয়টি সহসাই মাটিতে পরিণত হবে। এ কারণে 'উমার ইবন 'আবদিল 'আযীযের সময়ে যখন এই মারাত্মক বিষয়টি দেখা গেল এবং গায়লান আদ-দিমাক্বী এ বিষয়ে তর্ক-বিতর্কের পতাকা উড্ডীন করলেন তখন তিনি তাঁকে পাকড়াও করে তাওবা করান।
তিনি সবসময় মুসলমানদের রক্তপাত এড়িয়ে চলতেন। এ কারণে তাঁর সময়ে বিদ্রোহী খারেজীদের গর্দানও নিরাপত্তা লাভ করে। তবে তাকদীর বিষয়ের তর্ক-বিতর্কের মূলোৎপাটনের উপর তিনি এত অটল ছিলেন যে, এ জাতীয় লোকদের হত্যাকেও তিনি অপরাধ বলে মনে করতেন না। যেমন একবার তিনি আবূ সুহাইলকে প্রশ্ন করেন, কাদরীয়া তথা নিয়তীবাদীদের ব্যাপারে আপনার মত কি?
তিনি বলেন, যদি তাওবা করে ফিরে আসে তাহলে তো ভালো কথা, অন্যথায় তাদের ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা উচিত। 'উমার বললেন, এটাই সঠিক মত, সঠিক সিদ্ধান্ত। ২১৬
টিকাঃ
২১৩. তাবাকাত-৫/২৭৫, জামি'উ বায়ান আল-'ইলম-১৫৩
২১৪. তারীখ আল-খুলাফা'-২৪৪
২১৫. তাবাকাত-৫/২৮৪
২১৬. প্রাগুক্ত-৫/২৮৩
📄 সময়মত নামায আদায়ের প্রতি গুরুত্ব আরোপ
সালাত ও যাকাত একান্তই দু'টি ধর্মীয় বিষয়, কুরআনের বিভিন্ন স্থানে একই সাথে এ দু'টির আলোচনা এসেছে। 'উমার ইবন 'আবদিল 'আযীযের পূর্বে এ দু'টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের পরিচালন ও অনুষ্ঠান ব্যবস্থা খুবই নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছে। সালাতের মূল জিনিস সময়ানুবর্তিতা। তাছাড়া 'উমার ইবন 'আবদিল 'আযীয মনে করতেন কুরআনের নিম্নের এ আয়াতটিতে সালাত বিনষ্টের যে কথা বলা হয়েছে তার অর্থ সময়মত আদায় না করা। আয়াতটি এই: ২১৭ 'তাদের পরে আসলো অপদার্থ পরবর্তীগণ, তারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে।'
বানু উমাইয়্যারা, বিশেষতঃ হাজ্জাজ ইবন ইউসুফ সালাত আদায়ে সময়ের পাবন্দী একেবারেই ছেড়ে দেয়। এ কারণে 'উমার ইবন 'আবদিল 'আযীয 'আদী ইবন আরতাতকে একটি চিঠিতে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে লেখেন: ২১৮
'হাজ্জাজের অনুসরণ করবেন না। কারণ, সে সময়মত সালাত আদায় করতো না।'
'আল্লামা জালাল উদ্দীন সুয়ূতীর (রহ) লেখায় জানা যায় যে, উমাইয়্যাদের এই বিদ'আত দূর করার গৌরব অর্জন করেন খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিক। আসলে তিনিও এ কাজটি করেন এই 'উমার ইবন 'আবদিল 'আযীযের পরামর্শক্রমে। 'আল্লামা সুয়ূতী সে কথা বলেছেন এভাবে: ২১৯
'এবং সুলায়মান ইবন 'আবদিল মালিকের অনেক ভালোর একটি ভালো ছিল যে, 'উমার ইবন 'আবদিল 'আযীয তাঁর উযীর ও উপদেষ্টার মতো ছিলেন। তিনি কল্যাণমূলক কাজে 'উমারের নির্দেশ মেনে চলতেন। এ কারণে তিনি হাজ্জাজের সকল কর্মকর্তা- কর্মচারীদের অপসারণ করেন, ইরাকের কারাগারের বন্দীদেরকে মুক্তি দেন এবং প্রথম ওয়াকতে সালাত আদায়ের ব্যবস্থা করেন। অথচ বানু উমাইয়্যারা শেষ ওয়াকত পর্যন্ত বিলম্ব করে এই সালাতকে মৃতে পরিণত করে।'
নামায আদায়ের ব্যাপারে মসজিদের ইমামদেরকে নির্দেশ দেন, তারা যেন রাসূলুল্লাহ (সা) যেভাবে নামায আদায় করতেন সেভাবে নামায আদায় করে। তিনি আরো নির্দেশ দেন, মুয়াযযিন যখন ইকামত দেবে তখন মুসল্লীরা যেন কিবলামুখী দাঁড়িয়ে যায় এবং 'ঈদের নামাযে পায়ে হেঁটে যায়। তিনি আঞ্চলিক ওয়ালীদেরকে লেখেন: ২২০
'ঈদের নামাযে যে হেঁটে যেতে সক্ষম সে যেন হেঁটে যায়।' তিনি আরো বলেন, 'ঈদের নামাযে যাওয়ার আগে যেন খেজুর খেয়ে যায়।' ২২১ 'ঈদগাহে যাওয়ার আগে তোমরা খাও।' বিভিন্ন অঞ্চলের গভর্নরদের নির্দেশ দেন: ২২২
'তোমরা সালাতের সময় হলে সকল কাজ পরিত্যাগ করবে। কারণ, যে সালাত বিনষ্ট করবে সে ইসলামের অন্যান্য বিধিবিধান অধিকতর বিনষ্টকারী হবে।'
ব্যক্তিগতভাবেও তিনি মানুষকে সালাত আদায়ের ব্যাপারে সময়ের দিকে মনোযোগী হওয়ার তাকীদ দেন। একবার জনৈক ব্যক্তিকে তিনি মিসর পাঠাতে চান। সে রওয়ানা করতে একটু দেরী করে। লোক পাঠিয়ে তিনি তাকে ডেকে আনেন। সে ভীত-শংকিত অবস্থায় উপস্থিত হলে তিনি বলেন, ভয়ের কিছু নেই। আজ জুম'আ বার। জুম'আর নামায আদায় ব্যতীত এখান থেকে সরবে না। আমি তোমাকে একটি জরুরী কাজে পাঠাচ্ছিলাম। কিন্তু এই তাড়াহুড়ো যেন বিলম্বে নামায আদায়ের প্রতি উৎসাহিত না করে। যারা নামায বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তারা খুব শীঘ্র পথভ্রষ্ট হয়ে পড়বে। তারা কিন্তু নামায একেবারে ত্যাগ করেনি, বরং তারা সময়ের পাবন্দী ছেড়ে দিয়েছিল।
সময়মত সালাত আদায়ের ব্যাপারে নির্দেশই শুধু দেননি, তার বাস্তবায়নও ঘটান। মুয়াযযিনদের বেতন নির্ধারণ করেন। ইবন সা'দ কুছায়িয়র ইবন যায়িদ থেকে বর্ণনা করেছেন: ২২৩
'আমি 'উমার ইবন 'আবদিল 'আযীযের খিলাফতকালে খুনাসিরায় এসে দেখলাম, তিনি বায়তুল মাল থেকে মুয়াযযিনদের বেতন দিচ্ছেন।' তিনি আল-জাযীরার ওয়ালী 'আদী ইবন 'আদীকে লেখেন: ২২৪
'ঈমান হচ্ছে কিছু ফরয, কিছু বিধিবিধান ও কিছু সুন্নাতের সমষ্টিের নাম। যে ঈমানের এই অংশগুলো পূর্ণ করবে তার ঈমান পূর্ণ হবে। আর ঐগুলো যে পূর্ণ করবে না তার ঈমানও পূর্ণ হবে না। আমি যদি জীবিত থাকি তাহলে ঈমানের এ অংশগুলো আপনাদের সামনে এমন স্পষ্টরূপে তুলে ধরবো যাতে আপনারা তার উপর আমল করতে পারেন। আর যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনাদের সংগে থাকার লোভও আমার নেই।' তিনি যেভাবে এই অংশগুলো সংরক্ষণ করেন এবং তার প্রচার-প্রসারে যে পরিমাণ চেষ্টা- সাধনা করেন তা একেবারেই নজীরবিহীন। সে কাহিনী অনেক লম্বা, সংক্ষেপে বলা যায়, ইসলামী চেতনা ও প্রাণসত্তা তাঁর খিলাফতকালের বিশেষ বৈশিষ্ট্যে পরিণত হয়। ফলে জনসাধারণের মন-মানসিকতায় পরিবর্তন আসে এবং জাতির মেজায ও রুচি নতুনরূপ ধারণ করে। ঐতিহাসিক তাবারীর একটি বর্ণনায় একথার সত্যতা লাভ করা যায়। তিনি 'উমারের খিলাফতকালের এক ব্যক্তির মন্তব্য তুলে ধরেছেন এভাবে: ২২৫
'ওয়ালীদ ছিলেন ভবন ও শিল্প-কারখানার নির্মাতা এবং অধিক ভূ-সম্পত্তির অধিকারী। এ কারণে তাঁর সময়ে মানুষের সাধারণ রুচি এমনই হয়ে গিয়েছিল যে, যখন তারা পরস্পর মিলিত হতো তখন কেবল ভবন ও শিল্প-কারখানা সম্পর্কে আলোচনা করতো। তারপর খিলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন সুলায়মান। তিনি ছিলেন বিয়ে পাগল ও ভোজনবিলাসী মানুষ। এ কারণে তাঁর সময়ে মানুষের পরস্পরের আলোচনার বিষয় ছিল বিয়ে-শাদী ও দাসী। কিন্তু 'উমার ইবন 'আবদিল 'আযীযের যামানায় 'ইবাদাত-বন্দেগী মজলিসী আলোচনার বিষয়ে পরিণত হয়। তারা একে অপরকে জিজ্ঞেস করতো, রাতে তুমি কি করেছো, তুমি কতখানি কুরআন মুখস্থ করেছো, তুমি কুরআন কবে খতম করেছিলে, তুমি মাসে কতটি রোযা রাখ ইত্যাদি।'
টিকাঃ
২১৭. সূরা মারয়াম-৫৯
২১৮. ইবনুল জাওযী-৮৬-৮৮
২১৯. তারীখ আল-খুলাফা'-২২৬
২২০. তাহযীব আল-আসমা' ওয়াল লুগাত-২/২২
২২১. তাবাকাত-৫/৩৬২, ৩৬৩, ৩৮৫
২২২. ইবনুল জাওযী-১০২
২২৩. তাবাকাত-৫/৩৬৪
২২৪. ফাতহুল বারী-১/৪৫ (বুখারী: কিতাবুল ঈমান); রিজালুল ফিক্স ওয়াদ দা'ওয়া-১/৫২
২২৫. তারাবী, তারীখ-৩/৯৮
📄 হদ বা শরী‘আত নির্ধারিত শাস্তি প্রয়োগ
হদ তথা শরী'আত নির্ধারিত শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে 'উমারের দৃষ্টিভঙ্গি ছিল সালাত ও যাকাত কায়েমের মতো। এ ব্যাপারে তিনি আঞ্চলিক কর্মকর্তাদের নিকট পাঠানো এক পত্রে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এভাবে: ২২৬
'আমার নিকট হদ কায়েম করা সালাত ও যাকাত কায়েম করার মতো।' বিন্দুমাত্র সন্দেহ থাকলে সে ক্ষেত্রে হদ স্থগিত রাখার নির্দেশ দেন। তিনি বলেন: ২২৭
'প্রত্যেক সন্দেহের ক্ষেত্রে তোমাদের সাধ্য অনুযায়ী হদ কায়েম থেকে বিরত থাক। কারণ একজন ওয়ালী বা শাসকের জুলুম ও শাস্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করার চেয়ে ক্ষমার ক্ষেত্রে ভুল করা শ্রেয়।'
তাঁর দৃষ্টিতে হদ কায়েম এত গুরুত্বপূর্ণ ছিল যে, নিজ হাতেও মাঝে মাঝে তা বাস্তবায়ন করেছেন। ‘উবাদা ইবনু নুসায় বর্ণনা করেছেন: ২২২
‘আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে মদ পানের শাস্তি হিসেবে এক ব্যক্তিকে মারতে দেখেছি। তিনি অভিযুক্ত ব্যক্তির দেহের কাপড় খুলে ফেলেন। তারপর আশিটি বেত্রাঘাত করেন। আমি তার দেহের কিছু ত্বক আহত ও কিছু অক্ষত দেখতে পেয়েছি। তারপর তিনি লোকটির উদ্দেশ্যে বলেন: যদি আবার পান করো তাহলে আবার পেটাবো। তারপর কারাগারে আটকে রাখবো- যতদিন না ভালো হবে। সে বললো: হে আমীরুল মু’মিনীন! আমি আল্লাহর নিকট তাওবা করছি যেন আর কখনো এ কাজ না করি। অতঃপর তাকে ছেড়ে দেন।’
হদ কায়েমের ব্যাপারে মিসরের ওয়ালীর নিকট পাঠানো তাঁর একটি পত্রে নিম্নের নির্দেশটিও ছিল: ২২৩
‘একমাত্র আল্লাহ নির্ধারিত কোন হদ ছাড়া সতর্কতামূলক শাস্তির ক্ষেত্রে তিরিশ বেত্রাঘাতের অধিক হবে না।’
পূর্ববর্তী উমাইয়্যা খলীফাদের সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারটি খুবই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। এ কারণে তা রোধ করার উদ্দেশ্যে যে কোন মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। তিনি আঞ্চলিক কর্মকর্তাদেরকে এ নির্দেশও দেন যে, তাঁকে না জানিয়ে যেন কোন মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়। কুফার ওয়ালী আবদুল হামীদ ইবন আবদুর রহমানকে লেখা একটি পত্রে বলেন: ২৩০
'আমাকে না জানিয়ে কারো হাত কাটা বা ফাঁসিতে ঝোলানোর ব্যাপারে তাড়াহুড়ো করবেন না।'
টিকাঃ
২২৬. তাবাকাত-৫/৩৭৮
২২৭. ইবনুল জাওযী-১২৬; হিলয়াতুল আওলিয়া-৫/৩১১
২২২. (২২৮) তাবাকাত-৫/৩৬৫
২২৩. (২২৯) প্রাগুক্ত-৫/৩৬৫, ৩৮৫
২৩০. তাবারী-৭/৪৭৩-৪৭৪; কিতাবুল আমওয়াল-২৭
📄 ইসলামের প্রচার
খিলাফতের পরিধি বিস্তৃতির পরিবর্তে তিনি ইসলামের বিস্তার ও প্রসারকে নিজের লক্ষ্য নির্ধারণ করেন। আর এ লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের বস্তুগত ও নৈতিক উপায়-উপকরণের সুযোগ গ্রহণ করেন। রোমানদের সাথে যুদ্ধরত একজন সেনাপতিকে তিনি নির্দেশ দেন, রোমানদের কোন ছোট অথবা বড় দলের উপর কোনক্রমেই আক্রমণ করা যাবে না যতক্ষণ না তাদের নিকট ইসলামের দা'ওয়াত পৌঁছানো হয়। বিভিন্ন অঞ্চলের সকল ওয়ালীকে তাঁদের নিজ নিজ এলাকার যিম্মীদের নিকট ইসলামের দা'ওয়াত পৌঁছানোর নির্দেশ দেন। একথাও বলে দেন, কোন যিম্মী ইসলাম গ্রহণ করলে তার উপর ধার্যকৃত জিযিয়া রহিত করা হবে। এর ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। একমাত্র খুরাসানের ওয়ালী 'আবদুল্লাহ ইবন আল জাররাহর হাতে চার হাজার যিম্মী ইসলাম গ্রহণ করে। ২৩১
তিনি ইসলামের প্রচার-প্রসারে ব্যাপক আগ্রহ ও উৎসাহ ভরে কাজ করেন। বিজিত অঞ্চলসমূহের অধিবাসীদেরকে ইসলাম গ্রহণের জন্য নানাভাবে উৎসাহিত করেন। এমনকি তাদেরকে নগদ অর্থ-সম্পদসহ বিভিন্ন সুযোগ-সুবিধাও প্রদান করতেন। বর্ণিত হয়েছে যে, তিনি একজন খৃস্টান সেনা কমান্ডারকে এক হাজার দীনার দান করেন যাতে ইসলামের প্রতি তার অন্তর আকৃষ্ট হয়। এমন কথাও বর্ণিত হয়েছে যে, তিনি রোমান সম্রাট তৃতীয় লুইকে একটি পত্রের মাধ্যমে ইসলামের দা'ওয়াত দেন। ২০২
'উমারের বিভিন্নমুখী কর্মতৎপরতার ফলে খিলাফতের বিভিন্ন অঞ্চলের অমুসলিমদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মা ওয়ারা আন-নাহর-এর অঞ্চলসমূহের অসংখ্য মানুষ ইসলামে প্রবেশ করে। মরক্কোর বারবারদের মধ্যে ইসলামের দা'ওয়াত দানের জন্য তিনি দশজন বিখ্যাত ফকীহকে পাঠান। তাঁদের চেষ্টায় সেখানে ইসলাম ছড়িয়ে পড়ে। ২৩৩
'উমার ইবন 'আবদিল 'আযীয (রহ) ভারতবর্ষের রাজন্যবর্গের নিকট পত্র লেখেন এবং তাদেরকে ইসলাম ও আনুগত্যের আহ্বান জানান। তিনি তাঁদেরকে এই মর্মে প্রতিশ্রুতি দেন যে, যদি তাঁরা এই আহ্বানে সাড়া দেন তাহলে তাদেরকে নিজ নিজ সাম্রাজ্যের ক্ষমতায় রাখা হবে এবং তাঁদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য তাই হবে যা একজন মুসলমানের হয়ে থাকে। ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের জীবন, চরিত্র ও মত-পথের সুখ্যাতি পূর্বেই সেখানে পৌঁছে গিয়েছিল। তাই তাঁরা ইসলাম কবুল করে এবং আরবদের ন্যায় নিজেদের নামও রাখে।’ এ চিঠি তিনি লেখেন হিজরী ১০০ সনে। ২৩৪
ইসমা'ঈল ইবন ‘আবদিল্লাহ ইবন আবিল মুহাজিরকে- যিনি বানু মাখযূমের আযাদকৃত দাস ছিলেন, পশ্চিম আফ্রিকার ওয়ালী নিয়োগ করা হয়। তিনি সেখানে স্বীয় কর্মকাণ্ড ও উত্তম আচার-আচরণ দ্বারা স্থানীয় অধিবাসীদের মন জয় করেন। তারপর বার্বারদেরকে ইসলামের দা'ওয়াত দেন। হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযও সেখানকার লোকদের নিকট একটি পত্র পাঠান এবং তাদেরকে ইসলামের দা'ওয়াত দেন। এই পত্র ইসমা'ঈল প্রকাশ্যে জনসমাবেশে পাঠ করে শোনান। শেষ পর্যন্ত সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়। ২৩৬
খিলাফতের দায়িত্ব লাভের পর হযরত ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) মা-ওয়ারা আন-নাহার-এর সুলতানদের নিকট ইসলামের দা'ওয়াত সম্বলিত পত্র লেখেন। তিনি সেখানে আবদুল্লাহ ইবন মা'মার আল-ইয়াশকুরীকে পাঠান। তাদের অনেকে ইসলাম গ্রহণ করেন। খুরাসানের যে সকল যিম্মী ইসলাম গ্রহণ করেছিল তিনি তাদের জিযিয়া রহিত করেন। আর যারা ইসলাম গ্রহণ করে সরাইখানা নির্মাণ করেছিল তাদেরকে পুরস্কৃত করেন এবং তাদের ভাতা নির্ধারণ করেন। ২৩৭ খিলাফতের বিভিন্ন অঞ্চলে এত বেশী সংখ্যক যিম্মী মুসলমান হয় যে, একাধিক ওয়ালী জিযিয়া-রাজস্বের ঘাটতির কথা খলীফাকে জানান। ‘উমার তাঁদের কথার কোন গুরুত্ব দিলেন না। বরং কারো কারো অভিযোগের জবাবে তিনি লেখেন : রাসূলুল্লাহকে (সা) হাদী বা পথ প্রদর্শক হিসেবে পাঠানো হয়েছিল, জিযিয়া আদায়ের জন্য নয়। ২৩৮ অনেককে তিনি লেখেন, আমি তো চাই সকল যিম্মী মুসলমান হয়ে যাক, আমি ও তুমি কৃষক হয়ে যাই এবং নিজেদের শ্রমে অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করি। কোন কোন ওয়ালী এ প্রস্তাব দেন যে, যিম্মীরা জিযিয়া থেকে রেহাই পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করছে। এজন্য খাত্মা করে তাদের পরীক্ষা করা হোক। ‘উমার লিখলেন, রাসূলুল্লাহ (সা) পথ প্রদর্শক ছিলেন, খাতনাকারী ছিলেন না। ২৩৯
তাঁর চারিত্রিক সৌন্দর্যের খ্যাতি এবং ইসলামের প্রচার-প্রসারের প্রতি প্রবল আগ্রহের কথা শুনে কোন কোন দেশের রাজন্যবর্গ তাঁদের দেশে মুবাল্লিগ বা প্রচারক পাঠানোর আবেদন জানান। এরই ধারাবাহিকতায় তিব্বতের একটি প্রতিনিধি দলের আবেদনের প্রেক্ষিতে তিনি সুলাইত ইবন 'আবদিল্লাহ হানফীকে তিব্বতে পাঠান। এভাবে তাঁর সময়ে ইসলামের অভূতপূর্ব প্রচার-প্রসার ঘটে। ২৪০
টিকাঃ
২৩১. আল-বালাযুরী, ফুতুহ আল-বুলদান-৩৫৭
২৩২. তাবাকাত-২৫৮
২৩৩. ড. হাসান ইবরাহীম, তারীখ আল-ইসলাম-১/৩২৯
২৩৪. (২৩৫) আল-কামিল ফিত-তারীখ-৫/৫৪
২৩৬. ফুতূহ আল-বুলদান-৩৩৯; রিজালুল ফিক্স ওয়াদ দা'ওয়া-১/৫০
২৩৭. কুরদ ‘আলী, আল-ইসলাম ওয়াল হাদারা আল-‘আরাবিয়্যা-২/১৮৯
২৩৮. কিতাবুল খারাজ-৭৫; আ'জামু ‘উজামা' আল-ইসলাম-১৪৫
২৩৯. তাবাকাত-৫/৩৮৫
২৪০. তারীখ আল-ইয়া'কূবী-২/৩০২