📄 পাগলামী
বিবেক অগ্রাহ্য কোন খেয়াল মাথায় চাপার নাম পাগলামী। উদাহরণস্বরূপ হাই স্কুলের এক ছাত্র সব সময় বলতে থাকত "আমি খারাপ হব না।" এমনকি পড়াশোনায় বসলেও অনিচ্ছায়ই তার মুখ থেকে একথা বেড়িয়ে আসত। এভাবে তার মনোযোগ বিনষ্ট হয়ে যায়। সে কোন কাজ ভালভাবে আঞ্জাম দিতে অক্ষম হয়ে পড়ে। বহু পরীক্ষা-নিরিক্ষার পর জানা গেল, ছেলেটির বাবা অত্যন্ত কঠিন মনের মানুষ। ভুলেও কখনও তাকে আদর-স্নেহ করে না। এমনকি ভালভাবে কথাও বলে না। কথায় কথায় অভিসম্পাত করে এবং ঘর থেকে বের করে দেওয়ার ধমকি দেয়।
একবার ছেলেটি মজাক করে সহোদরা ছোট বোনের চেয়ার উল্টে দিয়েছিল। ফলে তার পাজরের হাড্ডি জখম হয়ে যায়। তিন মাস পর্যন্ত তাকে হাসপাতালে পড়ে থাকতে হল। এ অপরাধের কারণে বাবা ছেলেটিকে মারাত্মকভাবে প্রহার করে। উঠতে বসতে ভর্ৎসনা ও অভিশাপ করতে থাকে। ফলে ঘটনাটি ছেলেটির ব্রেণে গভীর রেখাপাত করে। সে সারাক্ষণ বোনের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকে এবং মনে মনে কষ্ট পেতে থাকে। ফলে সে "আমি খারাপ হব না" বাক্যটি জপতে শুরু করে। আজ এ বাক্যটি ভুলার জন্য লাখো প্রচেষ্টা করে। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তার মুখে বাক্যটি এসে যায়। দীর্ঘ কয়েক মাস পর ছেলেটি আরোগ্য লাভ করে।
📄 অনেচ্ছিক আচরণ
কিছু কিছু রোগীদের থেকে হাস্যকর আচরণ প্রকাশ পায় সত্য। কিন্তু ঐ কাজে লিপ্ত হওয়ার পেছনে তার ইচ্ছার কোনও দখল থাকে না। অর্থাৎ সেচ্ছায় সে ঐ কাজে লিপ্ত হয় না।
উদাহরণ স্বরূপ কারও হাত ধোয়ার রোগ আছে। কারও সাথে সে হাত মিলায় বা মুসাফাহা করে তাহলে যতক্ষণ পর্যন্ত সাবান দ্বারা ভালমত তার হাত না ধৌত করবে, ততক্ষণ পর্যন্ত ঐ হাত স্বশরীরে লাগাবে না। এমনভাবে পৃথক ঝুলিয়ে রাখবে, যেন তা তার শরীরেরই অংশ নয়। বেবি-টক্সেী ইত্যাদিতে বসার প্রয়োজন হলে সর্বদা একাকী বসবে। যেন অবাঞ্ছিত কিছু লেগে হাত দুর্গন্ধযুক্ত না হয়ে যায়।
আরেক ব্যক্তি ঝুটা পানিকে ঘৃণা করে। একবার জনৈক ব্যক্তি তার টিউব ওয়েলে মুখ লাগিয়ে পানি পান করেছিল। ব্যাস, কি আর করা! সে লোকটি পুরো পাম্প উঠিয়ে ফেলে এবং নিজে উপস্থিত থেকে তা ভালভাবে পরিষ্কার করে পুনরায় বসিয়ে নেয়। অনুরূপভাবে কোন ব্যক্তির পা ধোয়ার পাগলামী রয়েছে। অযু করতে বসলে পাঁচ মিনিট পর্যন্ত সে পা ধৌত করতে থাকে। কোনও সাবান বা ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করে তা নয় বরং বসে শুধু পানি ঢালতে থাকে এবং হাতে ঘষতে থাকে। কয়েক বার এমন হয়েছে যে, বসে তার পা ধুতে ধুতেই নামাযের জামাআত শেষ।
আমার পরিচিত এক ভদ্রলোক আছেন। তার ঘরে যদি কেউ অসুস্থ হয়ে সুস্থতা লাভ করে, তবে তার বাচ্চা-কাচ্চারা বাকি ঔষধ পথ্য সেবন করে ফেলে। ওগুলে ফেলে রেখে নষ্ট করা আদৌ পছন্দ করে না। এমন লোকও পাওয়া যায়, যারা রাতে ঘুমানোর পূর্বে ঘরের বাইরের দরজায় তালা ঝুলিয়ে রাখে। তারপর রাতে তিন চার বার ওঠে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আসে, বাস্তবিকই তালা লাগানো আছে কি নেই?
📄 অযৌক্তিক ভয় ভীতি
সন্দেহ প্রবণ লোক একেবারে খামোখা বিষয়েও ভয় পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পর্যায়ে রণক্ষেত্র ভারি উত্তপ্ত ছিল। নিরাপদ ক্যাম্পে বসেও এক সিপাহী প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত ছিল। তাই সে গোলা বর্ষণের মুহূর্তেই সেখান থেকে পালিয়ে আসে। তার উপর মনোস্তাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে জানা যায় যে, শৈশবে একবার সে বাবার ঘড়ি চুরি করেছিল। তা বিক্রি করে যখন ঘরে ফিরছিল। পথিমধ্যে এক চাপা গলিতে পাগলা কুকুর দেখতে পায়। তাকে দেখেই ঐ কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। তাতে সে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ঘটনাটি তার কাছে বিরাট পীড়াদায়ক ছিল। এতে তার মন ভীষণ আতঙ্কে উঠে, সংকীর্ণ হয়ে যায়। ধীরে ধীরে আসল ঘটনা তো তার ব্রেণ থেকে মুছে গেছে। কিন্তু এখনও সে সংকীর্ণ ও বিপদসংকুল স্থানে ভীত সন্ত্রস্ত হয়ে যায়।
তেলাপোকা খুবই ক্ষুদ্র ও অক্ষতিকারক একটি পোকা। কিন্তু এক মহিলা এটাকে মারাত্মক ভয় করে। ঘরে যখন কোনও তেলাপোকা দেখতে পায়, তখন সে চেঁচাতে চেঁচাতে টেলিফোনের দিকে দৌড়ায় এবং তাকে তেলাপোকার কবল থেকে উদ্ধার করার জন্য স্বীয় স্বামীকে অফিস ফেলে তৎক্ষণাত বাড়ী আসার জন্য তাগাদা দেয়। কয়েকবার তো এমন হয়েছে যে, স্বামী বেচারা জরুরী কাজে দূর শহরে ব্যস্ত ছিল। আর সে মহিলা জরুরী ভিত্তিতে তাকে সাহায্যের জন্য চিৎকার করে ফোনে ডাকতে থাকে। এ ধরনের আহমকী ও মূর্খতাজনিত ভয়-ভীতি কয়েক প্রকারের হতে পারে। উচ্চস্থানের ভয়, প্রশস্ত বা খোলা ময়দানে ভয়, আবদ্ধ জাগার ভয়, ক্ষুদ্র জীবাণুর ভয়, ভীড় বা মানুষের ভয়, বিষ প্রয়োগের আতংক, জীব-জন্তুর আতঙ্ক ও ভয়ের ভয় অর্থাৎ এমন আতঙ্ক যে, আমি ভয় পাব। বাহ্যতঃ এসব ভয় ভীতি নিতান্তই অযৌক্তিক ও দূর্বোধ্য মনে হয়। কিন্তু যদি এর গোঁড়ায় পৌছার চেষ্টা করা হয়, তবে দেখা যাবে- এসব ভয়-ভীতি একেবারে অমূলক নয়। এর পেছনে অবশ্যই কোনও কারণ রয়েছে।
📄 সন্দেহ রোগ
কিছু কিছু লোক সব সময় নিজের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকে। ডাক্তারী মতে সে সম্পূর্ণ সুস্থ-সবল মানুষ। তদুপরি সে কখনও ক্লান্তি অবসানের অভিযোগ করে, কখনও অনিদ্রার কথা বলে, কখনও ক্ষুধামন্দার কথা বলে ইত্যাদি। যখন-তখন ডাক্তারের কাছে দৌড়ায়। একের পর এক ডাক্তার বদলাতে থাকে। কিন্তু রোগ নিরাময়ের নামও নেয় না। কেউ যদি ভুলেও বলে ফেলে, আপনাকে সুস্থ-সবল মনে হচ্ছে, তবে সে খুবই অসন্তুষ্ট হয়ে যায়। এক কথায় সে রোগাক্রান্ত থাকতেই বেশি পছন্দ করে। এমনই রোগাক্রান্ত এক যুবক চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ হাই পাওয়ারের ঔষধ সেবন করে বসে। এতে তার শরীরে মারাত্মক বিক্রিয়া ঘটে। শেষ পর্যন্ত কোন প্রস্তুতি ছাড়াই তাকে দুটি পরীক্ষা দিতে হয়। চিন্তা করলে দেখা যাবে সন্দেহ রোগও একেবারে অকারণে হয় না। এতে অনেক উপকার আছে। এ যুবকের কথাই ধরুন। সে তো সম্পূর্ণ সুস্থ-সবল ছিল। কিন্তু সে জানত প্রতিযোগিতামূলক পরীক্ষা ভীষণ কঠিন। এখানে ভাল ভাল আশাবাদি লোকও হেরে যায়। পরাস্ত হলে মান-ইজ্জতে আঘাত লাগার সমূহ সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় কি এটাই উত্তম নয় যে, মানুষ রোগাক্রান্ত হয়ে যাবে। আর ব্যর্থতার দায়ভার অসুস্থতার চাপিয়ে স্বয়ং দায়মুক্ত হয়ে যাবে! এমতাবস্থায় মানুষের সংকল্প ও প্রচেষ্টার প্রয়োজন পড়ে না। অজান্তে অনিচ্ছায় ব্যাপারটা স্বয়ং সঠিক দিকে মোড় নেয়।