📄 আল্লাহর সাহায্য (Help of Allah, Almighty)
নেক বা সৎকর্মের বদৌলতে জগতের অনুকূল শক্তি ও আমাদের মধ্যে সেতুবন্ধন রচিত হয়। ঈমান নিজেও একটি বিরাট শক্তি। যখন আমরা ঈমানী শক্তি সহকারে অনুগ্রহশীল শক্তির দিকে মনোনিবেশ করি, অনুগ্রহশীল শক্তিসমূহ আমাদেরকে সাহায্য করে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে 'যে সব লোক আল্লাহকে পালনকর্তা স্বীকার করার পর সোজা পথের উপর দৃঢ় থাকে, তারা সর্বপ্রকার ভয় এবং কষ্ট থেকে বেঁচে থাকে।'
📄 ট্রাইন এর বিশ্লেষণ (Analysis of Trine)
আর, ডব্লিউ, ট্রাইন (R.W. Tranin) এর মতে প্রতিটি ভাবনা একেকটি তরঙ্গ। এ তরঙ্গগুলো মস্তিষ্ক থেকে বের হয়ে উপযুক্ত প্রতিদানসহ ফিরে আসে। (In Tune the Infinite P.81) দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হল প্রথমে নিজের ভুল স্বীকার করা। তারপর হৃদয়ের গভীর থেকে দৃঢ়ভাবে তওবা করা। অর্থাৎ ভবিষ্যতে পূনর্বার গুনাহ করবে না এমন মনস্থির করা এবং সামাজিক এবং চারিত্রিক কর্মকাণ্ডেও এর প্রতিফলন ঘটানো। এর সাথে সাথে তাওহীদ ও রেসালাতের উপর ঈমানকে আরো দৃঢ় করা।
ট্রাইন এর মত অনুযায়ী মাবুদের সঠিক উপাসনাই সত্যিকার জ্ঞান। যিনি জ্ঞানী, মহান আল্লাহ তা'আলা প্রদত্ত শক্তিসমূহের সঠিক ব্যবহার জানেন, তার জন্য বিশ্বজগতের ভান্ডারসমূহের দ্বার উন্মুক্ত। তিনি ঐ শক্তি ব্যবহার করে সফল হন।
📄 মনোবিজ্ঞানের দৃষ্টিতে দোয়া (Psycological Aspects of prayer)
দোয়া মানসিক সুস্থতার ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত নিরাশা (Depression), হতাশা ইত্যাদি মানসিক সমস্যার চিকিৎসায় বেশ ফলদায়ক। দোয়া কিভাবে মনোরোগে চিকিৎসার ভূমিকা পালন করে, আসুন সে দিকগুলো বিশ্লেষণ করি।
📄 কষ্টদায়ক আবেগের প্রকাশ (Catharsis)
বান্দা আল্লাহ তা'আলার দরবারে হাত উঠিয়ে দোয়া করার সময় আল্লাহ তা'আলাকে খালেক এবং মালিক স্বীকার করে। তার অহংকার বিনয়ে পরিণত হয়। সে আল্লাহর দরবারে বিনয়াবনত হয়ে আরয করে 'হে খোদা! আমি বড় গুনাহগার।' এ শব্দাবলী উচ্চারণের সাথে সাথেই তার অন্তরে বিদ্যমান সব গুনাহের অনুভূতি মনের পর্দায় ভেসে উঠে। যেহেতু আল্লাহ তা'আলা গোনাহের প্রতিফল দিতে তাকে ধর-পাকড় করতে পারেন এই ভয় তার মন-মস্তিষ্কের চেপে বসে, তাই এই অনুভূতি তার কাছে কষ্টদায়ক মনে হয় এবং কখনো কখনো চক্ষু থেকে অঝোরে অশ্রু প্রবাহিত হয়।
বান্দা যখন দোয়া করার জন্যে দুহাত উত্তোলন করে, সে সময় ব্যতীত অন্য সময় কৃত গোনাহ স্মরণ করার কষ্ট নিজের অনুভূতিতে জাগ্রত হোক এমনটি সে চায় না। আল্লাহ্ তা'আলার নিকট ক্ষমা চেয়ে আবেদন জানানোর সময় বহমান অশ্রু এবং হৃদয় থেকে নির্গত ফরিয়াদ তার দুঃখ ব্যথাকে কমিয়ে দেয়। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে Catharsis বলে। এটা ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের মত অনুযায়ী মানসিক সমস্যা সমাধানে ঔষধতুল্য।