📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 স্বাস্থ্য রক্ষা (Precaution health)

📄 স্বাস্থ্য রক্ষা (Precaution health)


রোগের চিকিৎসা করার চেয়ে রোগাক্রান্ত হওয়ার পূর্বেই সাবধানতা অবলম্বন করা শ্রেয়। বর্তমানে বিশ্বের সব প্রতিষ্ঠান এ বিষয়টির প্রতি মনোনিবেশ করেছে। এমনকি প্যারামেডিক্যাল কলেজে কমিউনিটি মেডিসিন নামে এ বিষয়ে একটি স্বতন্ত্র বিভাগও খোলা হয়েছে। সারা বিশ্বে লাখ লাখ ডলার খরচ করে চেষ্টা চালানো হচ্ছে, যাতে রোগে আক্রান্ত হওয়ার পূর্বে সাবধানতা অবলম্বন করে রোগ থেকে বেঁচে থাকা যায়। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশত বছর আগে এমন কিছু অমূল্য নীতি রেখে গেছেন যেগুলো আজকে বিজ্ঞানের অনুসন্ধানের বিষয়। এ সব মূল নীতিগুলোর যথাযথ অনুসরণ করা হলে শতকরা ৯০ ভাগ রোগ চিকিৎসা ছাড়াই উপশম হবে। শরীরের ত্বক অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের রক্ষক। ত্বক ক্ষত, কাটা-ছেঁড়া বা জীবাণু দ্বারা আক্রান্ত হলে অভ্যন্তরীণ অঙ্গেও তার প্রভাব পড়ে। আল্লাহ তা'আলা শরীরের অন্যসব অঙ্গকে দ্বিন্তরী করে সৃষ্টি করেছেন। কিন্তু ত্বকে অনেকগুলো স্তর রয়েছে।

এবার লক্ষ্য করুন, শরীরের অঙ্গগুলোর হেফাজতের জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। শরীর সর্বদা পাক রাখা, পরিচ্ছন্ন কাপড় পরা, গোসল করা— এ সবই পবিত্র হওয়ার এক একটি মাধ্যম। এ অভ্যাসগুলো শরীরের অনেক রোগ দূর করে। পক্ষান্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জনে অবহেলা করা হলে শরীর জীবাণু দ্বারা আক্রান্ত হয় ও বিভিন্ন প্রকার রোগ-ব্যাধি দেখা দেয়। ত্বকের মাধ্যমে রোগ শরীরের অন্যান্য অঙ্গ যথা— অস্থি, গ্রন্থি ইত্যাদিতে সংক্রমিত হয়। এ সব ব্যাধি থেকে পরিত্রাণের জন্য বর্তমান মেডিকেল সাইন্সের উপদেশ হলো, নিয়মিত গোসল করা ও শরীর পবিত্র রাখা এতে করে জীবাণু দূর হয় এবং শরীর নীরোগ থাকে। দেখুন, আল্লাহ তা'আলা নামায ফরয করেছেন এবং নামাযের জন্য অযু করা অপরিহার্য করেছেন। আমরা অযুর প্রতি লক্ষ্য করলেও দেখব, অযু করার দ্বারাও উপরোক্ত কল্যাণগুলো অর্জিত হয়। কেননা অযুর সময় হাত-মুখ ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া— এ সব বিধান নামাযীর শরীর থেকে সমস্ত জীবাণু দূর করে এবং এই অঙ্গগুলো রোগ-ব্যাধি থেকে নিরাপদ থাকে।

শল্যবিদ অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার পূর্বে উভয় হাত কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করেন যেন জীবাণু দূর হয়। মাথা ও মুখমন্ডল আবৃত করে— যেন এ সব অঙ্গে বিদ্যমান কোন জীবাণু রোগীর ক্ষতি করতে না পারে। বলা বাহুল্য, একজন মুসলমান নামাযের পূর্বে প্রতিদিন পাঁচবার অযু করে মূলত শল্যবিদের অস্ত্রোপচারের প্রস্তুতিমূলক কাজটি করেন। অযুতে মাথা ও গর্দান মাসাহ করার বিধানও রয়েছে। এতে করে সেখানে বিদ্যমান জীবাণু দূর হয়। মাথা ও গর্দানকে সজীব অনুভূত হয়। ফলে ইবাদতে একাগ্রতা সৃষ্টি হয়। তাছাড়া অযু এ সব অঙ্গে লেগে থাকা রাসায়নিক যৌগ দূর করে। এছাড়াও মাসাহ দ্বারা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দশটি বিষয় (Ten in Talking)

📄 দশটি বিষয় (Ten in Talking)


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বিষয়কে মানব স্বভাবের অংশ হিসাবে গণ্য করেছেন। তন্মধ্যে কয়েকটি এখানে পেশ করছি।

১. গোঁফ কাটা; ২. দাড়ি লম্বা করা; ৩. মিসওয়াক করা; ৪. নাকে পানি দেওয়া; ৫. নখকাটা; ৬. আঙ্গুলের গ্রন্থি ধৌত করা; ৭. বগলের লোম পরিষ্কার করা।

আলোচ্য হাদীসে বর্ণিত বিষয়গুলোই কমিউনিটি মেডিসিনের ভিত্তি। ত্বকের উপকারিতা সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। বগল, নাভীর নীচের পশম, আঙ্গুলের নখ ও গোঁফ বহু জীবাণুর বাসস্থান। জীবাণুগুলো এসব স্থানের ত্বক ভেদ করে অভ্যন্তরীণ অঙ্গকেও আক্রান্ত করে। শুধু আঙ্গুল অপরিচ্ছন্ন থাকার কারণেই টাইফয়েড, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক ব্যাধি বিস্তার লাভ করে। নখের ভিতর বিভিন্ন পরজীবীর ডিম আটকে থাকে। সেগুলো মুখ হয়ে পেটে যায় এবং সেখানে সাপের মত বড় আকার ধারণ করে শরীরের পরিপাকতন্ত্রকে ধ্বংস করে। শরীরের যে যে অঙ্গের ত্বকে ভাঁজ পড়ে যেমন— বগল, আঙ্গুল ও নাভীর নীচ এ সব স্থানে রোগ হওয়ার আশঙ্কা থাকে। শরীরের এসব অঙ্গে রোগ দ্রুত বিস্তার লাভ করে এবং জীবাণু দ্রুত বংশ বৃদ্ধি করে। অতএব, নখ কাটা, গোঁফ ছাঁটা, আঙ্গুলের গ্রন্থি ধৌত করা ও নাভীর নীচের পশম পরিষ্কার করা স্বাস্থ্য রক্ষাকারী মেডিসিনের মূল ভিত্তি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুখ পরিষ্কার রাখা

📄 মুখ পরিষ্কার রাখা


মুখ হলো শরীরের প্রবেশ পথ। মুখের ভিতরে দাঁত, মাড়ি, টনসিল ও মুখবিবর (Oral cavity) থাকে। এসব অঙ্গ খাদ্যকে সহজ প্রাচ্য ও হজমের উপযোগী করে শরীরের ভিতরে প্রেরণ করে। ফলে খাদ্য হজম করা সহজ হয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের জন্য অসীম গুরুত্বপূর্ণ এ অঙ্গটির হেফাজতের জন্য বহু আমল ও ব্যবস্থা শিক্ষা দিয়েছেন যেমন— খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার আগে ও পরে কুলি করা। এতে করে দাঁতের ফাঁকে লেগে থাকা ময়লা দূর হয় এবং দাঁত ও মাড়ি সংক্রমণ থেকে রক্ষা পায়। নামাযের আগে প্রতিদিন ৫ বার মিসওয়াক করার আদেশ করেছেন। মিসওয়াক দাঁতে লেগে থাকা খাবারের সূক্ষ্ম কণাগুলো দূর করে। ফলে সেগুলো দাঁত ও মাড়ির কোন ক্ষতি করতে পারে না। কণাগুলো দীর্ঘ সময় জমে থাকলে দাঁতে অনেক রোগ-ব্যাধি সংক্রমিত হয়। দন্ত বিশেষজ্ঞ প্রতি ছয় মাস ব্যবধানে দাঁত স্কেলিং করার পরামর্শ দেন। কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ অনুসারে মিসওয়াক করলে দাঁত সর্বদা পরিষ্কার থাকে। স্কেলিং এর সাহায্যে দাঁত ওয়াশ করার প্রয়োজন হয় না। অতি গরম, অধিক ঝাল ও লবণাক্ত খাবার খেতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাঁর এই একটি উপদেশ কার্যকর করা হলে মুখকে Pharyngitis ও Stomatitis থেকে রক্ষা করা যেতে পারে।

মুখের পর থেকেই শুরু হয়েছে খাদ্য পরিপাকের দীর্ঘ নালী। সেই নালীরও বিভিন্ন কাজ রয়েছে। পরিপাকতন্ত্রের অংশগুলো একে-অপরের সহযোগী। পরিপাকতন্ত্রে থাকে পরিপাকে সহায়তাকারী গ্রন্থি যথা— লালাগ্রন্থি, পিত্তথলি ও যকৃত। শরীরে প্রবিষ্ট খাদ্য চূড়ান্ত পর্যায়ে এসব গ্রন্থি থেকে আসা এনজাইম বা পাচক রসের সহায়তায় পরিপাক হয়ে রক্তে মিশে। অপ্রয়োজনীয় অংশ মল আকারে দেহ থেকে বের হয়ে যায়। খাবার গ্রহণ করা থেকে মল-মূত্র ত্যাগ করা পর্যন্ত পরিপাকতন্ত্রের প্রত্যেক অংশ বিশেষ দায়িত্ব পালন করে এবং এক একটি অংশের একটি সুনির্দিষ্ট পরিমণ্ডল রয়েছে। এ সব অঙ্গের কাজে সামান্যতম বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেহের পরিচালনা ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং অসুস্থতার দীর্ঘ ধারা শুরু হয়। বলা বাহুল্য, এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য খাবারের মান ও পরিমাণ যথাযথ হওয়া অপরিহার্য। দেখুন এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?

খাবারের পরিমাণের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'মুমিন এক পেটে আহার করে আর কাফের সাত ভূড়িতে ভোজন করে।' হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন 'কোমর সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবার যথেষ্ট। তোমাদের খাবারের একান্ত প্রয়োজন হলে পাকস্থলির একভাগ খাবার ও একভাগ পানি দ্বারা পূর্ণ করবে এবং বাকী এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য শূন্য রাখবে। অন্য হাদীসে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু ভূমিতে মিশিয়ে এক পায়ের পাতা খাড়া করে বসে খানা খেতেন।

আলোচ্য হাদীসগুলোতে পরিমিত খাবার গ্রহণ করার প্রতি ইঙ্গিত রয়েছে। পানি, খাদ্য ও পাচক রসের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। অতঃপর এ গ্যাস পাকস্থলির উপরাংশে চলে আসে। যদি পাকস্থলীকে খাবার দ্বারা একেবারে ভর্তি করা হয় তাহলে গ্যাস অবস্থানের কোন জায়গা অবশিষ্ট থাকে না। ফলে পাকস্থলী নানা রকম রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়— যেমন শ্বাস কষ্ট ইত্যাদি। পক্ষান্তরে সুন্নাত তরীকায় বসার দ্বারা পাকস্থলি সংকোচিত থাকে। ফলে অতি ভোজনের সুযোগ পায় না। মোটকথা মুমিন এক পেটে আহার করে আর কাফের সাত পেটে আহার করে— এ কথা বলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ভোজন ও পরিতৃপ্ত আহারের প্রতি নিরুৎসাহিত করেছেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খাবার রক্তে পরিণত হয়

📄 খাবার রক্তে পরিণত হয়


ভুক্ত খাবার পরিপাকের পর শোষণযোগ্য সরলতম উপাদানে বিশ্লিষ্ট হয়। পরিপাকের চূড়ান্ত পর্যায়ে খাদ্যের জটিল ও বৃহদাকার অণুগুলোই সরলতম উপাদানে বিশ্লিষ্ট হয়। তখনকার মত এগুলো প্রয়োজনের অতিরিক্ত হলে রক্তে মিশে চর্বির আকৃতিতে একত্রিত হয়ে শরীরে শক্তি বর্ধন করে। শরীরের প্রতিটি কোষের খাদ্য হলো গ্লুকোজ যা ব্যতীত শরীর অকেজো। তদ্রূপ, গ্লুকোজের সাথে ইনসুলিন থাকা প্রয়োজন যেহেতু ইনসুলিনের উপস্থিতি ছাড়া গ্লুকোজ শরীরের দেহ-কোষগুলোতে শোষিত হতে পারে না। এই ইনসুলিন একটা বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নিঃসৃত ইনসুলিনের (একটা নির্দিষ্ট পরিমাণ) উপস্থিতিতে দেহ-কোষসমূহ একটি বিশেষ পরিমাণ গ্লুকোজ শোষণ করতে পারে। পরিপাক ক্রিয়ায় সেই বিশেষ পরিমাণের চেয়ে বেশি গ্লুকোজ রক্তে অবমুক্ত হলে অবমুক্ত গ্লুকোজের এই 'বেশি অংশ' রক্তেই থেকে যায়। ফলে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস শরীরের প্রতিটি অঙ্গে প্রভাব ফেলে শরীরের সমস্ত নিয়ম শৃঙ্খলার পরিবর্তন আনে। এ রোগকে ইংরেজীতে Microvascular Angiopathy বলা হয়। অর্থাৎ এ রোগের ক্ষতি রক্তের ক্ষুদ্রাতিক্ষুদ্র ও সূক্ষ্মতিসূক্ষ্ম রক্তবাহিকাগুলোতে পৌঁছে। ফলে কিডনি, চোখ, হৃদপিণ্ড ও শরীরের অন্যান্য অঙ্গ প্রভাবিত হয়। তাই খাওয়ার ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ অনুসরণ করা হলে এ সকল রোগ-ব্যাধি থেকে সহজে মুক্ত থাকা যাবে।

একবার মিসর থেকে মদিনায় আগত এক ডাক্তার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ তুলল, 'আমার কাছে মদীনার কোন রোগী আসে না। এটা আমাদের প্রতি আপনার অবজ্ঞা নয় কি? অথচ আপনাদের খেদমতের জন্য আমাকে পাঠানো হয়েছে।' তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডাক্তারকে বললেন, 'এটা মূলত তোমাদের প্রতি আমাদের অবজ্ঞা নয়। বরং আমাদের কেউ অসুস্থই হয় না। কেননা ক্ষুধার অনুভূতি প্রচণ্ড না হওয়া পর্যন্ত আমরা খাবার হাত বাড়াই না এবং কিছু ক্ষুধা অবশিষ্ট থাকতেই আমরা খাবার থেকে হাত গুটিয়ে নেই।'

উপরোক্ত হাদীসগুলো শরীরের বিভিন্ন রোগ যথা— ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অর্ধাঙ্গ ইত্যাদি থেকে বাঁচার সতর্কতামূলক শ্রেষ্ঠ ব্যবস্থা। অধিক ভোজনে রক্তনালীতে চর্বি জমে যাওয়ায় সেগুলো বন্ধ হয়ে যায় এবং হৃদপিণ্ডের কম্পন বেড়ে যায়। এটা সমগ্র শরীরকে প্রকম্পিত করে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগেই বলেছেন, 'শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে। এটা নষ্ট হলে সমস্ত শরীর নষ্ট হয়। আর ভালো থাকলে সমস্ত শরীর ভাল থাকে। মনে রাখবে, সেই টুকরাটি হলো হৃদপিণ্ড।' এই হাদীস ও খাওয়া সংক্রান্ত অন্যান্য হাদীসগুলো এক সাথে বিবেচনায় আনলে বহু রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00