📄 মহানবী ﷺ-এর আলাপচারিতা (Nabvi Conversaton)
হযরত আমেনা রাযি. বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা-বার্তা তোমাদের মত অনর্গল ও ব্যস্তবাগিশ সুলভ ছিল না; বরং তিনি ভাবব্যঞ্জক ও স্পষ্ট কথা বলতেন। প্রতিটি বাক্য আলাদা আলাদা হত। শ্রোতা খুব ভালভাবে বুঝতে পারত। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন আবছাভাবে কিংবা তাড়াহুড়া করে কথা বলতেন না যে কিছু অংশ বুঝা যায়, আর কিছু অস্পষ্ট থাকে। বরং তিনি শান্ত-শিষ্টভাবে স্পষ্ট করে কথা বলতেন যাতে শ্রোতা ভালভাবে বুঝতে পারে।
হযরত আনাস রাযি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো কোন বক্তব্যকে পরপর তিন বার বলতেন যাতে শ্রোতা ভালভাবে উপলব্ধি করতে পারে। অর্থাৎ বিষয় দুর্বোধ্য হলে ধ্যান ও ভাবনা-চিন্তা করে অনুধাবন করতে পারে। সমাবেশ বড় হলে শ্রোতাদের দিকে ফিরে তিন বার বলতেন যাতে উপস্থিত লোকজন ভালভাবে বুঝতে পারে। তিন বার হল সর্বশেষ সীমা। অন্যথায় দু'বার বলাতে যথেষ্ট হলে দু'বারই বলতেন। তিনবার বলতেন না।
📄 আর্জেন্টিনা ভ্রমণ এবং আলাপচারিতার আদব
একবার বন্ধু শিবলীর সাথে এক ঝিলের (হ্রদ) পার্শ্ব দিয়ে পায়চারি করছিলাম। সে আমাকে তখন বলল, 'আপনি কি কখনো সে প্রফেসরের সাথে সাক্ষাত করেছেন?' আমি বললাম, 'না'। পরে আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, 'তিনি অনেক বড় মনোরোগ বিশেষজ্ঞ'।
পরের দিন তার সাথে সাক্ষাত করে জানালাম, 'একমাত্র আপনার সাক্ষাতেই আমরা এখানে এসেছি।' এতে তিনি খুব আনন্দিত হলেন। এ কথা প্রসঙ্গে তিনি জীবন-যাপনের কিছু মূল নীতি তুলে ধরলেন। এ সবের মাঝে আলাপচারিতা প্রসঙ্গে তিনি বললেন, 'অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, থেমে থেমে কথা বলুন, অপরকে শোনার সুযোগ দিন, নিজেও শুনুন, অপরকেও শোনান। বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হলে বারবার বলতে পারেন। অন্য কেউ কথা বললে তার দিকে ফিরে পরিপূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন।' (Journey of Argentine and Manners of Conversation)
📄 দ্রুত গতিতে হাঁটা (Light Pacing)
হযরত আবু হুরাইরাহ রাযি. বলেন, আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কাউকে বেশি সুন্দর দেখি নি। মনে হয়, তাঁর চেহারায় সূর্য চমকাচ্ছে। আমি কাউকে তাঁর মত দ্রুত চলতেও দেখি নি। মনে হয়, তাঁর সম্মানে যমীন নিজেকে সংকুচিত করছে (যেমন— দু'মিনিট পূর্বে ছিলেন এখানে, কিছুক্ষণ পর চলে গেলেন ওখানে)। তাঁর সমান গতিতে চলতে আমাদের খুব কষ্ট হত। অথচ তিনি স্বাভাবিক গতিতে চলতেই থাকতেন।
📄 হাকীম এস.এম. ইকবালের পর্যবেক্ষণ
ইউরোপ সফরে আমি দেখেছি তারা দ্রুতগতিতে চলাফেরা করছে। মনে হচ্ছে যেন তারা পলায়ন করছে। তারা সময় বাঁচানোর জন্য দ্রুত বেগে চলে। তাদের কাছে সময় অমূল্য সম্পদ। এ কারণেই তারা পার্থিব সফলতার শীর্ষে রয়েছে। অথচ আমি মুসলিম দেশে জনগণকে অত্যন্ত ধীরগতিতে অলসভাবে চলতে দেখেছি। মনে হয় যেন তাদের কাছে সময় এক মূল্যহীন বস্তু। এ জন্যই সমষ্টিগতভাবে মুসলিম সমাজ অনেক পিছিয়ে রয়েছে।
পূর্বোল্লিখিত বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্ম-পদ্ধতির মাধ্যমে মূলত সময়ের গুরুত্ব বুঝিয়েছেন এবং মুসলমানদেরকে প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করার শিক্ষা দিয়েছেন। একবার হযরত উমর রাযি. এক যুবককে ধীর গতিতে হেঁটে যেতে দেখলেন। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, 'তোমার কি কোন রোগ-ব্যাধি আছে?' সে বলল, 'না'। তখন হযরত উমর রাযি. তার লাঠি উঠিয়ে ধমকাতে ধমকাতে বললেন, 'রাস্তায় যথাসম্ভব দ্রুত চল।' নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলাকালীন দৃঢ়ভাবে পা রেখে চলতেন। মনে হত তিনি যেন নিম্নভূমিতে অবতরণ করছেন।