📄 ঋণ গ্রহণ
বিভিন্ন সময় মানুষ নিজের বাণিজ্যিক প্রয়োজনে বা সমস্যার কারণে অন্যের থেকে করজ গ্রহণ করে। এভাবে দুজন মানুষের মধ্যে এক বিশেষ ধরনের সম্পর্ক গড়ে উঠে। ইসলাম ঋণদাতা ও ঋণগ্রহীতা উভয়ের হকের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। একদিকে ঋণদাতাকে নির্দেশ দিয়েছে ঋণগ্রহীতা অসহায় দরিদ্র হলে এবং নির্ধারিত সময় ঋণ পরিশোধ করতে না পারলে তাকে অতিরিক্ত সময় দিবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ক্ষমা করে দাও, তবে তো যারপরনাই লাভ। অপরদিকে ঋণগ্রহীতাকে বলেছে: যখন ঋণ গ্রহণ করবে, তখন ঠিকমতো আদায় করার নিয়তে নিবে। আল-কুরআনের নির্দেশ হল, যদি তোমাদের ঋণ গ্রহীতা অস্বচ্ছল হয়, তবে তাকে আরও সুযোগ দাও। যদি দান করে দাও তথা ঋণ ক্ষমা করে দাও, তবে তা তোমাদের জন্য অতি উত্তম। (সূরা বাকারাহ : ২৮০)
• নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন; যে ব্যক্তি কোনো ঋণগ্রহীতাকে সুযোগ দিবে বা ঋণ ক্ষমা করে দিবে, আল্লাহ তাকে কিয়ামত দিবসে নিজের ছায়ায় মধ্যে স্থান দিবেন। (মুসলিম)
• আবু হুরাইরা রাযি. বর্ণনা করেছেন, ধনীর করজ পরিশোধে টালবাহানা করা অবিচার। (বুখারী)