📄 কাপড় পরিধান করার তরীকা
মুরব্বীদের নিকট শুনেছি, কাপড় পরিধান করার সময় তা ভালো করে ঝেড়ে নিও। তদ্রুপ শোয়ার সময় বিছানাপত্র উত্তমরূপে পরিষ্কার কর ও ঝাড়া দাও। তারপর গরমের সময় একদিন কাপড় পরিবর্তন করছিলাম, মনে হল কাপড়টা প্রথমে ঝাড়া দেই। যখনই সেলোয়ার ঝাড়া দিলাম, দেখলাম- একটি বিচ্ছু টপ করে নিচে পড়েছে। সাথে সাথেই বিচ্ছুটিকে মেরে ফেললাম। এভাবে আল্লাহ তা'আলা বিপদ থেকে উদ্ধার করলেন।
📄 একটি সুন্নতের বরকত
আগের কালে গাড়ি রাখাটা বড়ই কষ্টকর ছিল। বিশেষ করে সরকারী চাকরি জীবীদের জন্য। ১৯৫৭ সালে আমি কমিশনের সাক্ষাৎকার বোর্ডে গেজেটেড পোষ্ট মেডিকেল অফিসারের জন্য উপস্থিত হই। এম.বি.বি এস রেকর্ডপত্র মোতাবেক আমি প্রথম শ্রেণীতে প্রথম ছিলাম। এছাড়া আমার কাছে অনেক সনদপত্র ছিল। কিন্তু সুন্নত সম্মত দাঁড়ির কারণে আমাকে বলা হল, আমরা একজন অফিসার চাচ্ছি; মসজিদের ইমাম নয়। এভাবে আমাকে বাছাই বোর্ড থেকে বাদ দেওয়া হল। আমি ধৈর্য ধরলাম। পরবর্তীসময়ে দ্বিতীয় বাছাইতে মনোনীত হয়েছি, তবে ১৫০ জন অফিসারের জুনিয়ার হিসেবে। পরবর্তীসময়ে আল্লাহ তা'আলা তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত অনুযায়ী চলার কারণে খুব সম্মান ও মর্যাদা দান করলেন। আমি অন্যান্যদের চেয়ে অতিরিক্ত দুটি উচ্চতর ডিগ্রী অর্জন করায় অতি দ্রুত প্রফেসর হয়ে ১৫০ জনের সিনিয়র হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নতের উপর আমল করলে কোনো কোনো সময় পরীক্ষা আসে বটে। কিন্তু ধৈর্য ধারণ করলে আল্লাহ তা'আলা অবশ্যই এর প্রতিদান দেন।