📄 একটি প্রশ্ন
এক্ষেত্রে অধিকাংশ সময় আধুনিক শিক্ষায় শিক্ষিতগণ একটি প্রশ্ন করে থাকেন। সেটি হল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেখানে দিন হয় ছয় মাসে এবং রাত হয় ছয় মাসে অর্থাৎ তাদের একদিন আমাদের এক বছরের সমান হয়। সেখানে তো কুরআনে বর্ণিত সময় অনুযায়ী অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযা রাখা একজন মানুষের শক্তির বাইরে এবং অসম্ভব কাজ নয় কি? এ প্রশ্নের জবাব হল, আমরা প্রথমেই বলেছি, ইসলাম কারও উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপানোর পক্ষপাতি নয়। দ্বিতীয়ত সেখানকার বাসিন্দাগণ যেভাবে কাজকর্ম, শোয়া, খাওয়ার জন্য সময় নির্ধারণ করে থাকে, তেমনিভাবে নামায পড়া ও রোযা রাখার সময়ও নির্ধারণ করতে পারে।
যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজুজ-মাজুজের সময় একদিন এক বছরের সমান হবে। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, তখন কি আমাদের একদিনের নামাযই যথেষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- না, সময়ের অনুমান করে নিরে।