📄 টাখনুর উপর পোশাক পরিধান করা
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লুঙ্গি পায়ের গোছার অর্ধেক পর্যন্ত হওয়া উচিত। আর তার নিচে টাখনু পর্যন্ত হতে পারে। টাখনুর নিচে যে অংশে লুঙ্গি ঝুলন্ত থাকবে, সেই অংশটুকু অগ্নিতে জ্বলবে। আর যে ব্যক্তি অহংকার বশত লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে পরবে আল্লাহ তা'আলা কেয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না। (আবু দাউদ)
তাহের মুনির সাহেব একজন ব্যবসায়ী ও শিক্ষিত লোক ছিলেন। তিনি বলেন, আমি একবার আমেরিকা (মিসিগান সিটি) ভ্রমণে গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম একটি স্বাস্থ্য কমপ্লেক্স (Health Centre)। আমার বন্ধু বললেন- এখানে চল, তোমাকে একটি মজার জিনিস দেখাচ্ছি। আমরা গিয়ে পৌঁছলাম সেই কমপ্লেক্সে। তার মধ্যে রয়েছে অনেকগুলি বিভাগ। ঘুরতে ঘুরতে একসময় আমরা পোশাক বিভাগে পৌছলাম। সেখানে এক লেখা রয়েছে, স্যালোয়ার (পোশাক) টাখনুর উপরে পরিধান করুণ। এতে টাখনু ফুলে যাওয়া, যকৃত ও উম্মাদনা রোগ থেকে রক্ষা পাবেন। তা দেখে তো আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম- এ সেন্টার কি মুসলমানদের? বলল, না। এটা খ্রিস্টানদের একটি গবেষণা কেন্দ্র।
এখানে তারা স্বাস্থ্য সম্পর্কীয় বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালায়, এর মধ্যে কিছু ইসলামি বিষয়ও গবেষণাধীন রয়েছে। স্যালোয়ার টাখনুর নিচে পরিধান করলে কতিপয় গুরুত্বপূর্ণ ধমনী আবৃত থাকে বলে দেহে উপরিউক্ত পরিবর্তন সৃষ্টি হয়।
📄 আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রেশমী কাপড়
• হাদীস : রেশমী কাপড় ব্যবহার করা পুরুষদের জন্য হারাম। কিং এওয়ার্ড এর আলোচনা করতে গিয়ে ডা. ব্রাউন বলেন, তিনি কখনো রেশমী পোশাক পরিধান করতেন না। একবার তিনি নিজের শরীরে তীব্র তাপ ও অস্থিরতা অনুভব করলেন এবং ক্রোধ বুঝতে পারলেন। অথচ ইতোপূর্বে এ ধরনের অবস্থা তার কখনো সৃষ্টি হয় নি। এ ব্যাপারে তিনি ডাক্তারের পরামর্শ নিলেন। ডাক্তারগণ তাকে শরীরে প্রলেপ ও সেবনের জন্য কিছু ঔষধ দিলেন। কিন্তু কোনোই ফল হল না। তখন তিনি সর্বদা রেশমী পোশাক পরিধান করতেন। একবার তিনি রেশমী পোশাক খুলতেই কিছু শান্তি অনুভব করলেন। তারপর তিনি দুই দিন যাবত অন্য পোশাক পরলেন। দেখতে পেলেন, অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। এবার তিনি কিছু দিনের জন্য রেশমী পোশাক ছেড়ে দিলেন। এতে তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন।
📄 মহিলাদের পায়ের পাতা পর্যন্ত কাপড় পরার বিধান
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে টাখনুর নিচে কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন। (মাদারিজুন নুবুওয়াহ্) মহিলারা যদি পা খোলা পায়াজামা বা টাখনুর উপর কাপড় পরিধান করে, তাহলে তাদের নারী, জনিত Hormone এর হ্রাস বৃদ্ধির ফলে শরীরের ভিতর ফুলে যাওয়া (Vaginal Inflammation), কোমর ব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, খিঁচুনী ইত্যাদি রোগ দেখা দেয়।
📄 পোশাকের পরিচ্ছন্নতা ও আধুনিক বিজ্ঞান
• হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- আল্লাহ তা'আলার নিকট মুমিন ব্যক্তির সকল সৌন্দর্যের মধ্যে পোশাকের পরিচ্ছন্নতা ও অল্পেতুষ্ট থাকার গুণ অন্যতম।
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ময়লা ও দুর্গন্ধযুক্ত কাপড় অপছন্দ করতেন। (উসওয়ায়ে রাসূলে আকরাম)
মনোবিজ্ঞানীগণ পোশাকের পরিচ্ছন্নতার উপর যথেষ্ট গুরুত্বারোপ করে থাকেন। কেননা পোশাকের পরিচ্ছন্নতার সম্পর্ক থাকে মানুষের গোটা জিন্দেগীর সাথে। মা-বাবার পোশাক যদি পরিচ্ছন্ন না হয়, তা হলে তার সন্তানসন্তুতি এ অবস্থা দেখে নিজেদের জীবন তদানুরূপই গঠন করবে।
মানুষ যদি অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করে অপর মানুষের সাথে মিলিত হয়, তখন সমাজে তার প্রতি সম্মানের দৃষ্টি পড়বে না বরং তাকে হীন দৃষ্টিতে দেখা হবে। আর এ দৃষ্টি উভয়ের মধ্যে মনোস্তাত্ত্বিক (Psychological) রোগে আক্রান্ত করে তোলে। অপরিচ্ছন্ন পোশাকের উপর দুর্গন্ধ, ময়লা-আবর্জনা ও বিভিন্ন জীবাণু (Germs) লেগে থাকে। আর অনেক জীবাণু থেকে নানা রোগ-ব্যাধি (Infections Germs) ছড়ায়। এতে গোটা সমাজে ব্যাধি বিস্তার হয়ে পরিবেশ-পরিস্থিতিকে কলুষিত করতে পারে। Sterilisation বা পরিচ্ছন্নতা ইসলামই ইউরোপকে উপহার দিয়েছে।
অথচ ইউরোপের ইতিহাসে একথা স্পষ্ট প্রমাণিত যে, এরা অনেকে কয়েক মাস পর্যন্ত গোসলবিহীন অবস্থায় কাটিয়ে দেয়। কেননা এরা হল বরফ প্রধান দেশের লোক। এজন্য এরা বাহ্যিক পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে এবং দেহের দুর্গন্ধ দূর করার জন্য শুধু বডি স্প্রে ব্যবহার করাকেই যথেষ্ট মনে করে। তাদেরকে বাহ্যিক পরিচ্ছন্নতা পদ্ধতি ইসলামই শিক্ষা দিয়েছে।
প্রসিদ্ধ ডাক্তার সার্জন উইলিয়াম যিনি জর্জ আলেকজাণ্ডারের চিকিৎসা করেছিলেন। তিনি বলেন- ইউরোপিয়ানগণ পোশাকের পরিচ্ছন্নতা সম্বদ্ধে অসচেতন ছিলেন। পোশাক পরিষ্কার-পরিচ্ছন্ন করাটা তাদের নিকট এমন কষ্টকর মনে হত, যেমন- হাতের নখ কাটাকে তারা বিরক্তিকর মনে করত। তারপর তুর্কীদের কাছ থেকে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জ্ঞান অর্জন করে। আর একথা স্পষ্ট যে, তুর্কীরা সকলেই ছিল মুসলমান।