📄 পেশাবদানী
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চৌকির নিচে একটি পেশাব করার পাত্র (হাজতী) রাখা হত। রাতে তিনি তার মধ্যে পেশাব করতেন। (রাহবারে জিন্দেগী)
এটাচ বাথ (ঘর সংলগ্ন শৌচাগার) রাখার পিছনে ইউরোপীয়রা কারণ দর্শিয়েছে যে, শীতকালে মানুষ পেশাব-পায়খানা করতে গৃহের গরম বিছানা ছেড়ে (যার ভিতর শয়ন করা হয়) বাইরে গেলে প্রচণ্ড ঠাণ্ডা বাতাস গায়ে লাগে। ফলে পক্ষাঘাত রোগ, মুখের অর্ধাঙ্গ রোগ, জোড়াসমূহের ব্যথা ইত্যাদি মারাত্মক রোগে আক্রান্ত হয়। সে জন্য এমন ব্যবস্থা স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি। 'হাজতী' অনুরূপ একটা বাথরুমের মতো। স্বাস্থ্য রক্ষামূলক' এ ব্যবস্থাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের মুসলমান জাতিকে দেখিয়েছেন।
প্রকাশ থাকে যে, তাফসীরকারকগণ উক্ত বিষয়ে মতানৈক্য করেছেন। কারও কারও মতে হতে পারে বিশেষ প্রয়োজনে তিনি এমন করেছেন অথবা প্রচণ্ড ঠাণ্ডায় এরূপ ব্যবস্থা অবলম্বন করতেন। (রাহবরে জিন্দেগী)
📄 পানির পাত্রের মুখ বন্ধ করে রাখা
মশক তথা বর্তমান কলস, ঘড়া, বালতি ইত্যাদির মুখ খুলে রাখলে ক্ষতিকর পোকামাকড়, কীটপতঙ্গ, সাপ, বিচ্ছু, ইঁদুর পাত্রের মধ্যে প্রবেশ করতে পারে। এমন ক্ষতির আশঙ্কায় পাত্রের মুখ বেঁধে রাখা দরকার।
এ বিষয়ে সাবধানতা অবলম্বনের পূর্বাভাষ দিয়েছে।এ ছাড়াও বদনার নালীর মুখে মুখ রেখে পানি পান করতেও নিষেধ করেছে। কেননা এতে ক্ষতিকর প্রাণী মুখের মধ্যে চলে যেতে পারে। এ সতর্কতাই আজকের আধুনিক জীবন যাত্রায় একটি নতুন সংযোজন ও সমাদৃত অধ্যায় হিসেবে আখ্যায়িত হচ্ছে।
📄 ঘুম থেকে উঠার পর তৎক্ষণাৎ হাত ধৌত করা
ঘুম হতে ওঠার পর হাত ধৌত করার ব্যাপারে হাদীসে নির্দেশ রয়েছে। রাতে নিদ্রা অবস্থায় হাত কিসের সাথে লেগেছে, তা কারও জানা নেই। তাই হাতে থাকতে পারে নানা রোগজীবাণু। এখন যদি ওই রোগ জীবাণুসহ হাত পানিতে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে সেই পানিও বিষাক্ত হয়ে পড়বে। এ মারাত্মক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলাম নিদ্রা থেকে ওঠার সাথে সাথে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। কৃমি রোগীর অনেকেরই নখের মধ্যে কৃমির ডিম লুকিয়ে থাকে। তাই হাত ধোয়া ছাড়া পানিতে ডুবিয়ে দিলে, সেই ডিম পানিতে মিশ্রিত হয়ে অন্যের জন্য অনিষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে।
📄 শক্ত মাটিতে শয়ন করা
শক্ত মাটিতে শয়ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান অভ্যাস। কোমরে ব্যথা রোগীদের জন্য শক্ত মাটি বা কাঠের উপর শয়ন করার পরামর্শ দেওয়া হয়। এমনকি আধুনিক গবেষণা (Modern Research) অনুযায়ী যে ব্যক্তি শক্ত মাটি বা কাঠের উপর শয়ন করবে, সে কখনো মেরুদণ্ডের ব্যথা (Sciatica) এবং (Inflammation Spinal Cord) কোমরের ব্যথায় আক্রান্ত হবে না। ইসলাম আমাদেরকে শত শত বছর পূর্বে এগুলির শিক্ষা দিয়েছে এবং খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে আমল করে তা দেখিয়ে গেছেন।