📘 সুন্নাহ্ র সান্নিধ্যে > 📄 প্রসঙ্গ কথা

📄 প্রসঙ্গ কথা


ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (আইআইআইটি) অতীব আনন্দের সাথে সুন্নাহ্ ওপরে লিখিত এই পাণ্ডিত্যপূর্ণ পুস্তকখানি উপহার দিচ্ছে। মূলত, ১৯৯০ সালে এটি 'কাইফা নাতা'আমাল মা'আ আল-সুন্নাহ্' নামে আরবি ভাষায় প্রকাশিত হয়। গ্রন্থকার ইউসুফ আল কারাযাভী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত এবং এ ক্ষেত্রে বিশেষজ্ঞ।
এ গ্রন্থে তিনি একজন শিক্ষক হিসেবে সুন্নাহ্ উপস্থাপন, এর ঐক্যবদ্ধ ও সংহতিপূর্ণ প্রকৃতি, এর ভারসাম্য ও আধুনিকতার প্রতি গুরুত্ব প্রদানে তাঁর বিপুল পাণ্ডিত্য ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। বর্তমান যুগের মুসলিমদের জীবনে উদ্ভূত বিভিন্ন ইস্যুতে শরিয়াহর ঐতিহ্যপূর্ণ জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে তাঁর যুক্তি অখণ্ডনীয় ও সাহসিকতাপূর্ণ। হাদিসের বিভিন্ন প্রকার ব্যাখ্যাকে নিয়ে সৃষ্ট মতপার্থক্য নিয়ে তিনি আলোচনা করেছেন, সন্দেহযুক্ত, প্রায়শ ভুল তথ্যসম্পন্ন, যুক্তিসমূহ যা এসবের মধ্যে অন্তর্নিহিত (দুর্ভাগ্যক্রমে ব্যাপক বিস্তৃত) রয়েছে। তিনি দুর্বল (যয়িফ) হাদিসসমূহের সমস্যা পরীক্ষা করেছেন, আইনগত বাধ্যবাধকতার সাথে এগুলো স্পষ্ট করেছেন এবং নৈতিক নির্দেশনার ক্ষেত্রে এসবের প্রাসঙ্গিকতা ও কর্তৃত্ব ব্যাখ্যা করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে সুন্নাহ্র ব্যবহারকে সহজ করার যুক্তি দেখিয়েছেন; কারণ, যেমনটা তিনি নির্দেশ করেছেন, সুন্নাহ্ হচ্ছে কুরআনের আনুকূল্য লাভের বাহন, যা আশা জাগানিয়া, কষ্টদায়ক নয়। তিনি বলেন, মুসলিমদের অবশ্যই তাদের অবহেলা ও পশ্চাদপদতা দূর করতে হবে সুন্নাহকে বুঝবার ক্ষেত্রে; এর জ্ঞানে সমৃদ্ধ ও স্বয়ম্ভর হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে; এবং তা তাদের যথার্থ ও জ্ঞানময়তা, আদব, আন্তরিকতা ও আধুনিকতা দিয়ে প্রয়োগ করতে হবে।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইআইআইটি ইসলামি দর্শন, মূল্যবোধ ও নীতির ওপর ভিত্তি করে পরম পাণ্ডিত্যপূর্ণ প্রচেষ্টা-সহায়ক একটি কেন্দ্র হিসেবে কাজ করছে। গবেষণা, সেমিনিনার ও কনফারেন্স প্রভৃতি কর্মসূচি গত ২৫ বছর ধরে চলে আসছে, যার ফলে ৩০০-এরও অধিক বইপুস্তক ইংরেজি, আরবি এবং অন্যান্য ভাষায় প্রকাশিত হয়েছে।

📘 সুন্নাহ্ র সান্নিধ্যে > 📄 ইংরেজি অনুবাদকের বক্তব্য

📄 ইংরেজি অনুবাদকের বক্তব্য


কৃতজ্ঞতা স্বীকার
এ অনুবাদ কর্মটি হাতেই নেওয়া যেত না, বা নিলেও এর সামান্যই সম্পন্ন হতো, যদি না সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টাডিজ অক্সফোর্ড কেন্দ্রে কর্মরত রিসার্চ ফেলো মোহাম্মদ আকরাম নদভী'র তত্ত্বাবধান মিলত। তার উৎসাহ প্রদান এবং অনেক ভুল থেকে আমাকে উদ্ধার করতে তার সহায়তার জন্য আমি সানন্দচিত্তে তার প্রতি আমার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরও যেসব প্রমাদ ও সীমাবদ্ধতা রয়ে গেছে তার দায়ভার আমারই, তার নয়।
উদ্ধৃতিযুক্ত বিষয়ের অনুবাদ
প্রয়োজনের তাগিদেই ইউসুফ আল কারাযাভীর গ্রন্থখানিতে হাদিস এবং অতীত ও বর্তমানের পণ্ডিত বিশেষজ্ঞদের বিস্তারিত বক্তব্য ও এতদসংক্রান্ত আলোচনা সন্নিবেশিত। প্রায় সব ক্ষেত্রেই সুন্নাহ্র সমসাময়িক প্রয়োগের লক্ষ্যে এ উদ্ধৃতিগুলো নির্দেশনা হিসেবে উপস্থাপিত। এ বিষয়ে উপস্থাপনায় পাঠযোগ্যতার চেয়ে সঠিকতাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। আক্ষরিক অনুবাদ, আরবি শব্দ, শব্দক্রম ও কাঠামোর সীমাবদ্ধতায়, ইংরেজিতে এটা ছিল প্রায় সম্পূর্ণ অবোধগম্য। সেমতে, উদ্ধৃত বিষয়ের বোধগম্যতার জন্য হুবহু উপস্থাপনার চেষ্টা করেছি। এর অর্থ হলো: যেখানে প্রয়োজন হয়েছে, সর্বনামের স্থলে উপযুক্ত বিশেষ্য আনা হয়েছে; সংযুক্তিগুলোকে বিরতিচিহ্ন দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে; যৌক্তিক অর্থ অনুযায়ী প্রসঙ্গের ক্ষেত্রে তা পেশ করা হয়েছে (যেমনটা আমি বুঝেছি সেভাবে), তাই একই সংযুক্তি বিভিন্ন প্যারায় বিভিন্নভাবে অনূদিত হয়ে থাকতে পারে; ক্রিয়াগুলোকে কাল/ভাব অনুযায়ী রাখা হয়েছে যাতে প্রসঙ্গ অনুযায়ী সঠিকতম ভাব প্রকাশিত হয়; কিছু ক্ষেত্রে নির্ভরশীল বাক্যাংশগুলোকে বিভক্ত করা হয়েছে ছোট ছোট বাক্যের এককে, যেখানে এমনটা উপযোগী ছিল।
বোধগম্যতার সাথে এত আপোষের পর 'যথার্থতা'র কী অবশিষ্ট থাকে? যা থাকে তা প্রমাণিত হবে তৃতীয় বন্ধনীর ব্যবহার দ্বারা যেখানে প্রকৃত বাক্যের বিভক্তির দৃষ্টান্ত রয়েছে বা একটি সর্বনামকে শব্দান্তরে প্রকাশ করা হয়েছে।

📘 সুন্নাহ্ র সান্নিধ্যে > 📄 দ্বিতীয় সংস্করণে গ্রন্থকারের মুখবন্ধ

📄 দ্বিতীয় সংস্করণে গ্রন্থকারের মুখবন্ধ


প্রশংসা ও শুকরিয়া মহান আল্লাহ তায়ালার। তাঁরই অনুগ্রহে পুণ্যকর্ম সম্পাদিত হয়ে থাকে, তাঁরই দয়ায় উত্তম ও কল্যাণময় বস্তু আমাদের কাছে পৌছে এবং তাঁরই দেওয়া সামর্থ্যে উদ্দেশ্য বাস্তবায়িত হয়। যিনি সমস্ত প্রাণিকূলের জন্য আল্লাহ তায়ালার 'রহমত ও সান্ত্বনা', বিশ্বাসীদের জন্য যিনি সদা দয়ার্দ্রচিত্ত এবং সমগ্র মানবজাতির প্রতি যাঁর গভীর যুক্তিবোধ, আমাদের সেই পরিচালক, নেতা ও আদর্শ, আমাদের অতিপ্রিয় ও শিক্ষাদাতা মুহাম্মদ সা.-এর ওপর আল্লাহর আশিস সালাত ও শান্তি বর্ষিত হোক এবং তাঁর সাহাবিগণ, আহলে বায়িত এবং কিয়ামত পর্যন্ত যাঁরা তাঁর পথের পথিক ও তাঁর সুন্নাহ্ দ্বারা সঠিকভাবে পরিচালিত, তাদের জন্য রহমত ও শান্তি।
সুন্নাহ্ হচ্ছে দ্বিতীয় ওহি বা ওহিয়ে গাইর মাতলু। নবি সা. কর্তৃক কুরআনের প্রকাশ। মুসলিমদের জন্য এটা আইনগত সিদ্ধান্তের এবং নৈতিক নির্দেশনার দ্বিতীয় উৎস। তাই মুসলিমদের কর্তব্য হচ্ছে পূর্ণ উপলব্ধি, প্রত্যয় ও দৃঢ় সংলগ্নতার সাথে সুন্নাহকে ধারণ করা, তাদের কাজের মধ্যে, তাদের আচরণের মধ্যে এবং দ্বীনের দাওয়াত ও শিক্ষা দানের মধ্যে। এ বাস্তবতার আলোকে এটা বিশেষভাবে এমন হয়েছে যে, যুগব্যাপী পশ্চাৎপদতার কারণে নবি সা.-এর সুন্নাহ্ প্রতি মুসলিমদের শ্রদ্ধার অবনতি ঘটেছে, ঠিক যেমন তাদের সার্বভৌম প্রভু প্রতিপালকের কুরআন সম্পর্কেও অবনতি হয়েছে। মুসলিম পণ্ডিত, প্রচারক ও চিন্তাবিদ এবং যারা দ্বীনের নবায়ন ও উম্মাতের সংস্কারের ব্যাপারে চিন্তা করেন এবং তাদের অন্তরে আলো জ্বালাতে এবং হৃদয়ের জাগরণ ও ক্ষমতার সক্রিয়তা চান তাদের জন্য অবশ্য কর্তব্য এ ক্ষেত্রে পূর্ণ দায়িত্বের সাথে দণ্ডায়মান হওয়া।
এ গ্রন্থটি (এটি ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক খ্যট কর্তৃপক্ষের অনুরোধে লিখেছিলাম) এই ক্ষেত্রে আমার অবদান। এগার বছরেরও বেশি সময় ধরে মিসর ও বৈরুতে-এর এক ডজন বা তার বেশি সংস্করণ দেখা গেছে। এই সময়ের পরে এর পরিমার্জন, উন্নয়ন ও পূর্ণত্ব সাধনে আমার দৃষ্টি দেওয়া উচিত - অন্যান্য দায়িত্ব ও প্রতিশ্রুতির সীমাবদ্ধতায় আমার পক্ষে যদিও এটা সহজ নয়। যাহোক, সৌভাগ্যক্রমে এ বইয়ের জন্য, আমি বিরামহীনভাবেই কাজ করতে পেরেছি, এর সব অংশ যুক্ত করতে পেরেছি এবং অন্যভাবে মূলপাঠ ও টীকা লিখতে, পরিশ্রুত ও পরিমার্জিত করতে পেরেছি যতক্ষণ না বইটি এর প্রকৃত আকারের এক-তৃতীয়াংশের কাছাকাছি পৌছে। এটা মহান আল্লাহ তায়ালার দেওয়া সামর্থ্য ও অনুগ্রহ। আমি আশা করি যে, আমার দ্বীনী ভাইয়েরা যারা অন্যান্য ভাষায় বইটি অনুবাদ করেছেন, তারা এ সংস্করণের ওপর নির্ভর করে পূর্বের অনুবাদ সংশোধন করে সেগুলোকে পূর্ণ করতে পারবেন যাতে এ সংস্করণে তারা মূল আরবি থেকে বিচ্যুত না হন।
আমি মহান আল্লাহ তায়ালার প্রশংসা করি ও তাঁর শুকরিয়া জ্ঞাপন করি। কারণ তিনি আমাকে অনেকগুলো বইয়ের মাধ্যমে সুন্নাহর খিদমত করার সুযোগ দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে: সুন্নাহ্, জ্ঞান (মা'রিফাত) এবং সভ্যতার উৎস; সুন্নাহ্ অধ্যয়নের ভূমিকা, নবি ও জ্ঞান (ইলম); আল-মুনজিরির তারগিব ওয়া আল- তারহিব এর নির্বাচিত অংশ, কুরআন ও সুন্নাহ্ অনুযায়ী ইসলামে সর্বোচ্চ কর্তৃত্ব... এবং অন্যান্য বই যা পরোক্ষভাবে সুন্নাহ্ সম্পর্কিত যেমন- সকল সময় ও স্থানের জন্য ইসলামের শরিয়াহ সঠিক; ইসলামী শরিয়াহ অধ্যয়নের ভূমিকা; আধুনিক মুসলিমের জন্য সহজীকৃত ফিকহ্-এর প্রথম অংশ...।
এটা আমার জন্য স্বস্তিদায়ক যে, দার আল-শুরূক এই বিস্তারিত ও সংশোধিত সংস্করণের দায়িত্ব গ্রহণ করেছে। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, এ বই যেন এর লেখকের জন্য কল্যাণবাহী হয়, এর পাঠক, প্রকাশক এবং অন্য সকলের জন্য যারা এর কল্যাণ গ্রহণে আগ্রহী। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বশ্রোতা ও সাড়াদানকারী।
সর্বপ্রথমে ও সর্বশেষে সকল প্রশংসা ও শুকরিয়া মহান আল্লাহরই প্রাপ্য।
ইউসুফ আল কারাযান্ডী কায়রো, জুমাদা ১, ১৪২১ হিজরি আগস্ট ২০০০

📘 সুন্নাহ্ র সান্নিধ্যে > 📄 কুরআন থেকে

📄 কুরআন থেকে


নিশ্চয়ই আল্লাহ মু'মিনদের প্রতি অত্যধিক অনুগ্রহ করেছেন, যখন তাদের কাছে তাদের মধ্য থেকে একজনকে রসুল করে প্রেরণ করেছেন, তিনি তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে ছিল সুস্পষ্ট গুমরাহির মধ্যে (সুরা আলে ইমরান, ৩: ১৬৪)।
হে ইমানদারগণ! আল্লাহকে মেনে চলো এবং মেনে চলো রসুলকে এবং তোমাদের মধ্যে কর্তৃত্বশীলগণকে। যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হয় তাহলে তা সোপর্দ করো আল্লাহ ও তাঁর রসুলের দিকে, যদি তোমরা সত্যিকারভাবেই আল্লাহ ও আখেরাত বিশ্বাসী হয়ে থাকো (সুরা নিসা, ৪: ৫৯)।
এবং রসুল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন [তা থেকে] দূরে থাকো এবং আল্লাহকে ভয় করো (সুরা হাশর, ৫৯:৭)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00