📄 সুদ খেলে কৃপণতা বাড়ে
এক বাণীতে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. বলেছেন:
'সুদ খেলে কৃপণতা বাড়ে। কারণ, সুদ খাওয়ার কারণই হলো কৃপণতা। কাজেই একজন সুদখোর মহাজন সুদ যত খেতে থাকে, তার কৃপণতা তত বাড়তে থাকে। এমনকি একটি সময় এমনও আসে যে, সে নিজের দেহের জন্যও ব্যয় করতে রাজি হয় না।' (আনফাসে ঈসা : পৃষ্ঠা; ১৯১)
সম্পদ বৃদ্ধির ফলে মানুষের মধ্যে উদারতা ও অমুখাপেক্ষিতা তৈরি হওয়ার কথা থাকলেও কৃপণতার বৈশিষ্ট্য হলো, সম্পদ যত বাড়ে, কৃপণতার মাত্রা ও সম্পদের মোহ তত বৃদ্ধি পায়। একজন মানুষ যদি কৃপণ হয়, তা হলে তার সম্পদের পরিমাণ যতই হোক-না কেন, তার ফলে তার মধ্যে তুষ্টি তৈরি না হয়ে সম্পদ অর্জনের চাহিদা আরও বাড়তে থাকে। নিয়ম হলো, সম্পদের পরিমাণ যত বাড়বে, নিজের মধ্যে স্বনির্ভরতা তত বৃদ্ধি পাবে। কিন্তু কৃপণের মধ্যে তা সৃষ্টি হয় না এবং ব্যয় করার মানসিকতাও তৈরি হয় না। বরং সম্পদের মোহ আরও বেড়ে যায়। এক হাদীসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ لَابْتَغَى أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ وَلَوْ كَانَ لَهُ وَادِيَانِ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التَّرَابُ .
'আদমের সন্তানদের স্বভাব হলো, তাদের যদি সোনার একটি উপত্যকা জুটে যায়, তা হলে দুটির অন্বেষণে নেমে পড়ে। যদি দুটি জুটে যায়, তা হলে তৃতীয় আরও একটির লোভে পড়ে।'
(বুখারী, হাদীস নং ৫৯৫৯, মুসলিম হাদীস নং ১৭৩৮, তিরমিযী হাদীস নং, ২২৫৯, মুসনাদে আহমাদ হাদীস নং ১২২৫৬)
তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত চমৎকার একটি বাক্যে মানুষের এই চরিত্রের সারমর্ম ব্যক্ত করেছেন।
বলেছেন: وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التَّرَابُ
'আসল কথা হলো, আদমসন্তানের পেট (কবরের) মাটি ছাড়া আর কিছুতে ভরতে পারে না।'
মানুষের পেট তখনই ভরবে, যখন তার মধ্যে মাটি পুরবে। মানুষ যদি কানা'আত তথা হালাল ও স্বাভাবিক উপায়ে যখন যা জোটে, তাতে সন্তুষ্ট হওয়ার মতো চরিত্র সৃষ্টি না করে এবং অন্তরে সম্পদের মোহ বাড়তে থাকে, তা হলে এমন ব্যক্তির পেট কোনো কিছুতেই ভরতে পারে না।
📄 এক সওদাগরের বিস্ময়কর ঘটনা
শেখ সা'দী রহ.-এর কবিতার চারটি চরণ আছে : آن شنیده است که در صحرائے غور رخت سالار افتاده اسپ طور گفت چشم تنگ دنیادار را یا قناعت پر کند یا خاک گور
'আমি তোমাকে একটি ঘটনা শোনাচ্ছি। গাওর মরু উপত্যকায় বড় এক ব্যবসায়ীর ব্যবসাপণ্য খচ্চরের পিঠ থেকে পড়ে গিয়েছিল। মালগুলো ওখানে পতিত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার খচ্চরটিও ওখানে মৃত পড়ে ছিল। সওদাগর নিজেও ওখানে মারা গিয়েছিল। তার মালপত্রগুলো এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। সেগুলো ভাববাচ্যে বলছিল, দুনিয়াদারের সংকীর্ণ দৃষ্টিকে মাত্র দুটি জিনিস ভরতে পারে। একটি হলো কানা'আত (অল্পেতুষ্টি) আর অপরটি কবরের মাটি। তৃতীয় আর কোনো বস্তু তাকে ভরতে পারে না।'
মোটকথা, কৃপণতার বৈশিষ্ট্য হলো, সম্পদ যত বাড়তে থাকবে, লোভও তত বাড়তে থাকবে এবং ব্যয়ের পথে তত বেশি প্রতিবন্ধকতা তৈরি হতে থাকবে।
📄 বড় এক পুঁজিপতির উক্তি
করাচিতে বড় মাপের একজন পুঁজিপতি আছেন। পাকিস্তানের নামকরা শীর্ষস্থানীয় দু-চারজন ধনীর একজন। মিলিয়নপতি-বিলিয়নপতি হবেন হয়তো। একদিন তিনি আমার কাছে এলেন। আমি তাকে বললাম, আল্লাহ পাক আপনাকে অনেক অর্থ দান করেছেন। আপনার অনেকগুলো মিল- কারখানা আছে। সব কিছুই আপনি করে নিয়েছেন। এবার মুনাফার চিন্তা বাদ দিয়ে কিছু কাজ আল্লাহর জন্য করুন। যেমন- এমন একটি ব্যাংক প্রতিষ্ঠা করুন, যেটি সুদ ছাড়া চলবে। আপনার কাছে যেহেতু বিপুল অর্থ আছে; তাই আপনি এ কাজটি করতে পারেন।
তিনি বললেন, মাওলানা ছাহেব! সেই ব্যাংকটি কীভাবে চলবে? আমি বললাম, আল্লাহ চাহেন তো চলবে। কিন্তু আপনি এই ব্যাংকটি এই নিয়তে করবেন যে, এখানে যা বিনিয়োগ করলাম, সবই গেছে। বিলিয়ন-মিলিয়ন টাকা যেহেতু আপনার আছে, এমতাবস্থায় কয়েক কোটি গেলে তাতে আপনার এমন কী আর আসবে-যাবে। এখানে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে তার কথা আপনি ভুলে যাবেন।
তিনি চেহারায় বিস্ময় ফুটিয়ে বললেন, কী বললেন; এই টাকার কথা আমি ভুলে যাব? আমি বললাম, হ্যাঁ, আপনি ভুলে যাবেন যে, আপনার এই টাকাগুলো কোথাও গেছে। তবে আল্লাহপাক চাইলে তাতে মুনাফাও দিতে পারেন। কিন্তু আপনাকে তার কথা ভুলে যেতে হবে। শেষে তিনি বললেন, মাওলানা ছাহেব! কথা তো আপনি ঠিকই বলছেন; কিন্তু হাতের খুজলিকে আমি কী করব?
📄 গরিব ও ধনীর ব্যয়ের পার্থক্য
এ হলো সম্পদ বাড়ানোর খুজলি। হযরত থানভী রহ. বলেন, এই কৃপণতাও পরে ধীরে-ধীরে খুজলির রূপ ধারণ করে। তারপর মানুষের কাছে যত সম্পদই আসুক-না কেন, তার লোভ মিটে না। আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, গরিব মানুষেরা যতটা মনের খুশিতে দান করে, মসজিদ- মাদরাসায় চাঁদা দেয়, কোটিপতি-মিলিয়নপতি-বিলিয়নপতিরা অতটুকু মনের খুশিতে দান করে না। অথচ ধনী লোকটির কাছে সুযোগ বেশি আছে। গরিবের অতটা সুযোগ নেই। এসবই সম্পদের লোভের কুফল।