📄 আধুনিক যুগে ইসলামী অর্থনীতির প্রতিষ্ঠান
আমি আরও একটি কাজের কথা বলতে চাই। কাজটি তুলনামূলকভাবে কিছুটা কঠিন মনে হচ্ছে। কিন্তু তথাপি সাধ্যপরিমাণ চেষ্টা করা দরকার।
কাজটি হলো, আমরা নিজেরা এমন একটি আর্থিক প্রতিষ্ঠান দাঁড় করাব, যেটি ইসলামী ভিত্তির উপর কাজ করবে। আর যেমনটি আমি এইমাত্র বলেছি যে, 'মুশারাকা', 'মুরাবাহা' ও 'লিজিং' পদ্ধতির পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত আছে এবং সেসব ভিত্তির উপর মুসলমানগণ নিজস্ব প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে।
এখানকার মুসলমানগণ মাশাআল্লাহ এই বিষয়টি বোঝে এবং এর মাঝে স্বয়ং তাদের জন্য সমস্যাবলির সমাধানও আছে। তাদের উচিত, এখানে বসে 'ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত করা। আমেরিকায় আমার জানামতে কমপক্ষে হাউজিং-এর সীমা পর্যন্ত দুটি প্রতিষ্ঠান বিদ্যমান আছে এবং তারা সঠিক ইসলামী ভিত্তির উপর কাজ করছে। তার একটি টরেন্টোতে, অপরটি লসএঞ্জেল্স-এ। এখন এ জাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো দরকার এবং মুসলমানদেরকে নিজেদের মতো করে এ ধরনের প্রতিষ্ঠান দাঁড় করানো আবশ্যক। কিন্তু তার জন্য বুনিয়াদি শর্ত হলো, কাজটি করতে হবে বিজ্ঞ ফকীহ ও মুফতীদের পরামর্শ অনুপাতে। আপনারা যদি এ কাজে আমার থেকেও সহযোগিতা নিতে চান, আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। যেমনটি আমি বলেছি, বর্তমানে পৃথিবীতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান কাজ করছে এবং প্রায় পাঁচ বছর যাবত আমি সেই প্রতিষ্ঠানগুলোতে খেদমতে নিয়োজিত আছি। মহান আল্লাহ আপনাদেরকেও এই কাজের তাওফীক দান করুন এবং মুসলমানদের জন্য ভালো একটি পথ বের করে দিন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ