📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ইসলাম অপরিহার্য বিষয়াবলিকে নিষিদ্ধ সাব্যস্ত করেনি

📄 ইসলাম অপরিহার্য বিষয়াবলিকে নিষিদ্ধ সাব্যস্ত করেনি


সবার আগে একথাটি বুঝে নিন যে, আল্লাহ পাক যখন কোনো বস্তুকে হারাম সাব্যস্ত করেছেন, তখন সেটি হারামই। এমতাবস্থায় এটা সম্ভবই নয় যে, সেই বস্তুটি মানুষের জন্য অপরিহার্য হবে এবং মানুষ সেই বস্তুটি ব্যতীত চলতে পারবে না। কারণ, সেই বস্তুটি যদি অপররিহার্য হতো, তা হলে আল্লাহ তাকে হারাম সাব্যস্ত করতেনই না। কারণ, পবিত্র কুরআনে আল্লাহপাক বলেন:
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
'আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য চাপান না।' (সূরা বাকারা: ২৮৬)
অর্থাৎ- আল্লাহ মানুষকে এমন কোনো আদেশ করেন না, যেটি পালন করা তার সাধ্যের অতীত। কাজেই একজন মুমিনের জন্য এতটুকু কথা-ই যথেষ্ট যে, একটি বিষয়কে আল্লাহপাক যখন হারাম সাব্যস্ত করেছেন, তা হলে আল্লাহ্ পাকের এই হারাম করা-ই প্রমাণ করে, এটি মানুষের জন্য অপরিহার্য নয়। এটি ছাড়াও মানুষের পক্ষে চলা সম্ভব। এর মাঝে কোনো অসুবিধা অবশ্যই আছে। একথা বলা যাবে না যে, এটি ছাড়া কাজ চলবে না এবং এটি অপরিহার্য বিষয়।

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ‘সুদী ঋণে’র বিকল্প শুধু ‘করজে হাসানা’-ই নয়

📄 ‘সুদী ঋণে’র বিকল্প শুধু ‘করজে হাসানা’-ই নয়


দ্বিতীয় কথাটি হলো, কিছু লোক মনে করে, 'ইন্টারেস্ট' (সুদ) – যাকে পবিত্র কুরআন হারাম সাব্যস্ত করেছে- তার অর্থ হলো, আগামীতে যখন কাউকে ঋণ প্রদান করা হবে, তখন তাকে সুদবিহীন ঋণ দেবে এবং তার জন্য কোনো মুনাফা দাবি করবে না। এর অর্থ এই দাঁড়ায় যে, যখন 'ইন্টারেস্ট' (সুদ) বিলুপ্ত হয়ে যাবে, তখন আমরা সুদবিহীন ঋণ পাব আর সেই ঋণের টাকা দ্বারা আমরা বাড়ি নির্মাণ করব, মিল-কারখানা স্থাপন করব এবং আমাদের নিকট থেকে কেউ 'ইন্টারেস্ট' দাবি করবে না। আর এই চিন্তার উপরই ভিত্তি করে মানুষ বলছে, এই পন্থাটি গ্রহণযোগ্য নয়। কারণ, এই ঋণ কেউ দেবে না।

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 সুদী ঋণের বিকল্প ‘অংশীদারিত্ব’

📄 সুদী ঋণের বিকল্প ‘অংশীদারিত্ব’


মনে রাখবেন, Interest-এর বিকল্প (Alternative) 'করজে হাসানা' নয় যে, আপনি কাউকে এমনিতেই ঋণ দিয়ে দেবেন। বরং তার বিকল্প হলো, 'অংশীদারিত্ব'। অর্থাৎ- কেউ যদি ব্যবসার জন্য ঋণ গ্রহণ করে, তা হলে ঋণদাতা একথা বলতে পারে, আমি তোমার ব্যবসায় অংশীদার হতে চাই। ব্যবসায় যদি তোমার লাভ হয়, তা হলে তার একটি অংশ আমাকে দিতে হবে। আর যদি লোকসান হয়, তা হলে আমি তাতেও তোমার অংশীদার হব। এভাবে ঋণদাতা এই ব্যবসার লাভ-লোকসানে অংশীদার হয়ে যাবে এবং ব্যবসাটি অংশীদারত্বের ব্যবসায় পরিণত হবে। এই হলো Interest-এর বিকল্প পদ্ধতি (Alternative System)
এই অংশীদারিত্বের তাত্ত্বিক দিকটি আমি আপনাদের সম্মুখে আগেও উপস্থাপন করেছি যে, Interest পদ্ধতিতে সম্পদের অতি সামান্য অংশ ডিপোজিটারদের হাতে যায়। কিন্তু যদি অংশীদারিত্বের ভিত্তিতে কারবার পরিচালনা করা হয় এবং অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজিবিনিয়োগ (Financing) করা হয়, তা হলে এই পদ্ধতিতে ব্যবসায় যা মুনাফা হবে, তার একটি যৌক্তিক অংশ বিনিয়োগকারীদের হাতে যাবে। আর এই পদ্ধতিতে সম্পদের বণ্টন (Distribution Of Wealth) উপরের দিকে যাওয়ার পরিবর্তে নিচের দিকে আসবে। কাজেই ইসলাম যে বিকল্প ব্যবস্থা উপস্থাপন করেছে, সেটি হলো, 'অংশিদারিত্বের ব্যবস্থা'।

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 অংশীদারিত্বের শুভ ফলাফল

📄 অংশীদারিত্বের শুভ ফলাফল


কিন্তু এই অংশীদারিত্বের ব্যবস্থা যেহেতু বর্তমান পৃথিবীতে এখন পর্যন্ত কোথাও চালু হয়নি এবং তার অনুসরণ শুরু হয়নি, তাই তার বরকতও মানুষের সম্মুখে আসছে না। সাম্প্রতিককালে এই ২০-২৫ বছর হলো, মুসলমানদের বিভিন্ন অঞ্চলে এই পদ্ধতিটি চালু করার চেষ্টা চালানো হয়েছে যে, এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক প্রতিষ্ঠিত করা হবে, যেটি 'ইন্টারেস্ট' (সুদী) পদ্ধতির পরিবর্তে ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হবে। আপনাদের জানা থাকার কথা যে, বর্তমানে সারা পৃথিবীতে অন্ততপক্ষে ৮০ থেকে ১০০টি ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, যেগুলোর দাবি হলো, আমরা ইসলামী নিয়ম-নীতি অনুসারে কারবার পরিচালনা করছি এবং সুদমুক্ত ব্যবসা করছি।
আমি একথা বলছি না যে, তাদের এই দাবি শতভাগ সঠিক। বরং হতে পারে, তাতে কিছু ভুল-ত্রুটিও আছে। কিন্তু একথাটি সত্য যে, বর্তমান পৃথিবীতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও ব্যাংক সুদবিহীন ব্যবস্থার উপর কাজ করছে। উক্ত ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো অংশীদারি পদ্ধতির বাস্তবায়ন শুরু করে দিয়েছে। আর যেখানেই অংশীদারি পদ্ধতিটিকে গ্রহণ করা হয়েছে, সেখানেই তার ভালো সুফল পাওয়া গেছে। আমরা পাকিস্তানে একটি ব্যাংকে এই পদ্ধতিটি পরীক্ষা করেছি। আমি নিজে উক্ত ব্যাংকের 'মাযহাবী নেগরান কমিটি'র (ধর্মীয় তত্ত্বাবধান পরিষদ) একজন সদস্য হওয়ার সুবাদে ব্যাংকটির কার্যক্রম সম্পর্কে অবহিত আছি। এই ব্যাংক 'অংশীদারিত্ব' নীতির ভিত্তিতে ডিপোজিটারদের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করেছে। কাজেই যদি এই 'অংশীদারিত্ব' পদ্ধতিটিকে ব্যাপকভাবে চালু করা যায়, তা হলে এর ফলাফল আরও ভালো হতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00