📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 ঐতিহাসিক পটভূমি

📄 ঐতিহাসিক পটভূমি


পাকিস্তানে প্রচলিত ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো দরিদ্রদের থেকে অতি উচ্চ হারে সুদ নেয়। কোনো কোনো ক্ষেত্রে এই সুদের হার হয় বছরে ৩০ শতাংশেরও অধিক। ফলশ্রুতিতে ক্ষুদ্র ঋণ দ্বারা প্রান্তিক পর্যায়ের মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে পড়ে। এই করুণ বাস্তবতা দেখে শিক্ষা নিয়ে ২০০১ সালে আমজাদ সাকিব নামের এক অসাধারণ ব্যক্তি সুদমুক্ত ঋণের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন যার নাম দেন; "আখুওয়াত"। আখুওয়াত শব্দটির অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব, একের বিপদে অন্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কাজকে স্মরণ করে ভ্রাতৃত্ব নামটি নির্বাচন করা হয়েছে।

২০০১ সালে মাত্র ৯,০০০ টাকা বা ১০০ মার্কিন ডলার দিয়ে আখুওয়াতের গল্প শুরু হয়েছিল। একজন বিধবাকে এই টাকা কর্জ দিয়ে যখন সফলভাবে তা ফেরত আনা সম্ভব হয় একটি প্রতিষ্ঠান নির্মাণের সম্ভাবনা আমজাদ সাকিবের মনে উঁকি দিতে থাকে। এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে তিনি কাজে নেমে পড়লেন এবং খুব দ্রুত ব্যাপক সফলতার সাথে তিনি এগিয়ে যেতে থাকলেন। মাত্র দুই বছরের মাথাতেই তিনি মোট ১৩.৫ লক্ষ টাকা (১৫ হাজার মার্কিন ডলার) কর্জ দিয়ে সফলভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হন তিনি। এবার আরও বড় পর্যায়ে সাহায্য করতে তিনি ২০০৩ সালে আখুওয়াতকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করেন এবং লাহোরে তাদের প্রথম শাখা খুলেন। তারপর থেকে এই সংগঠনটির তাদের কার্যক্রম ক্রমেই বৃদ্ধি করে চলেছে। প্রতিষ্ঠানের সক্রিয় কর্জ-গ্রহীতার সংখ্যা ২০০৪ সালে ৮০২ জন থেকে বেড়ে মাত্র ১০ বছরে ৭ লক্ষ ২৮ হাজারে দাঁড়িয়েছে। আর্থিক পরিসংখ্যান বিবেচনায় প্রতিষ্ঠানটি আরও বেশি সফল। ২০০৪ সালে আখুওয়াতের মোট সম্পদের পরিমাণ ছিল ৯ লক্ষ টাকা। যা কিনা ২০২০ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪০ কোটি টাকায়। কর্জ আদায়ের হার প্রায় ৯৯% এরও অধিক।

টিকাঃ
৬২. সকল হিসাব ডলারে ৯০ টাকা ধরে করা হয়েছে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 তহবিলের উৎস

📄 তহবিলের উৎস


অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে আখুওয়াত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর থেকে কোনো ঋণ বা অনুদান গ্রহণ করেনি। পাশাপাশি সুদের প্রভাব এড়াতে প্রচলিত দেশীয় সংস্থা থেকেও সুদ সন্নিবিষ্ট কোনো উপাদান গ্রহণ করেনি। মূলত স্থানীয় অনুদানের উপর নির্ভর করে আখুওয়াত বেড়ে চলছে। তবে ২০১১ সালে পাঞ্জাব সরকার কর্জে হাসানার ভিত্তিতে আখুওয়াতকে ১০০ কোটি টাকা সরবরাহ করে। এটি ছাড়া স্থানীয় অনুদানগুলোর প্রধান উৎস ছিল ব্যক্তিগত অংশগ্রহণ। তারা “সদস্য দাতা কর্মসূচি” শুরু করে যখন কর্জগ্রহীতারা নিজেরাই সংস্থাটিকে কিছু অর্থ দান করার ইচ্ছা প্রকাশ করে। এটি আখুওয়াতের সবচেয়ে অনন্য একটি কৃতিত্ব, যেখানে কর্জগ্রহীতারা ক্ষুদ্র ঋণের ইতিহাসে প্রথমবারের মতো দাতায় রূপান্তরিত হয়েছে। এই বৈশিষ্ট্যটি ভ্রাতৃত্বের একটি গৌরবময় উদাহরণ বা “মুয়াখাত/ আখুওয়াত” এর বাস্তব চিত্রণ। এই অবদান পুরোপুরি স্বেচ্ছামূলক হওয়ার পরেও বছর বছর এটি কেবল বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমবর্ধমান একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 সাংগঠনিক কাঠামো

📄 সাংগঠনিক কাঠামো


ব্যয় সংকোচন করার জন্য এই প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো খুব সরলভাবে সাজানো হয়েছে। মোট সতেরোজন স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে আখুওয়াতের পরিচালনা পর্ষদ গঠিত। পরিচালনা পর্ষদ প্রতি তিন মাস অন্তর অন্তর বৈঠক করে সংগঠনের নীতিমালা পর্যালোচনা করেন। প্রশাসনিক বিষয় দেখভালের জন্য তিনজন সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি রয়েছে যারা প্রতি মাসে বৈঠক করে প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন। পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সকলেই স্বেচ্ছাসেবী। এছাড়া সংগঠনটিতে অসংখ্য বেতনভুক্ত কর্মী আছেন। বেতনপ্রাপ্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে আখুওয়াত একটি স্বতন্ত্র পদ্ধতি অনুসরণ করে। প্রথমে সব কর্মচারী প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসাবে যোগদান করে এবং তিন মাস পরে তারা নিয়মিত কর্মী হিসাবে নিযুক্ত হয়। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণেও অনেক উৎসাহ প্রদান করে আখুওয়াত। সংগঠনটির প্রতিটি স্তরে বয়স, যোগ্যতা এবং ধর্ম নির্বিশেষে সবার জন্য স্বেচ্ছাসেবা প্রদান করার খুব ভালো সুযোগ আছে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 কর্জ প্রদান

📄 কর্জ প্রদান


আখুওয়াত একজন ব্যক্তি বা গ্রুপের পরিবর্তে পরিবারকে কর্জ দিয়ে থাকে। প্রাথমিকভাবে আখুওয়াত গ্রুপে কর্জ প্রদান করতো। কিন্তু গ্রুপে পারস্পরিক নজরদারি এবং দায়িত্ব গ্রহণ করাটা অসম্ভব ঝামেলাপূর্ণ। উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ নেতা থাকত স্বজনপ্রিয়তা ও দুর্নীতিতে লিপ্ত। এ সবকিছু বিবেচনা করে আখুওয়াত গ্রুপে কর্জ দেওয়া বন্ধ করে পরিবারকে কর্জ দেওয়া শুরু করে। প্রতিটি কর্জের বিপরীতে দুজন গ্যারান্টরকে জামানত হিসেবে রাখতে হয়। বকেয়া কিস্তি পরিশোধে বিলম্ব হলে গ্যারান্টরদের মাধ্যমে রিমাইন্ডার করা হয়। প্রকৃত কারণের ক্ষেত্রে মেয়াদ বাড়ানোও যেতে পারে অন্যথায় কিস্তিটি সেই মাসের ৩০ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।

নিচে আখুওয়াতের কর্জের ধরনের বিবরণ দেওয়া হলো:

Product Name | Loan Range (US Dollars) | টাকা (এক ডলার = ৯০ টাকা) | উদ্দেশ্য
Family Enterprise Loan | ১০০-৩০০ | ৯,০০০-২৭,০০০ | ব্যবসা প্রতিষ্ঠা
Liberation Loan | ৫০০ (সর্বোচ্চ) | ৪৫,০০০ (সর্বোচ্চ) | সুদ থেকে মুক্ত হতে কর্জ
Education Loan | ২৫০ (সর্বোচ্চ) | ২২,৫০০ (সর্বোচ্চ) | পড়াশোনার খরচ বহন করা
Health Loan | ১০০-২০০ | ৯,০০০-১৮,০০০ | জরুরি স্বাস্থ্য খরচ
Emergency Loan | ৫০-১০০ | ৪৫০০-৯০০০ | রেজিস্ট্রেশন খরচ, মেরামত, অসুস্থতা ইত্যাদি
Housing Loan | ৩০০-৭০০ | ২৭,০০০-৬৩,০০০ | বাসা বাড়ি মেরামত
Marriage Loan | ২০০ (সর্বোচ্চ) | ১৮,০০০ (সর্বোচ্চ) | বোনের অথবা মেয়ের বিয়ে
Silver Loan | ৫০০ (সর্বোচ্চ) | ৪৫,০০০ (সর্বোচ্চ) | ব্যবসা বড় করা (পূর্বে যারা আখুওয়াত থেকে কর্জ নিয়ে সফল ভাবে কর্জ পরিশোধ করেছেন তাদের জন্য)

কর্জের জন্য আবেদন করতে একজন আবেদনকারীকে নিম্নবর্ণিত শর্তসমূহ পূরণ করতে হবে-
* আবেদনকারীরা পুরুষ বা মহিলা হতে পারেন
* আবেদনকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে
* আবেদনকারীদের কমপক্ষে আগের দুই বছর ধরে প্রোগ্রামের লক্ষ্য এমন এলাকার বসবাসকারী হওয়া উচিত ছিল।
* আবেদনকারীদের অপরাধমূলক বা অনৈতিক বলে বিবেচিত ক্রিয়াকলাপে জড়িত হওয়া যাবে না।
* আবেদনকারীরা যে-কোনো জাতিগোষ্ঠীর হতে পারেন।
* আবেদনকারীর অবশ্যই নাদ্রা (পাকিস্তানি) পরিচয়পত্র থাকতে হবে।
* আবেদনকারীদের "তুলনামূলকভাবে দরিদ্র” বা দুর্বল অবস্থার (যেমন- বিধবা, প্রতিবন্ধী ইত্যাদি) হওয়া উচিত।
* আবেদনকারীদের কর্জের শর্তাবলি গ্রহণ এবং মেনে চলা উচিত।
* কোনো এক সময়ে কোনো পরিবারের কাছে একাধিক কর্জ থাকা উচিত নয়।
* আবেদনকারীদের প্রাসঙ্গিক ব্যবসা এবং পরিচালনার দক্ষতা থাকতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00