📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান 📄 বঞ্চনা

📄 বঞ্চনা


কর্জ অনুমোদনের ব্যাপারে কর্মকর্তাদের খুব দয়ালু ভঙ্গিমা গ্রহণ করা উচিত হবে না। একটি সমাজে অনেকেই অভাবগ্রস্ত থাকেন এবং অনেকেই নতুন নতুন উদ্যোগ নিয়ে কর্জের জন্য আবেদন করেন। তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তির হাতে যেন অর্থ পৌঁছায় তা নিশ্চিত করাই কর্মকর্তার কাজ। এক্ষেত্রে একজনকে বেশি সুযোগ দেওয়া মানে অপরজনকে বঞ্চিত করা। যেই ব্যক্তি সবচেয়ে উপযুক্ত উদ্যোগ নিয়ে আসে তাকে কর্জ দিলে শিল্পের বিকাশ এবং অধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। কিন্তু তা না করে একজন ব্যক্তি অভাবে আছে দেখে তার অনুপযুক্ত উদ্যোগে দয়া করে কর্জ দিলে সব মিলিয়ে সমাজ আরও বঞ্চিত হবে। তবে, এমন ব্যক্তিদের দান-সদকার মাধ্যমে উপকৃত করা যেতে পারে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান 📄 বিশেষ প্রতিষ্ঠান

📄 বিশেষ প্রতিষ্ঠান


কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে যদি কর্জে হাসানা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়, যেমন বন্যাদুর্গতদের কর্জ দেওয়া, গৃহহীনদের কর্জ দেওয়া ইত্যাদি। সেক্ষেত্রে পরিচালক কে লক্ষ্যে স্থির থাকতে হবে। টার্গেট গ্রাহকদের অভাব পূরণ না হওয়া পর্যন্ত অন্য কোনো খাতে কর্জ দেওয়া যাবে না। সকল উপযুক্ত টার্গেট গ্রাহকদের কর্জ দেবার পরে যদি বাড়তি সম্পদ হাতে থাকে সেক্ষেত্রেই অন্য খাতে কর্জ দেওয়া যাবে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান 📄 ব্যবসা প্রকৃতি

📄 ব্যবসা প্রকৃতি


একজন ব্যক্তি যেই উদ্দেশ্যে কর্জ নিচ্ছেন তা হালাল কিনা সেইটা দেখতে হবে। উদাহরণস্বরূপ, কেউ একজন সকালে চা-বিস্কুট বিক্রি করে এবং সেই ব্যবসার উপকরণ কেনার কথা বলে টাকা কর্জ চাইল। খোঁজ নিয়ে জানা গেল যে, সে ব্যক্তি রাতে ছোট টেবিলে করে জুয়ার আসর বসায়। এমন হতে পারে যে সে জুয়া ছাড়তে বাড়তি আয়ের পথ খুঁজছে, আবার এমন হতেও পারে যে সে এই টাকা দিয়ে চা-বিস্কুট বিক্রি করে সন্ধ্যায় আরো বড় পরিসরে জুয়ার আয়োজন করতে চায়। ব্যক্তিগতভাবে কেউ সুধারণা পোষণ করতে পারে এবং তাকে সাহায্য করতে পারে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এইরকম মানুষকে অবশ্যই কর্জ দেয়া যাবে না।

প্রতিষ্ঠান চাইলে আরও দূরদর্শী পদক্ষেপ নিতে পারে। উদাহরণস্বরূপ বসনিয়া ও হার্জেগোভিনায় ইসলামিক রিলিফের ক্ষুদ্র কর্জ প্রোগ্রাম এমন কৃষকদের কর্জ অনুমোদন করে না যারা ছোট ও ঘিঞ্জি খাঁচায় মুরগি পালন করেন, যেহেতু এটি প্রাণীদের জন্য কষ্টকর। ঠিক তেমনি পরিবেশ তীব্র দূষণ করে এমন প্রকল্পে কর্জ দেওয়াও উচিত হবে না।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান 📄 অনুদান

📄 অনুদান


কেউ চাইলে কর্জে হাসানা প্রতিষ্ঠানকে দান করতে পারবেন। এই অনুদানের টাকা কেবল প্রতিষ্ঠানের কাজেই ব্যয় হতে হবে, অভাবী এবং দেউলিয়া ব্যক্তিদের দান করা যাবে না। কারণ যেহেতু দাতা টাকাটা প্রাতিষ্ঠানিক কাজ বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য দিয়েছে, তাই শরঈ নিয়ম অনুযায়ীই প্রতিষ্ঠানের জন্য পাওয়া অনুদান অন্যদের দিয়ে দেওয়া যাবে না। তবে, অন্যদেরকে দান করে দেয়ার জন্য প্রদত্ত অর্থ বিতরণ করা যাবে।

আপনার প্রতিষ্ঠান দাতব্য কার্যক্রম চালাতে পারে বা জাকাত দিতে পারে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি জাকাত ফান্ড নাকি সদকা ফান্ড নাকি কর্জে হাসানা ফান্ড সেটা পরিষ্কার রাখবেন। যদি আপনি আসলে কর্জে হাসানা ফান্ড হন, কিন্তু বেশিরভাগ মানুষ আপনাকে জাকাত-সদকা ফান্ড মনে করে, তাহলে বিপদ। দেখা যেতে পারে, কর্জ গ্রাহকদের কর্জ পরিশোধ করার মনোভাব নষ্ট হয়ে যাবে। একই সাথে এই সুযোগকে আশ্রয় করে অসাধু কর্জ গ্রহীতারা স্বেচ্ছায় কর্জ খেলাপ করে অনুদানের জন্য হাত পাততে শুরু করবে। তাই আবেগপ্রবণ না হয়ে প্রতিষ্ঠান পরিচালককে নীতিতে অটল থাকতে হবে এবং কর্জ আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে, যাতে জাকাত-সদকা ফান্ড তাদের মতো চলে এবং আপনার কর্জে হাসানা ফান্ড যথাযথভাবে চলে।

যারা সবগুলোই করেন বা করতে চান, অর্থাৎ কর্জে হাসানার পাশাপাশি অভাবীদের দান-সদকা-জাকাত পৌঁছাতে চাইলে কর্জে হাসানার পাশাপাশি অপর একটি দাতব্য সংস্থা খুলে অনুদান কার্যক্রম চালাতে পারেন। কিন্তু একই প্রতিষ্ঠানের নামে কর্জে হাসানা এবং দান সদকা করা উচিত হবে না, এটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে একটি অপরটির কার্যক্রমে বিঘ্ন তৈরি করতে পারে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية