📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 বৈষম্য

📄 বৈষম্য


কর্জ প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রয়োজনীয়তা এবং ফেরত দেবার যোগ্যতা। ধর্ম-বর্ণ, জাতি-সমাজ নির্বিশেষে নারী-পুরুষ, দরিদ্র-মধ্যবিত্ত যে কেউই কর্জে হাসানার জন্য আবেদন করতে পারে। একটি প্রতিষ্ঠান যদি কেবল একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের বা নির্দিষ্ট পেশার ব্যক্তিদের সেবার জন্য নির্মাণ করা হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। অন্যথায় জাত-ধর্ম, পেশা-জেলা ইত্যাদির ভিত্তিতে কর্জ প্রদানে কোনো বৈষম্য করা যাবে না। কেবল যোগ্যতা এবং প্রয়োজনীয়তা বুঝে কর্জ দিতে হবে। কর্জে হাসানা মুসলিমদের একটি সৌন্দর্য। এই নীতি অনুসরণ করে যে-কোনো ধর্মের- মতাদর্শের- আকিদার মানুষকে কর্জে হাসানা দেয়া যাবে, কোনো সমস্যা নেই।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 বস্তুনিষ্ঠতা

📄 বস্তুনিষ্ঠতা


কর্জ পরিশোধ করার সদিচ্ছা ও সচেষ্ট হওয়ার বিপরীত যেসকল আচরণ আছে যেমন, মিথ্যা শপথ, আমানতের খেয়ানত, অসময়ানুবর্তিতা, অপচয়, ক্ষমতা প্রদর্শন, জুলুম ইত্যাদি বিবেচনাপূর্বক কর্জ দেয়ার বিষয়টা যাচাই করতে হবে। কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এমন আচরণ বা আদর্শের ভিত্তিতে গ্রাহক নির্বাচন করা যাবে না। একজন ব্যক্তি পরিচালকের কাছে অপছন্দনীয় হতে পারে, অসামাজিক হতে পারে, ভিন্ন মতাদর্শালম্বী হতে পারে, কিংবা সন্দেহবাদী হতে পারে। কিন্তু এগুলো যেহেতু তাদের অর্থনৈতিক জীবনের সাথে সংশ্লিষ্ট নয়, এসকল গুণাবলির ভিত্তিতে কর্জ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 বঞ্চনা

📄 বঞ্চনা


কর্জ অনুমোদনের ব্যাপারে কর্মকর্তাদের খুব দয়ালু ভঙ্গিমা গ্রহণ করা উচিত হবে না। একটি সমাজে অনেকেই অভাবগ্রস্ত থাকেন এবং অনেকেই নতুন নতুন উদ্যোগ নিয়ে কর্জের জন্য আবেদন করেন। তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তির হাতে যেন অর্থ পৌঁছায় তা নিশ্চিত করাই কর্মকর্তার কাজ। এক্ষেত্রে একজনকে বেশি সুযোগ দেওয়া মানে অপরজনকে বঞ্চিত করা। যেই ব্যক্তি সবচেয়ে উপযুক্ত উদ্যোগ নিয়ে আসে তাকে কর্জ দিলে শিল্পের বিকাশ এবং অধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। কিন্তু তা না করে একজন ব্যক্তি অভাবে আছে দেখে তার অনুপযুক্ত উদ্যোগে দয়া করে কর্জ দিলে সব মিলিয়ে সমাজ আরও বঞ্চিত হবে। তবে, এমন ব্যক্তিদের দান-সদকার মাধ্যমে উপকৃত করা যেতে পারে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 বিশেষ প্রতিষ্ঠান

📄 বিশেষ প্রতিষ্ঠান


কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে যদি কর্জে হাসানা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়, যেমন বন্যাদুর্গতদের কর্জ দেওয়া, গৃহহীনদের কর্জ দেওয়া ইত্যাদি। সেক্ষেত্রে পরিচালক কে লক্ষ্যে স্থির থাকতে হবে। টার্গেট গ্রাহকদের অভাব পূরণ না হওয়া পর্যন্ত অন্য কোনো খাতে কর্জ দেওয়া যাবে না। সকল উপযুক্ত টার্গেট গ্রাহকদের কর্জ দেবার পরে যদি বাড়তি সম্পদ হাতে থাকে সেক্ষেত্রেই অন্য খাতে কর্জ দেওয়া যাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00