📄 ব্যক্তি পর্যায়ে তাৎপর্য
প্রাতিষ্ঠানিক উপায়ে সমাজের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনার একজন বিশ্বস্ত আত্মীয় হঠাৎ বিপদে পড়লে আপনি তার স্বভাব ও প্রয়োজন জানেন, তাই সহজেই সাহায্য করতে পারেন। ব্যক্তি পর্যায়ে কর্জে হাসানার সফল প্রয়োগে মনোনিবেশ করা উচিত। যেমন বাসার কাজের বুয়া বা প্রতিষ্ঠানের কর্মচারী হঠাৎ টাকা চাইলে তাদের কর্জ দিয়ে পরে বেতন থেকে কেটে রাখা যেতে পারে।
ব্যক্তিগত পর্যায়ে কর্জে হাসানার বিশেষ একটি তাৎপর্য পারিবারিক জীবনে খুব গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে একই পরিবারের সকল সন্তান বাবা-মায়ের থেকে সমান অধিকার প্রাপ্য। এক সন্তানকে বড় অংকের টাকা দিয়ে অন্যদের বঞ্চিত করা জুলুম। এর সহজ সমাধান হচ্ছে কর্জে হাসানা। কোনো বাবা যদি তার সন্তানকে বড় অংকের টাকা কর্জে হাসানা দেয় তাহলে আর কোনো সন্তান বঞ্চিত হচ্ছে না, কারণ সেই কর্জ ফেরত আসছে ও পরবর্তীতে সবাই সেই সম্পদ ব্যবহার করতে পারছে।
টিকাঃ
৪০. বি. দ্র. বন্ধকি জমি বা বস্তু কর্জে হাসানা/ঋণদাতা ব্যক্তি ভোগ করতে পারেবে না। যদি ঋণদাতা ব্যক্তি সেই জমি বা বস্তু থেকে উপকার লাভ করে সেটি সুদ হয়ে যাবে।
📄 শ্রাবণের দিনকাল
বিশ্ববিদ্যালয় ছাত্র শ্রাবণের (ছদ্মনাম) উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর থাকলেও স্কলারশিপ পেতে IELTS পরীক্ষার খরচে সে হিমশিম খাচ্ছিল। পরিচিত এনামুল শ্রাবণের সততা দেখে তাকে ৩০ হাজার টাকা কর্জে হাসানা দেয়। শ্রাবণ টিউশনির মাধ্যমে কিস্তিতে এই টাকা ফেরত দেয়। পরবর্তীতে শ্রাবণ আবারো এনামুলের থেকে ১ লাখ টাকা কর্জে হাসানা নিয়ে বিভিন্ন স্কলারশিপের আবেদন করে। আলহামদুলিল্লাহ, সে জার্মানিতে স্কলারশিপ পেয়ে সেখানে যায় এবং পার্ট-টাইম চাকরি করে এনামুলের পুরো ঋণ ফেরত দেয়। এভাবে কর্জে হাসানা শ্রাবণের জীবনকে সহজ করে দিয়েছে।
📄 কসোভোর ডেলিট আপা
কসোভোর রেজলে গ্রামে হালা ডেলিউ নামে একজন বিধবা ৬ সন্তান নিয়ে জীবন সংগ্রাম করছিলেন। যুদ্ধের সময় তার স্বামী মারা যান। তিনি বাড়িতে বসে মুদির দোকান দেওয়ার পরিকল্পনা নিলেও সঞ্চয় শেষ হয়ে যায়। ব্যাংকের সুদি ঋণ নিতে তিনি অনিচ্ছুক ছিলেন। এক পর্যায়ে ইসলামিক রিলিফ নামক সংস্থা থেকে তিনি ১ হাজার ইউরোর কর্জে হাসানা পান। এই টাকা দিয়ে দোকানের মালামাল কিনে তিনি ব্যবসা শুরু করেন এবং নির্ধারিত সময়ে কিস্তি শোধ করেন। পরবর্তীতে তিনি আরও কয়েক দফায় কর্জে হাসানা নিয়ে তার কৃষি কার্যক্রম ও দোকান বড় করেন। এভাবে কর্জে হাসানা একজন বিধবা নারীর জীবনে স্বাবলম্বিতা নিয়ে আসে।
টিকাঃ
৪১. ইসলামিক রিলিফ ফেব্রুয়ারি ২০০৮ এর রিপোর্ট এর ৩২ পৃষ্ঠায় এই ঘটনা পাবেন। রিপোর্ট লিংক - :.ly/mqWj
📄 প্রচলিত ক্ষুদ্র ঋণ বনাম কর্জে হাসানা
বসনিয়া হার্জেগোভিনা, ইরান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে কর্জে হাসানাভিত্তিক প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলছে। প্রচলিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো বর্তমানে উচ্চ সুদের হারের কারণে সমালোচিত হচ্ছে। এই ব্যয়বহুল ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে গ্রাহকরা প্রায়শই নতুন ঋণ নিয়ে পুরাতন ঋণ শোধ করার চক্রে জড়িয়ে পড়ে। একে চক্রাকার ঋণ বলে, যা এক পর্যায়ে গ্রাহককে সর্বস্ব হারাতে বাধ্য করে।
কর্জে হাসানার সৌন্দর্য এই যে, এখানে মোট ঋণের সাথে সুদ যুক্ত হয় না। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এর সুবিধা নিতে পারে। এই ব্যবস্থায় সুদের ফাঁদ তৈরি হয় না বলে যোগ্য প্রার্থীরা সহজেই দারিদ্র্যসীমার থেকে বের হয়ে আসার সুযোগ পায়। কর্জে হাসানা একটি আঞ্চলিক সমাধান এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এর দরজা উন্মুক্ত। এখানে কর্জ-দাতা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, কোনো বিশেষ উদ্দেশ্যে বিশেষ শর্ত আরোপ করতে পারেন না।