📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 সংজ্ঞা

📄 সংজ্ঞা


'কর্জ' শব্দের অর্থ ঋণ; আর হাসানা শব্দের অর্থ উত্তম। উভয়ে মিলে কর্জে হাসানা শব্দদ্বয়ের অর্থ দাঁড়ায় 'উত্তম ঋণ'। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সন্তুষ্টি লাভের আশায় অতিরিক্ত কোনো কিছু লাভের শর্ত ছাড়া কাউকে ঋণ দিলে তাকে 'কর্জে হাসানা' বা উত্তম ঋণ বলে। এই লেনদেনে ঋণগ্রহীতা যে পরিমাণ অর্থ বা সম্পদ নিয়েছে, ঠিক সেই পরিমাণ অর্থ বা সম্পদ ফেরত দেয়।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 কর্জে হাসানার সাধারণ বৈশিষ্টসমূহ

📄 কর্জে হাসানার সাধারণ বৈশিষ্টসমূহ


১. টাকার ক্ষেত্রে কর্জ গ্রহীতাকে শুধু কর্জের সমপরিমাণ টাকা বা সম্পদ সময়মত পরিশোধ করতে হবে। কোনো বস্তু বা ফসল দিয়ে কর্জ দেয়া হলে, সমপরিমাণ ও সম-মানের বস্তু বা ফসল ফেরত দিতে হবে।
২. কর্জ গ্রহীতার উপর আলাদা করে ঋণের অতিরিক্ত কোনো কিছু প্রদান করার কোনো প্রকার শর্ত দেয়া যাবে না।
৩. ক. বস্তু বা ফসল দিয়ে কর্জ দেয়া হলে, সমপরিমাণ কিন্তু উন্নত মানের বস্তু বা উন্নত মানের ফসল ফেরত দেয়ার শর্ত দেয়া যাবে না। সমপরিমাণ ও সমমানের বস্তু বা ফসলই ফেরত নিতে হবে। খ. এমনকি কর্জের বিপরীতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেও কোনো প্রকার উপকার নেয়া যাবে না।
৪. কর্জে হাসানা গ্রহীতা যখন যেভাবে ইচ্ছা সেভাবে কর্জের অর্থ ও সম্পদ ব্যবহার করতে পারবেন।
৫. যে ব্যক্তি কর্জে হাসানা নিল, সে সকল ঝুঁকি বহন করবে। দাতা কোনো ঝুঁকি বহন করবে না। ক. ঋণ দেয়া অর্থ ও সম্পদ হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও পুরো অর্থ ও সম্পদ ফেরত দিতে হবে। খ. কর্জ-দাতা যেমন কর্জ দেয়া অর্থ ও সম্পদ কাজে লাগানোর ফলে বা ব্যবসা করার পর পাওয়া লাভের কোনো অংশ পাবেন না, তেমনি ক্ষতিরও কোনো অংশ বহন করবেন না।
৬. কর্জ-গ্রহীতা নিজের পক্ষ থেকে মূল কর্জের বেশি বা অতিরিক্ত পরিমাণ ফেরত দিতে পারবেন। এটা শর্তসাপেক্ষে সম্পূর্ণ জায়েজ এবং উত্তম। শর্তগুলো হলো : ক. এই অতিরিক্ত দেয়ার কোনো রকম পূর্বশর্ত না থাকা। খ. সমাজের সবাই দেয়, তাই ধরেই নেয়া যে কর্জ-গ্রহীতা অতিরিক্ত ফেরত দিবে, এমনটা না ঘটা। গ. এই অতিরিক্ত করে ফেরত দেয়ার ব্যাপারে আগে থেকেই কোনো প্রকার প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন সমাঝোতা না থাকা।
৭. কর্জে হাসানা গ্রহীতা যখন কর্জ ফেরতে অপারগ হয়, কর্জ-দাতা সেই কর্জ মাফ করে দিতে পারবেন অথবা কর্জ-দাতা জাকাত হিসেবে গ্রহীতাকে টাকা বা সম্পদটা দিয়ে দিতে পারবেন যদি তিনি জাকাত গ্রহণের যোগ্য হন।
৮. কর্জ-গ্রহীতা সময়মত কর্জ পরিশোধ করতে না পারলে, কর্জ-দাতা কর্জ ফেরতের সময় বাড়িয়ে দিতে পারেন। কিন্তু অতিরিক্ত সময়ের জন্য কোনোরূপ অতিরিক্ত অর্থ বা সম্পদ কোনভাবেই আদায় করা যাবে না। দাতা সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর সালিশ বা আইনী ব্যবস্থা নিতে পারবেন।
৯. কর্জ দাতা যে অর্থ ও সম্পদ ঋণ দিয়েছেন সেটার জাকাত তিনি আদায় করবেন।

টীকা কর্জে হাসানা ও সাধারণ ধার (আরিয়াহ) এর মধ্যে পার্থক্য
কর্জে হাসানা ও সাধারণ ধার (আরিয়াহ) এর মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। কর্জে হাসানা হিসেবে টাকা কিংবা বস্তু যে-কোনটা দেয়া যাবে; অপরদিকে, ধার হিসেবে কেবল বস্তু বা সম্পদ দিতে পারবেন। কর্জে হাসানের ক্ষেত্রে বস্তুর মালিকানা পরিবর্তন হয়ে যায়, কিন্তু আরিয়াহ বা ধারের ক্ষেত্রে বস্তুর মালিকানার পরিবর্তন হয় না। কর্জে হাসানায় যে বস্তুটি কর্জ হিসেবে নেওয়া হয়েছে, হুবহু সে বস্তুটি ফিরিয়ে দেওয়া আবশ্যক নয়, কিন্তু ধারের ক্ষেত্রে হুবহু সেই বস্তুটিই ফিরিয়ে দেওয়া আবশ্যক।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 ইসলামের দৃষ্টিতে কর্জে হাসানার গুরুত্ব

📄 ইসলামের দৃষ্টিতে কর্জে হাসানার গুরুত্ব


আর্থিক ইবাদাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদাত হলো 'কর্জে হাসানা'। মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআনে মানুষকে কর্জে হাসানা প্রদানের পুরস্কার ঘোষণা করে বলেছেন:
"দানশীল পুরুষরা আর দানশীলা নারীরা আর যারা আল্লাহকে কর্জে হাসানা দেয়, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে, আর তাদের জন্য আছে মর্যাদাপূর্ণ প্রতিদান।” -সুরা হাদিদ, আয়াত ১৮

আল্লাহ তায়ালা আরও বলেন:
"এমন কে আছে যে, আল্লাহকে কর্জে হাসানা দিবে? তাহলে তিনি তা তার জন্য কয়েকগুণ বাড়িয়ে দিবেন আর তার জন্য আছে সম্মানজনক প্রতিফল..." -সুরা হাদিদ, আয়াত ১১-১২

কর্জে হাসানা দিতে গিয়ে কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কেননা এর বিনিময়ে আল্লাহর নিকট উত্তম প্রতিদান জমা আছে। এই ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, “কে এমন ব্যক্তি আছে যে মহান আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে? তাহলে তার সেই কর্জকে তার জন্য মহান আল্লাহ্ বহু গুণ বর্ধিত করে দিবেন এবং মহান আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।" -সুরা বাকারা, আয়াত ২৪৫

আল্লাহ সুবহানাহু তায়া'লা আমাদের পূর্ববর্তী জাতিদেরকেও কর্জে হাসানা দানের নির্দেশ দিয়েছিলেন এবং সেই কর্জে হাসানার প্রতিদানও ছিল অত্যন্ত উচ্চ (সুরা মায়িদা, আয়াত ১২; সুরা মুজ্জাম্মিল, আয়াত ২০)।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 কর্জে হাসানার অর্থনৈতিক তাৎপর্য

📄 কর্জে হাসানার অর্থনৈতিক তাৎপর্য


কর্জে হাসানা একটা চিন্তা বা নীতি যা বারবার অনুশীলন করার মতো একটা ব্যাপার। একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থাও কর্জে হাসানার দ্বারা উপকৃত হতে পারে। করোনা মহামারির সময় যখন সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেই অবস্থায় পশ্চিমা বিশ্বের সরকাররা আইন করে ঋণের উপর সুদ বন্ধ করে দেয়। পরিসংখ্যান মতে ২০২০ সালে উন্নত বিশ্বে দেউলিয়া হওয়ার হার ছিল বর্তমান সময়ের সর্বনিম্ন। সবসময় কর্জে হাসানা উপস্থিত থাকলে আমরা কতটা উপকার পেতে পারতাম!

অর্থনীতিবিদেরা অঙ্ক কষে দেখিয়েছেন যে, কোনো সরকার/প্রতিষ্ঠান/ব্যক্তি যদি ১ টাকা খরচ করে, তাহলে সেটা প্রায় ১০ গুণ সমৃদ্ধি নিয়ে আসে। একে বলে খরচ বহুগুণকরণ (Expenditure Multiplier Effect)। আপনার-আমার ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতি স্বীকার করে দেয়া কর্জে হাসানা নিশ্চিতভাবেই ১০ গুণের বেশি হয়ে অর্থনীতিতে ফেরত আসছে যার দ্বারা আমরা নিজেরাই উপকৃত হব।

সামাজিক তাৎপর্য
বাংলাদেশের ৯০ শতাংশের বেশি মানুষই মুসলিম। এই ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর জন্য অর্থায়নের পছন্দসই বিকল্প ব্যবস্থা হতে পারে কর্জে হাসানা। এভাবে ধনী গরিবের মধ্যকার সম্প্রীতি বৃদ্ধি পেয়ে সমাজ হতে পারে আরও বেশি সহযোগিতামূলক। কর্জে হাসানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক তাৎপর্য হচ্ছে যারা কর্জে হাসানায় যুক্ত তারা মূলত পরোপকারী মানসিকতা নিয়ে কাজ করে থাকেন।

টীকা করোনা মহামারি এবং সুদ মুক্ত সমাজ গঠনে কর্জে হাসানা
২০২০ সাল, করোনা ভাইরাসের তাণ্ডবে সারা বিশ্বে টালমাটাল অবস্থা। বাংলাদেশ সরকার প্রায় ১ লক্ষ ৩১ হাজার ৬৪১ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। প্রণোদনার প্রায় অর্ধেক টাকাই সরকার 'সদকা' করে দিয়েছে। বাকি অংশ ঝুলিয়ে দিয়েছে ২% বা তারও কম সুদের উপর ভিত্তি করে। এখানে কি 'কর্জে হাসানা' দেয়া যেত না? অবশ্যই যেত। ৪০ হাজার কোটি টাকা সদকা দিয়ে ৬০ হাজার কোটি টাকার কর্জে হাসানা-ভিত্তিক প্যাকেজ ঘোষণা করলে তা যেমন হালাল হতো, তেমনি সুদের ভয়ংকর জাল থেকে সমাজ মুক্ত থাকতো।

টিকাঃ
৩১. https://www.uscourts.gov/news/2021/01/28/annual-bankruptcy-filings-fall-297-percent
৩২. ক্রেডিট কার্ডকে কর্জে হাসানা বলা যাবে না। কনভেনショナル ব্যাংকের ক্রেডিট কার্ডের মূল ভিত্তি হলো সুদি চুক্তি। কারণ, ন্যূনতম পরিশোধের পরিমাণের কম টাকা জমা দিলে বা নির্ধারিত মেয়াদের মধ্যে টাকা জমা না দিতে পারলে সুদ দেয়া লাগবে।
৩৬. এই মান মার্জিনাল প্রপেনসিটি টু কমসিউমের উপর নির্ভর করে।
৩৭. এর মধ্যে ছিল শিল্প ঋণের জন্য ৩০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ২০ হাজার কোটি টাকা, রফতানিমুখী শিল্পের শ্রমিক-কর্মচারীদের জন্য পাঁচ হাজার কোটি টাকা।
৩৮. https://www.bbc.com/bengali/news-57354119; https://www.kalerkantho.com/online/national/2021/07/14/1053347; https://www.bbc.com/bengali/news-53072564

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00