📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 ‘রিবা’র আদ্যোপান্ত

📄 ‘রিবা’র আদ্যোপান্ত


বাংলায় 'সুদ' বা ইংরেজিতে 'ইন্টারেস্ট' বলতে যা বুঝানো হয় আরবিতে এর প্রতিশব্দ হল- الربا 'আর-রিবা' বা 'রিবা'। আরবি ভাষায় আভিধানিকভাবে 'রিবা' বলতে বুঝানো হয়- অতিরিক্ত হওয়াকে। এই শব্দটির মূল অর্থ - الزيادة، والنماء، والعلو বা 'অতিরিক্ত, বৃদ্ধি ও উঁচু হওয়া।' ইমাম আবু বকর জাস্স্সাস রহ. লিখেছেন- “আভিধানিক দৃষ্টিকোণ থেকে রিবা শব্দের মূল অর্থ হলো বৃদ্ধি বা অতিরিক্ত।” - আহকামুল কুরআন, সুহাইল একাডেমি, লাহোর, প্রকাশকাল- ১৯৮০ইং, খ.১, পৃ. ৪৬৪।

এই অতিরিক্তটা বিভিন্নভাবে হতে পারে। ঋণের উপর হতে পারে বা বকেয়া মূল্যের উপর হতে পারে কিংবা সমজাতীয় দ্রব্যের লেনদেনেও হতে পারে। শরিয়তের পরিভাষায় রিবা মোট দুই প্রকার।

এক. 'রিবাল কুরআন' বা কুরআনুল কারিম কর্তৃক নিষিদ্ধ রিবা। ইসলামের পরিভাষায় যাকে রিবান্-নাসিয়াহ (Riba an- Nasiyah) বলা হয়।

দুই. ‘রিবাস্ সুন্নাহ বা হাদিস কর্তৃক নিষিদ্ধ রিবা। পরিভাষায় যাকে ‘রিবাল্-বুয়ু’ (Riba al-Buyu) বা ‘ক্রয়-বিক্রয়-সংক্রান্ত রিবা’ (Buying-Selling based Interest) বলা হয়।

প্রখ্যাত ফকিহ ইমাম ইবনে রুশদ আল-হাফীদ রহ. (মৃত-৫৯৫ হি.) লিখেছেন : সকল আলেমগণ এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন যে, রিবা মোট দু'টি বিষয়ে পাওয়া যায়। এক. ক্রয়-বিক্রয়-সংক্রান্ত বিশেষ লেনদেনে। দুই. বকেয়া মূল্য, ঋণ বা অন্য কোনো কারণে সৃষ্ট দায় বা দেনাতে।

এখানে প্রথম প্রকার হলো ক্রয়-বিক্রয়-সংক্রান্ত রিবা অর্থাৎ ‘রিবাল বুয়ু’ এবং দ্বিতীয় প্রকারটি হলো ঋণ বা দায়সংক্রান্ত রিবা অর্থাৎ রিবান্‌-নাসিয়াহ। এরা প্রত্যেকে আবার দুই প্রকার।

রিবান নাসিয়াহ (Riba an-Nasiyah) এর প্রকারভেদগুলো হলো : এক. ঋণসংক্রান্ত রিবা। একে রিবাল-কর্জ বা Loan based Interest বলে। দুই. দায়সংক্রান্ত রিবা। একে রিবাদ্-দাইন বা ‘দায়ভিত্তিক সুদ’ বা Sale based Interest বলে।

রিবাল বুয়ু’র প্রকারভেদগুলো হলো : এক. রিবাল ফযল। অর্থাৎ সমজাতীয় ও পরিমাপীয় দুটি বস্তুর লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত সম্পদ। দুই. রিবান নাসা। দুটি অসমজাতীয় পরিমাপীয় বা ওজনযোগ্য অথবা সমজাতীয় ও পরিমাপীয় দুটি বস্তুর বাকিতে লেনদেন।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 রিবাল কর্জ

📄 রিবাল কর্জ


'কর্জ' শব্দটি আরবি (القرض) (আল-কর্জ)। এর মূল অর্থ হল- 'القطع' কাটা বা কর্তন করা। যেহেতু ঋণদাতা তার সম্পদের একটি অংশ কেটে ঋণগ্রহীতাকে প্রদান করে থাকে তাই ঋণকে 'قرض' (করদ্/কুর্দ/কর্জ) বলা হয়।

রিবাল কর্জে মূল ৩টি বিষয় লক্ষ করা হয় : ১. ঋণ-সংক্রান্ত লেনদেন হবে ২. যে পরিমাণ অর্থ-সম্পদ ঋণ দেয়া হয়েছে, সেই পরিমাণের চেয়ে অতিরিক্ত অর্থ-সম্পদ নেয়ার জন্য শর্ত দেয়া হবে ৩. মেয়াদ শেষ হয়ে গেলে আরো অতিরিক্ত অর্থ-সম্পদ নেয়ার শর্ত দেয়া হবে এই রিবাল কর্জকে দুইভাবে পাওয়া যেতে পারে :

এক. অতিরিক্ত প্রদানের শর্তে ঋণ দেয়া।
পলাশপুরের ছোটন ভাই তার চাচাতো ভাই টুকুনকে ১০ হাজার টাকা ১ বছরের জন্য এই শর্তে ঋণ দিল যে মেয়াদ শেষে টুকুন ৫ শতাংশ অতিরিক্ত (৫০০ টাকা) ফেরত দেবে। এই ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ বা ৫০০ টাকা সুদ হবে। ছোটন ভাই যদি টাকা ধার না দিয়ে টুকুনকে ২০ কেজি চাল এই শর্তে ধার দিত যে, ১ বছর পর ২৫ কেজি চাল ফেরত দিতে হবে তাহলেও অতিরিক্ত পাঁচ কেজি চাল হবে সুদ বা রিবাল কর্জ।

দুই. ঋণগ্রহীতা থেকে ঋণের বিনিময়ে কোনো উপকার নেয়া।
ছোটন তাঁর চাচাতো ভাই টুকুনকে ঋণ দেয়ার পর বলে বসল যে, ভাই তোর কাছ থেকে এখন থেকে সব মুদি জিনিসপত্র কিনব, কিন্তু আমাকে কেনা মূল্যে দিবি। ঋণ দেয়ার বিনিময়ে এই যে ডিস্কাউন্টে পণ্য চেয়ে বসল ছোটন, এটাও রিবাল কর্জের অন্তর্ভুক্ত। ঋণ দেয়ার কারণে কোনো প্রকার উপকার নেয়া যাবে না।

আড়ত বাণিজ্যে এই রিবা আমরা দেখি। অনেক সময় দেখা যায়, কৃষক বা ছোট ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত পুঁজি বা অর্থ থাকে না। তখন আড়ত ব্যবসায়ীরা তাদেরকে অর্থ প্রদান করে কর্জ হিসাবে। তবে শর্ত করে, পণ্য তাদের কাছেই বিক্রি করতে হবে। এটি বৈধ নয়। কারণ তাতে ঋণ প্রদান করে অতিরিক্ত সুবিধা নেয়া হচ্ছে।

এক কথায় ঋণের বিনিময়ে ঋণদাতা ঋণগ্রহীতা থেকে যে-কোনভাবে উপকার নেয়ার শর্ত 'রিবাল কর্জ' বলে গণ্য হবে। এই ব্যাপারে ফাযালা বিন উবাইদ রা. বলেন, “যেই কর্জ কোনো মুনাফা নিয়ে আসে তা রিবার প্রকারসমূহের একটি প্রকার।" - আস্-সুনানুল কুবরা, খ.৫ পৃ.৭৪১, হাদিস নং- ১০৯৩৩।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 রিবাদ-দাইন

📄 রিবাদ-দাইন


دین (দাইন) শব্দটির শাব্দিক অর্থ- ঋণ দেয়া, ঋণ নেয়া। কারো থেকে কোনো পণ্যের নির্ধারিত বকেয়া মূল্য বা নির্ধারিত ভাড়া বা নির্ধারিত বেতন ইত্যাদি আর্থিক সুনির্দিষ্ট দায় পরিশোধের সময় হলে অতিরিক্ত প্রদানের শর্তে বা মেয়াদ বাড়িয়ে দেয়ার শর্তে অতিরিক্ত প্রদান করাই রিবাদ দাইন। ফকিহগণের আলোচনায় ৩ ধরনের রিবাদ-দাইনের কথা উঠে এসেছে।

ক. পণ্যের বকেয়া মূল্যে অতিরিক্ত নেয়া
এই প্রকারের রিবা হলো যে-কোনো পণ্যের নির্দিষ্ট বকেয়া মূল্যের উপর মেয়াদ শেষে অতিরিক্ত প্রদান করার শর্ত দেয়া। যেমন : আলম মিয়ার দোকান থেকে সিরাজ ভাই নিয়মিত কেনাকাটা করেন। এই মাসে সিরাজ ভাইয়ের বেতন বাকি পড়ায় সে চুক্তি করল যে, বাকিতে মোট ২ হাজার টাকার সদাই করে ৩০ দিন পর আলম ভাইকে পরিশোধ করবেন। কিন্তু পরের মাসেও সিরাজ ভাইয়ের বেতন দেরি করা হলো। তাই তিনি আলম ভাইয়ের কাছে আরও ১০ দিন অতিরিক্ত সময় চাইল। আলম ভাই এই অতিরিক্ত ১০ দিনের জন্য ২ হাজারের সাথে আরো ১০০ টাকা অতিরিক্ত দাবি করলেন। এই অতিরিক্ত সময়ের জন্য চাওয়া অতিরিক্ত ১০০ টাকাটা হচ্ছে রিবাদ-দাইন, যা হারাম।

খ. পণ্যের বকেয়া মূল্যে ছাড় দেয়া
পণ্যের নির্দিষ্ট বকেয়া মূল্য তাড়াতাড়ি পরিশোধ করার শর্তে ছাড় প্রদান করা। যেমন: কোনো কোম্পানি ৩ হাজার টাকার ১২টা কিস্তিতে ফ্রিজ বিক্রি করল। কিন্তু মূল চুক্তিতে শর্ত দেওয়া থাকল যে নির্ধারিত সময়ের আগেই কিস্তিগুলো দিয়ে দিলে ৫% রেয়াত (ছাড়/ডিসকাউন্ট) দেয়া হবে। এই শর্ত দিয়ে যে ছাড় দেয়া হলো, এটাও রিবাদ-দাইনের ভিতরে পড়বে।

গ. যে-কোনো আর্থিক দায়ের বিপরীতে মেয়াদ শেষে অতিরিক্ত গ্রহণ
পণ্যমূল্যের মতো অন্যান্য আর্থিক দায়ের ক্ষেত্রেও মেয়াদ শেষে অতিরিক্ত গ্রহণ করা যাবে না। যেমন : বকেয়া ভাড়া, বকেয়া বেতন ইত্যাদি। ইমাম মালেক (রহ.) বলেন, “এটা দায় পরিশোধের মেয়াদ বাড়িয়ে দিয়ে (পণ্যমূল্য বৃদ্ধির মতোই) অতিরিক্ত অর্থ গ্রহণের নামান্তর। যা নিঃসন্দেহে রিবা।” -মুয়াত্তা মালেক, পৃ.২৭৯।

উদাহরণ: সিরাজ ভাই বিয়ে করেছেন ২ বছর হলো। তিনি বিয়েতে মোহরানা ধরেছিলেন ৫ লাখ টাকা। বিয়ের সময় তিনি কথা দিয়েছিলেন তাঁর স্ত্রী শম্পাকে পুরো দেনমোহর ২ বছরের মধ্যে শোধ করে দিবেন। কিন্তু তিনি ২ বছরে শোধ করলেন মাত্র ২ লাখ টাকা। এবার ২ বছর মেয়াদ শেষ হওয়ার পর শম্পার কাছে আরো সময় চাইলেন দেনমোহর পরিশোধের জন্য। শম্পা শর্ত জুড়ে দিল যে, সিরাজ ভাই যেন তাকে অতিরিক্ত ৫০ হাজার টাকা দেয়। এই অতিরিক্ত সময়ের সাথে শর্ত করে দেয়া টাকাটা রিবাদ-দাইন।

টিকাঃ
৪ ইসলামি পরিভাষায় একে 'যা ওয়া তাআজ্জাল' (وتعجل ضع) বলে। ইংরেজিতে Cut Off and Pay Now.

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 কয়েকটা ব্যতিক্রম

📄 কয়েকটা ব্যতিক্রম


উপরের আলম ভাইয়ের গ্রাম শফিপুরের রেওয়াজ হলো ১লা বৈশাখে হালখাতা খোলা। গ্রামের সবাই কমবেশি বাকিতে কেনাকাটা করে আর ব্যবসায়ীরা এই সময়ের অপেক্ষায় থাকে যে, যত টাকা পারা যায় এই দিনে উদ্ধার করা। দেখা গেল, আলম ভাইদের মতো বিভিন্ন মুদি, ঔষধ আর মনোহারি দোকানের মালিকেরা ছাড় দিয়ে হলেও টাকা আদায় করার চেষ্টা করে। তারা ৯০% বা ৯৫% বাকি টাকা পেলেই খুশি থাকে, বাকি ৫% বা ১০% ছেড়ে দেয়। সবাই বড় অঙ্কের টাকা আটকে গেলে সেই টাকা উদ্ধারে হালখাতার দিন কত টাকা দিলে কত টাকা ছাড় পাবে সেই নিয়ে দরকষাকষি করে আর সেই বোঝাপড়া অনুযায়ী যারা ঋণগ্রস্ত গ্রাহকেরা বিভিন্নভাবে টাকা জোগাড় করে হালখাতার দিন শোধ করে কিছু ছাড় পায়।

এই যে বকেয়া টাকা ফেরত দিলে নির্দিষ্ট পরিমাণ ছাড়, এটা রিবাদ-দাইন মনে হলেও এটি আসলে রিবাদ-দাইন হচ্ছে না, কারণ এক্ষেত্রে বাকিতে পণ্য নেয়ার সময় কত টাকা ছাড় দেয়া হবে তা নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি বাকিতে পণ্য নেয়ার সময়ই এমন করা হয়, তাহলে সেটা নিষিদ্ধ।

করোনার সময় অনেক ব্যবসা কিছুদিনের জন্য বন্ধ থাকে, অনেকেই চাকরি হারান। এই সময়ে অনেকের ক্রেডিট কার্ডের টাকা বাকি পড়ে। ব্যাংক সিদ্ধান্ত নেয় বাকি টাকা উদ্ধারে বিশেষ ছাড় দিবে। তারা ঘোষণা করে দেয়, যাদের কাছে পাওনা ৫০ হাজার টাকার নিচে, তাদের কেউ পাওনা টাকার ৫০% শোধ করলে বাকি টাকা মাফ। অর্থাৎ মোট ৫০ হাজার টাকা বাকি থাকলে, ২৫ হাজার টাকা শোধ করে দিলে বাকি ২৫ হাজার টাকা মাফ। ব্যাংক এমন সিদ্ধান্ত নিলে এটা রিবাদ-দাইন হবে না, এরকম চুক্তি গ্রাহকের জন্য সাদা চোখে রিবাদ-দাইন মনে হলেও আসলে শুরুতেই গ্রাহক এই চুক্তির আওতায় টাকা নেয়নি। পরে বিশেষ অবস্থায় এই অফার আসায় এটা আর রিবাদ-দাইন হচ্ছে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00