📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 সুদের ব্যাপারে ইসলামের অবস্থান

📄 সুদের ব্যাপারে ইসলামের অবস্থান


“যারা সুদ খায়, তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুঁশ করে দেয়, এ শাস্তি এজন্য যে, তারা বলে, 'ক্রয়-বিক্রয় সুদের মতোই', অথচ ব্যবসাকে মহান আল্লাহ্ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশবাণী পৌঁছল এবং সে বিরত হলো, পূর্বে যা সুদের আদান-প্রদান হয়ে গেছে, তা তারই, তার মীমাংসা মহান আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে।”
-সুরা আল বাকারা : আয়াত : ২৭৫

লক্ষ করুন, এই আয়াতে আল্লাহ প্রথমত সুদ এবং ব্যবসাকে আলাদা করেছেন। তার পরবর্তীতে তিনি সুদ ভক্ষণকারীর জন্য চির-জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। ঠিক এমনি কঠোরতা আমরা খুঁজে পাই সুরা বাকারার ২৭৯ নং আয়াতে। যেখানে আল্লাহ তায়ালা বলেন-

“তারপর যদি না ছাড় তবে মহান আল্লাহ্ ও তাঁর রসুলের নিকট থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমরা তোমাদের মূলধন পাবে, এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না। আর তোমরাও অত্যাচারিত হবে না।”

আল্লাহ ও রসুলের পক্ষ থেকে যেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এসেছে তার চেয়ে বড় হতভাগা আর কে? পবিত্র কুরআনে বহু সংখ্যক পাপের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এত কঠোর হুঁশিয়ারি আর কোনো পাপের বেলায় উল্লেখ করা হয়েছে বলে জানা নেই। হাদিসে লক্ষ করলেও আমরা দেখতে পাই সুদ ভক্ষণকারীর বিরুদ্ধে রসুল (সা.) এর ভাষা অত্যন্ত কঠোর।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 সরল সুদ

📄 সরল সুদ


যখন কোনো ঋণের বিপরীতে প্রতি বছর কেবল একটি নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হয়, তাকে বলে সরল সুদ। একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক।

ধরি, জরিনা ১০% সরল সুদে ১০ বছরের জন্য ১ হাজার টাকা ঋণ নিল। প্রতি বছর জরিনার মোট সুদ আসবে ১০০ টাকা। এখন, জরিনা ২ টা উপায়ের যে-কোনটা করতে পারে: ক. প্রতি বছর ১০০ টাকা সুদ এবং মেয়াদ শেষে আসল বা মূলধন ১ হাজার টাকা ফেরত দিবে। খ. ১০ বছর পরে একবারে সুদ-আসলের মোট ২০০০ টাকা পরিশোধ করে দিতে পারে। সরল সুদের ক্ষেত্রে জরিনা যদি ঠিক মতো সুদ না দেয় বা কোনো কিস্তি জমা না দেয়, তাতেও সুদের পরিমাণে কোনো পরিবর্তন আসবে না।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 চক্রবৃদ্ধি সুদ

📄 চক্রবৃদ্ধি সুদ


চক্রবৃদ্ধি ব্যবস্থায় সময়মত জমা না দেয়া সুদের পরিমাণ মূল ঋণ বা আসলের সাথে যুক্ত হয়। এরপর মোট পরিমাণের উপর বর্ধিত সুদ আসে। তাই কিস্তি বিফলে গেলেই সুদের পরিমাণ ক্রমাগত বেড়ে যেতে থাকে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে।

ধরি, জরিনা এবার চক্রবৃদ্ধি সুদে ঋণ নিল। এই অবস্থায়, প্রথম বছরে জরিনার সুদ আসবে ১০০ টাকা। প্রথম বছরের সুদ সময়মত জমা দিলে, দ্বিতীয় বছর সুদ আসবে ১০০ টাকা। এভাবে প্রতি বছরের পাওনা সুদ জমা দিতে থাকলে জরিনার সুদের পরিমাণ বাড়বে না এবং আসল বা মূল ঋণ ১ হাজার টাকাই থাকবে।

কিন্তু প্রথম বছর সুদ সময়মত পরিশোধ না করলে দ্বিতীয় বছর শেষে সুদ আসবে: ১০০০ টাকার উপর ১ম বছরের সুদ ১০০ টাকা + সময়মত কিস্তি না দেয়ায় পাওনা ১০০ টাকা সুদের উপর ১০ টাকা উপরি-সুদ = ১১০ টাকা সুদ। অর্থাৎ ১ম বছর কিস্তি না দেয়ায়, ২য় বছরে গিয়ে মূল ঋণ হয়ে গিয়েছে ১০০০ + ১০০ = ১১০০ টাকা এবং ২য় বছর শেষে এই ১১০০ টাকার উপর ১০% হিসেবে ১১০ টাকা সুদ এসেছে।

এবার, ২য় বছর শেষে কোনো কিস্তি পরিশোধ না করলে ৩য় বছর শেষে সুদ আসবে: ১১০০ টাকার উপর সুদ ১১০ টাকা + ১১০ টাকা সুদের উপর ১১ টাকা উপরি-সুদ = ১২১ টাকা। অর্থাৎ ২য় বছরেরও কিস্তি না দেয়ায়, ৩য় বছরে গিয়ে মূল ঋণ হয়ে গিয়েছে ১১০০ + ১১০ = ১২১০ টাকা এবং ৩য় বছর শেষে এই ১২১০ টাকার উপর ১০% হিসেবে ১২১ টাকা সুদ এসেছে।

এভাবে, কিস্তি শোধ না করলে প্রতি বছর মোট সুদের পরিমাণ কেবল বৃদ্ধি পেতে থাকবে। কারণ, দেনার সুদ তাঁর মূল ঋণ বা আসলের সাথে যুক্ত হতে থাকবে। এভাবে ১০ বছর পরে একবারে সব ঋণ পরিশোধ করতে চাইলে জরিনাকে ১ম বছরে নেয়া ১০০০ টাকার বিপরীতে মোট ২,৫৯৩ টাকা পরিশোধ করতে হবে।

চক্রবৃদ্ধি সুদ খুব দ্রুত বেড়ে পেয়ে যায়। জরিনা যদি ৩০ বছর পরে একত্রে সব দেনা পরিশোধ করতো তাহলে তাকে মোট ১৭,৫০০ টাকা দিতে হতো (অথচ সরল সুদে তা ছিল ৪০০০ টাকা মাত্র)। এবারে কাগজে-কলমে একটু হিসেব করে দেখুন ৬০ বছর পরে কী ফলাফল হতো? উত্তরটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 বর্তমান ব্যাংকগুলোর প্রদত্ত ‘সুদ’ কি ইসলামে নিষিদ্ধ রিবার অন্তর্ভুক্ত?

📄 বর্তমান ব্যাংকগুলোর প্রদত্ত ‘সুদ’ কি ইসলামে নিষিদ্ধ রিবার অন্তর্ভুক্ত?


আমাদের অনেকেই এই ধারণা করেন যে ব্যাংকের 'সুদ' আর ইসলামে নিষিদ্ধ 'রিবা' এক না। এই প্রসঙ্গে কথা বলতে গেলে আবার অনেকেই বলে থাকেন, “আরে এগুলা 'সিরিয়াস ইস্যু' না, ইসলামের আরও অনেক বড় বিষয় আছে।” তাই, এই ধারণা মানুষের মাঝে শক্ত শিকড় গেড়েছে যে ব্যাংক ব্যবস্থা ক্ষতিকারক না। অর্থাৎ, অর্থমন্ত্রীর কথা আসলে তার একার না বরং এই কথাগুলো একটি শ্রেণির মানুষের সুদের প্রতি মনোভাবের প্রতিনিধিত্ব করে।

প্রথমত, কথাটি প্রচলিত অর্থনীতির মানদণ্ডে সত্যি না। তাই, 'কস্ট অব ফান্ড'-এর ভিতরে সুদকে অন্তর্ভুক্ত করা মস্ত বড় ভুল। সুদ কখনও কস্ট বা খরচের অন্তর্ভুক্ত হতে পারে না। এটা মনগড়া উক্তি। ব্যাংকগুলোতে যে কস্ট (খরচ) ধরা হয় তাতে কি শুধু খরচই থাকে নাকি সুদও থাকে? অর্থমন্ত্রী সাহেব হয়তো বলবেন, পুরোটাই 'কস্ট অব ফান্ড'। কিন্তু খেলাপি ঋণের খসড়া নীতিমালা থেকে এটি পরিষ্কারভাবে প্রমাণিত যে, কস্ট ও সুদ দুটোকেই হিসাব করা হয়েছিল! সুতরাং সুদকে ঢালাওভাবে শুধু খরচ বা কস্ট দাবি করে বৈধ বলার পথ আর বাকি থাকল না।

দ্বিতীয়ত, 'রিবা' আরবি শব্দ। কুরআন ও হাদিসের শব্দ। এর মুজমাআলাই (ইসলামি স্কলারদের সর্বস্বীকৃত) ও মুতাওয়ারাছ (নববি যুগ থেকে আজ পর্যন্ত চলে আসা ধারাবাহিকভাবে অনুসৃত) ব্যাখ্যা দিনের আলোর মতো স্পষ্ট। ঋণের বিপরীতে মূলধনের অতিরিক্ত কোনো কিছুর শর্তারোপ করাই হলো রিবার চুক্তি। আর অতিরিক্ত বস্তু হচ্ছে রিবা। এতে ঋণের ধরন ও শর্তকৃত অর্থ কম-বেশি হওয়ার কোনো পার্থক্য নেই। সুদ হলো ফারসি, উর্দু ও বাংলা ভাষার শব্দ। এই তিন ভাষার মানুষের কাছে জিজ্ঞাসা করা হোক, তিন ভাষার নির্ভরযোগ্য অভিধান দেখা হোক, কোথাও পাওয়া যাবে না যে, 'সুদের অর্থ- কস্ট অব ফান্ড বা কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক খরচ)। সব জায়গায় যা পাওয়া যাবে তা হলো, ঋণ গ্রহণ বাবদ ঋণের পরিমাণের হিসাবে যে অতিরিক্ত লাভ বা অর্থ দেয়া হয়, সেটাই 'সুদ'।

তৃতীয়ত, আরবি শব্দ 'রিবা'র বাংলা পারিভাষিক শব্দ বা অর্থ যদি 'সুদ' না হয়, তাহলে 'রিবা'র বাংলা কী হবে? আচ্ছা ধরে নিলাম, ব্যাংকিং রিবাকে সুদ বলবেন না। সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু ভাষার ভিন্নতার কারণে মূলে পরিবর্তন হতে পারে না। এটি খুবই ভ্রান্ত কথা হবে এবং সেই ভ্রান্তির একটা উদাহরণ দেই। যেমন: খমর বা মদ হারাম। তবে, 'বিয়ার' হারাম নয়। কারণ, বিয়ারের কথা কুরআনে নেই!! অর্থাৎ আপনি যেভাবেই বা যতই ইনিয়ে-বিনিয়ে দাবি করুন না কেন, "কুরআনে বর্ণিত 'খমর' আর বর্তমান যুগে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুতকৃত 'বিয়ার' এক নয়”, সেটা মোটেই সঠিক নয়। বরং 'খমর' নিষিদ্ধ হওয়ার দ্বারা সব ধরনের 'মদ' নিষিদ্ধ হয়ে গিয়েছে, সেটা কুরআনের যুগে উপস্থিত থাকুক আর না থাকুক。

সবশেষে, ব্যবসায়ীর লোকসান হলেও ব্যাংক সুদ-সহ আসল ফেরত নেয়। কখনো প্রসেসিং ফি নামেও আরো কিছু নেয়। সুদ যদি হয় তাদের ভাষায় কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক খরচ), তাহলে ব্যাংক লাভ করে কোথা থেকে? প্রকৃতপক্ষে, সুদ যদি কেবল কস্ট (খরচ) হতো, তাহলে ব্যাংক 'ফর প্রফিট' বা 'লাভ নিয়ে ব্যবসা করা প্রতিষ্ঠান' না হয়ে 'সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান' হয়ে যেত এবং ব্যাংক কখনোই সমাজের সবচেয়ে শক্তিশালী, লাভজনক ও দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হয়ে উঠত না। তাই, ব্যাংকের খরচের পরিমাণ টাকাই 'সুদ' এই কথাগুলো একবিন্দু বাস্তবসম্মত না।

প্রকৃতপক্ষে, আধুনিক ব্যাংকিং সম্পর্কে অধ্যয়ন করলে আপনারা জানতে পারবেন যে রিবা আগে যতটা অমানবিক ছিল এখনও তার চেয়েও অমানবিক হয়ে গেছে। ব্রিটেনের অক্সফ্যাম ইন্টারন্যাশনালের সাম্প্রতিক একটি সমীক্ষা একথার পক্ষে সুস্পষ্ট প্রমাণ বহন করে। যাতে বলা হয়েছে, পুরো পৃথিবীর ধনী ১% মানুষ বাকি ৯৯% মানুষের চেয়ে বেশি সম্পদ উপভোগ করছে। এটি সুদ-ভিত্তিক অর্থনীতির ফলে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য ও অমানবিকতারই একটি জ্বলন্ত উদাহরণ। কীভাবে সুদ এই অর্থনৈতিক বৈষম্যের কারণ হিসেবে দায়ী সেই ব্যাপারে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটি পড়ার আমন্ত্রণ রইল।

টিকাঃ
১ Prothom Alo News Link - t.ly/l5tm
২ কেউ যদি কুরআনে বর্ণিত রিবা আর হাদিসে বর্ণিত রিবাকে আলাদা করতে চান, তারা পড়াশোনা ও গবেষণা করার জন্য এটা করতে পারেন। কিন্তু পুরোটাই একসাথে ইসলামে নিষিদ্ধ রিবা। তাই আমরা ইসলামের নিষিদ্ধ রিবার সাথেই ব্যাংকের 'সুদ' এর তুলনা টানব।
৩ অক্সফাম রিপোর্ট লিংক - : .ly/RWkl

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00