📄 আত্মসমালোচনা
রসুল সা. এহতেসাব বা আত্মসমালোচনার কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন। প্রত্যেকে তার দিন শুরু করে এবং তার আত্মাকে ব্যবসায় খাটায়। হয় সেটাকে মুক্ত করে অথবা এটাকে ধ্বংস করে (মুসলিম)। উমর ইবনে খাত্তাব রা. বলেছেন, আল্লাহ তায়ালার কাছে হিসেব দেওয়ার আগে তুমি নিজের হিসেব নিয়ে নাও। এভাবে চূড়ান্ত হিসেব নিকেশের জন্য তৈরি হও।
প্রায় প্রতি ওয়াক্ত নামাজের পর এবং বিশেষভাবে ভোরে যখন আপনি একা এবং নিভৃতে আপনি আপনার হৃদয়ের কম্পনবোধ করেন তখনই আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চান। ফজর নামাজের সময়টি নিজেকে মূল্যায়ন করার এবং আগত দিনের জন্য নিজেকে প্রস্তুত করার এক উত্তম সময়।
ইমাম তিরমিজি উদ্ধৃত করেছেন যে, রসুল সা. বলেছেন, হাশরের ময়দানে কোনো আদম সন্তান এক পা-ও নড়তে পারবে না যতক্ষণ না সে পাঁচটি প্রশ্নের উত্তর দেয় এই পাঁচটি প্রশ্ন হচ্ছে: ১. কোন চিন্তা এবং কাজে সে তার সময় ব্যয় করেছে? ২.' তার মানসিক এবং শারীরিক শক্তি কোন বিষয়ে ব্যয় করেছে? ৩. কোন পথে সে তার সম্পদ আয় করেছে? ৪. কোন পথে সে তার সম্পদ ব্যয় করেছে? ৫. সে যা হক বলে জানতো সেই অনুযায়ী কতটুকু আমল করেছে?
এই পাঁচটি প্রশ্ন প্রতিদিন আপনি আত্মসমালোচনার সময় নিজেকে করতে পারেন। এসব প্রশ্নের মাধ্যমে আমরা নিজেদের নৈতিক উন্নয়ন, খোদা সচেতনতা এবং তাঁর পথে কাজ করার ইচ্ছাশক্তি বাড়াতে পারি। এই আত্ম-বিশেষণ কর্মসূচি যদি আপনি নিয়মিত করেন তবে ধীরে ধীরে আপনি নিজেকে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে পারবেন।
📄 মৃত্যুভয় জয় করা
গদিও হাশরের দিনটিকে ভয় করতে হবে, তবে মনে রাখতে হবে যে এটা আমাদের আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভের দিনও বটে। হজরত বিবি আয়েশা রা. উল্লেখ করেছেন যে রসুল সা. বলেছেন যে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ পছন্দ করে আল্লাহ তায়ালা-ও তাঁর সাক্ষাৎ পেতে পছন্দ করেন। আর যে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তায়ালাও তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। তখন বিবি আয়েশা রা. জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তায়ালা রসুল সা. এটা কি মৃত্যুকে অপছন্দ করার কারণে হয়, কারণ আমরা সবাই মৃত্যুকে অপছন্দ করি। রসুল সা. বললেন, ঠিক তা নয়, বরং এটা হচ্ছে এই রকম যে, যখন কোনো ইমানদার বান্দাহ আল্লাহ তায়ালার দয়া, তাঁর তুষ্টি এবং তাঁর বেহেশতের সুসংবাদ শোনে তখন সে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের জন্য আকুল হয়। আর আল্লাহ তায়ালাও তাঁর সাক্ষাৎ পেতে চান। অন্যদিকে যখন কোনো কাফের তাঁর শাস্তি এবং তাঁর অসন্তুষ্টির কথা শোনে তখন সে আল্লাহ তায়ালার দেখা পেতে অপছন্দ করে, আল্লাহ তায়ালাও তার দেখা পেতে অপছন্দ করেন (মুসলিম)।
কাজেই, আমাদের সব নামাজে এবং দোয়ায় আল্লাহ তায়ালার সাক্ষাৎ-সান্নিধ্য লাভের আগ্রহ প্রকাশিত হওয়া উচিত। রসুল সা. সবসময় এই দোয়া পড়তেন, হে আল্লাহ তায়ালা আমি আপনার কাছে পরকালে শান্তিময় জীবনের জন্য আবেদন করছি; আমি আপনার কাছে আপনার বরকতপূর্ণ মুখপানে তাকাবার সুযোগ লাভের এবং আপনার সাক্ষাৎ লাভের জন্য আবেদন করছি; যে কোনো কষ্ট বা এমন পরীক্ষা যা বিপথে নিয়ে যায় তা থেকে পানাহ চাচ্ছি; হে আল্লাহ তায়ালা আমাকে ইমানের বলে বলীয়ান করুন; আমাকে সত্য পথ প্রদর্শন করুন এবং সত্যপথে চালিত করুন (নাসায়ি)।
এভাবে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভে আমাদের আগ্রহ আমাদের মন থেকে মৃত্যুভয় দূর করবে, যেই ভয় একটি প্রাকৃতিক বাস্তবতা। এমনকি নবি মুসা আ. তাঁর লাঠি যখন আল্লাহ তায়ালার আদেশে সাপ হয়ে গেল তা দেখে ভয় পেয়েছিলেন (সুরা ত্বহা, ২০ : ১৭-২৪)।
এই ভয়কে জয় করা যায় জিকির, সৎকাজ এবং হাশরের ময়দানে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের বিষয়টি মনে রাখার মাধ্যমে।
যে লোক আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের জন্য আশান্বিত হবে সে যেন নেক আমল করে এবং বন্দেগি ও দাসত্বের ব্যাপারে আল্লাহ তায়ালার সাথে অপর কাউকে শরিক বানিয়ে না নেয় (সুরা কাহাফ, ১৮: ১১০)।
📄 সারসংক্ষেপ
আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের জন্য নিজেদের প্রস্তুত করা। এটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আমাদের আজই এবং এখনই নিতে হবে। এই একটি সিদ্ধান্ত আমাদের গোটা জীবনের চলার দিক ও লক্ষ্যের নির্দেশনা দেবে। যে পথের কথা বলা হয়েছে কুরআনে, যে পথে চলার উদাহরণ রেখে গেছেন মহানবি হজরত মুহাম্মদ সা.।
আল্লাহ তায়ালা আমাদের যে জ্ঞান দিয়ে ধন্য করেছেন তাই হবে আমাদের এ পথে চলার সহায়ক। আমাদের মিশন যখন সফল হবে তখন আমরা দেখবো আমাদের দোয়ার জবাব আল্লাহ তায়ালা দিচ্ছেন, আমাদের প্রয়োজনে তাঁর সাহায্য ও মদদ পাচ্ছি ঠিক যেমনটি তিনি বলেছেন:
হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আমার অনুগত বান্দাদের মধ্যে শামিল হও আর আমার বেহেস্তে প্রবেশ করো (সুরা ফজর, ৮৯: ২৭-৩০)।