📄 মানবতার সামনে সত্যের সাক্ষ্য হওয়া
আপনার জীবন তখনই জিকিরময় হয়ে উঠবে যখন আপনি নিজে যে সত্যপথের সন্ধান পেয়েছেন সেই পথে অন্যদের দাওয়াত দিবেন। এই দাওয়াত কার্যক্রম হচ্ছে আল্লাহ তায়ালার প্রতি আপনার ইমানের এক স্বাভাবিক বহিঃপ্রকাশ। আল-কুরআন আমাদের আদেশ করেছে:
(সত্যকে) মানুষের সামনে প্রকাশ করো এবং এটাকে গোপন করবে না (সুরা আলে ইমরান, ৩: ১৮৭)। আরও বলা হয়েছে:
তোমরা পরস্পরকে তাক্বওয়া এবং সত্যের পথে সাহায্য করো আর পাপ এবং অবাধ্যতার পথে কখনো পরস্পরকে সাহায্য করবে না (সুরা মায়েদা, ৫: ২)।
তারা পরস্পরকে সত্যের আদেশ করে এবং পরস্পরকে ধৈর্য্য ধারণে সাহায্য করে (সুরা আসর, ১০৩: ৩)।
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ কল্যাণকর হয়। যে ব্যক্তি ভয় করে সেই উপদেশ গ্রহণ করবে (সুরা আ'লা, ৮৭: ৯-১০)।
এভাবে যতই আপনার ইমান বৃদ্ধি পেতে থাকবে ততই আপনি নতুন নতুন মানুষকে সেই পথে ডাকবেন যে পথ আপনি সত্য-সঠিক বলে উপলব্ধি করেছেন। সেই সংগঠনে যোগ দিতে ডাকবেন যেখানে তারা সমবেত হয়েছে, যাদের সম্পর্কে বলা হয়েছে,
তার কথার চাইতে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহ তায়ালার পথে ডাকে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত (সুরা হা-মীম আস সাজদা, ৪১: ৩৩)।
এভাবে যতই আপনার সংগঠন প্রসারিত হবে ততই আল্লাহ তায়ালার প্রতি আপনার দায়িত্ববোধ বাড়বে। ইমান এবং সংগঠন একটি আরেকটিকে শক্তিশালী করবে। এভাবে একজনের পুরো জীবন ক্রমান্বয়ে আল্লাহ তায়ালার পথে নিবেদিত হয়ে যায়।