📄 প্রয়োজনের অতিরিক্ত ভোগ না করা
৭৬৫. আবৃদ দারদা বলেন, "নবি একবার নদীর তীরে ওযু করেন। ওযু শেষে অতিরিক্ত পানি নদীতে ফেলে দিয়ে বলেন, 'এ পানি যাদের উপকারে আসবে, এমন সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা এটা পৌঁছে দিন।” [৫১৬]
৭৬৬. আবৃত তায়্যিব মুহাম্মাদ ইবনু আহমাদ বলেন, “ইমাম আবূ বকর মুহাম্মাদ ইবনু ইসহাককে বলতে শুনেছি : 'ঘরে হাউজের পানি থাকাবস্থায় আমি রাত কাটিয়েছি বলে মনে পড়ে না। আমার যতটুকু প্রয়োজন হয়, ততটুকুই হাউজ থেকে নিয়ে আসি। অতিরিক্ত হলে হাউজে ফেলে দিয়ে আসি সেটা।”
টিকাঃ
[৫১৬] নুরুদ্দিন হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, ১/২২০; এই সনদে আবু বকর ইবনু আবী মারিয়াম যঈফ রাবী。
📄 আল্লাহর ভয় সকল বিষয়ে নিষ্কৃতির মাধ্যম
৭৬৭. আবু যর থেকে বর্ণিত, নবি বলেছেন :
"আমি এমন এক আয়াতের কথা জানি, যার ওপর আমল করলে মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। তা হচ্ছে:
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
'যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার নিস্কৃতির পথ করে দেবেন।” [৫১৭] [৫১৮]
টিকাঃ
[৫১৭] সূরা তালাক, ৬৫: ২。
[৫১৮] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৫/১৭৮; এর সনদ সহীহ হলেও এর সূত্র মুনকাতি。
📄 নবিজি ﷺ-এর বন্ধু
৭৬৮. আবু হুরায়রা থেকে বর্ণিত, নবি বলেছেন:
ألا إِنَّ أُولِيائِي مِنْكُم الْمُتَّقُون
“জেনে রাখো, তোমাদের মধ্যে মুত্তাকীরাই আমার বন্ধু।”[৫১৯]
টিকাঃ
[৫১৯] বুখারি, আল আদাবুল মুফরাদ, ৩০০。
📄 শ্রমণকালে তাকওয়া
৭৬৯. আবূ হুরায়রা থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি সফরে বের হওয়ার আগে নবি-এর কাছে এসে বলে, “ইয়া রাসূলাল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন।" নবি তখন বলেন,
أوصِيكَ بِتَقْوَى اللَّهِ وَ التَّكْبِيرَ عَلَى كُلِّ شَرَفٍ
"আমি তোমাকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বনের এবং সকল স্থানে তাকবীর বলার ওসিয়ত করছি।”
লোকটি চলে গেলে তিনি বলেন,
اللهم ازو لَهُ الْأَرْضَ وَهَوَّنِ عَلَيْهِ السَّفَر
“হে আল্লাহ, জমিনকে তার জন্য সংকুচিত করে দিন, সফরকে তার জন্য সহজ করে দিন।”[৫২০]
৭৭০. আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে নবি-কে বলে, “আমাকে ওসিয়ত করুন।” নবি তখন বলেন :
اتَّقِ الله فإنَّه جَمَاعُ كُلِّ خَيْرٍ
“আল্লাহকে ভয় করো, কারণ এটা সকল কল্যাণের উৎস।”[৫২১]
টিকাঃ
[৫২০] ইবনু হিব্বান, আস সহীহ, ১/১৬৫; এর সনদ সহীহ。
[৫২১] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৩/৮৩; বিভিন্ন মুহাদ্দিস এই মর্মে হাদীস বর্ণনা করেছেন। তবে এই শব্দে ও বাক্যে নয়। তবে আদীসের সনদ সহীহ。