📄 আল্লাহর সংরক্ষিত এলাকা
৭৫২. নুমান ইবনু বুশাইর বলেন, "আমি নবি-কে বলতে শুনেছি,
الحلال بين، والحرام بيّن، وبينهما مُشتبهات، لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام، كالراعي يرعى حول الحمى يوشك أن يقع فيه، ألا وإنَّ لكل ملك حمى، ألا وإنَّ حمى الله محارمه، ألا وإنَّ في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب.
'হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়, যা অনেকেই জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়গুলোতে লিপ্ত হয়ে পড়ে, সে হারামে পড়ে যায়। ঠিক সেই রাখালের মতো, যে পশুকে সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই তা সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো, প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আর আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ বিষয়গুলো। জেনে রাখো, শরীরে গোশতের একটি টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, গোশতের সে টুকরোটি হলো অন্তর।”[৫০০]
টিকাঃ
[৫০০] বুখারি, আস সহীহ, ৫২。
📄 তাকওয়া অবলম্বনের প্রতিদান
৭৫৩. আবু কাতাদা এবং আবূ দাহমা বর্ণনা করেন, “আমরা একবার এক গ্রাম্য ব্যক্তির কাছে আসি। লোকটি বলে, 'নবি একবার আমার হাত ধরে সেসব বিষয় শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ তাআলা তাঁকে যা শিক্ষা দিয়েছেন। এ সময় আমি তাঁর থেকে যেসব বিষয় শিখেছি তার মধ্যে রয়েছে:
إِنَّكَ لَا تَدَعُ شَيْئًا إِتَّقَاءُ لِلَّهِ إِلَّا أَعْطَاكَ اللَّه خَيْرًا مِنْهُ
'তুমি আল্লাহর ভয়ে কোনো বিষয় পরিত্যাগ করলে আল্লাহ অবশ্যই তোমাকে তারচেয়েও উত্তম বিষয় প্রদান করবেন। [৫০১]
টিকাঃ
[৫০১] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৫/৭৮, ৭৯; সনদ সহীহ。
📄 সন্দেহজনক বিষয়ে করণীয়
৭৫৪. আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত, নবি বলেছেন:
الحلال بَيِّن والحرامُ بَيِّنٌ، فدع ما يريبك إلى ما لا يريبك
“হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। তাই যে বিষয় তোমার কাছে সন্দেহজনক মনে হয়, তা ছেড়ে সন্দেহমুক্ত বিষয়টা গ্রহণ করো।”[502]
টিকাঃ
[৫০২] তাবারানি, আল মুজামুস সগির, ১/৫১; এই হাদীসে সনদ হাসান。
📄 তাকওয়া বোঝার মানদণ্ড
৭৫৫. আবূ কিলাবা থেকে বর্ণিত, উমার ইবনুল খাত্তাব বলেছেন: "কারও সালাত বা সাওম দেখে লাভ নেই। বরং মানুষের কথাবার্তা, আমানতদারি, এবং দুনিয়াবি বিষয়ে আল্লাহভীরুতার প্রতি লক্ষ করবে।”