📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দ্বীনের ভিত্তি

📄 দ্বীনের ভিত্তি


৭১৩. মুসআব ইবনু সাদ তার পিতা থেকে বর্ণনা করেন, নবি বলেছেন:
فَضْلُ الْعِلْمِ أَحَبُّ إِلَيَّ مِنْ فَضْلِ الْعِبَادَةِ، وَمَلَاكُ دِينِكُمُ الْوَرَعُ "আমার কাছে ইবাদাতের ফযীলাতের তুলনায় ইলমের ফযীলাত বেশি। আর তোমাদের দ্বীনের ভিত্তি হলো আল্লাহভীরুতা।”[৪৮৬]

৭১৪. আবু হুরায়রা থেকে বর্ণিত, নবি বলেন:
كن ورعًا تكن أعبد الناس، وكن قنعًا تكن أشكر الناس، وأَحِبَّ للناس ما تُحِبُّ لنفسك تكن مؤمنًا، وأحسن مجاورة من جاورك تكن مسلما، وأَقِلَّ الضحك فإنَّ كثرة الضَّحِكِ تُميتُ القلب
"আল্লাহভীরু হয়ে যাও, তাহলে সবচেয়ে বড় আবিদ হতে পারবে। অল্পে তুষ্ট হয়ে যাও, তাহলে সবচেয়ে কৃতজ্ঞ হতে পারবে। নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা-ই পছন্দ করবে, তাহলে মুমিন হবে। প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করো, তাহলে মুসলিম হতে পারবে। কম হাসবে। কেননা অধিক হাসি অন্তরকে মৃত বানিয়ে ফেলে।”[৪৮৭]

৭১৫. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আল মারিবি বলেন, “ওহাইব ইবনু অরদ আমাকে বলেছেন: ‘কোনো ভবন নির্মাণ করতে চাইলে তিনটি বিষয়কে তার ফাউন্ডেশন বানাও। হলো, দুনিয়াবিমুখতা, আল্লাহভীরুতা এবং উত্তম নিয়ত। যদি তুমি অন্য কিছুকে ফাউন্ডেশন বানাও, তাহলে সেই ভবন ধ্বসে পড়বে।"

টিকাঃ
[৪৮৬] হাকিম নাইসাপুরি, আল মুস্তাদরাক, ১/৯২; সনদ সহীহ。
[৪৮৭] ইবনু মাজাহ, আস সুনান, ৪২১৭; ইমাম বুসিরির মতে এর সনদ হাসান。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আমল কবুল হওয়ার তিনটি শর্ত

📄 আমল কবুল হওয়ার তিনটি শর্ত


৭১৬. তিনি আরও বলেন, “ওহাইব ইবনু অরদ বলেছেন: 'যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য না পাওয়া যাবে, তার আমলের গ্রহণযোগ্যতা নেই। আল্লাহভীরুতা—যা তাকে আল্লাহ তাআলার হারাম বিষয় থেকে বাধা দিয়ে রাখবে। সহনশীলতা—যা তাকে নির্বুদ্ধিতা থেকে বিরত রাখবে এবং মানুষের সাথে উত্তম আচরণ।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 যুহদের পথে চারটি বৈশিষ্ট্য

📄 যুহদের পথে চারটি বৈশিষ্ট্য


৭১৭. আবুল কাসিম বসরি বলেন, “আমি কাত্তানিকে বলতে শুনেছি: 'যারা এই বিরান ভূমিতে প্রবেশ করতে চায়, তাদের জন্য নিজের মধ্যে চারটি বৈশিষ্ট্য ধারণ করা প্রয়োজন। এমন অবস্থা, যা তাকে রক্ষা করবে। এমন জ্ঞান, যা তাকে পরিচালনা করবে। এমন আল্লাহভীতি, যা তাকে পাপাচার থেকে রক্ষা করবে এবং এমন যিকর, যা হবে তার বন্ধু।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 ঈমানের চূড়ান্ত স্তর

📄 ঈমানের চূড়ান্ত স্তর


৭১৮. আবূ ওয়ায়িল বলেন, “আমি আবদুল্লাহ ইবনু মাসউদ-কে বলতে শুনেছি: ঈমানের শেষ স্তর হলো আল্লাহভীরুতা। সর্বোত্তম দ্বীন হলো আল্লাহর যিকরের মাধ্যমে সর্বদা উপকৃত হতে থাকা। আল্লাহ তাআলা আসমান থেকে জমিনবাসীর উদ্দেশ্যে যে কিতাব নাযিল করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। তাহলে সে (ইনশাআল্লাহ) জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সন্দেহাতীতভাবে জান্নাতের প্রত্যাশা করে, সে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দায় ভয় পাবে না।”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00