📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আল্লাহর প্রাপ্য আনুগত্য কেউ-ই করে না

📄 আল্লাহর প্রাপ্য আনুগত্য কেউ-ই করে না


৬১৮. আবূ সাঈদ বলেন, নবি বলেছেন, আল্লাহ তাআলা বলেন:
لَوْ أَطَاعُونِي عِبَادِي لأَطْلَعْتُ عَلَيْهِمُ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَأَمْطَرْتُ عَلَيْهِمُ الْمَطَرَ بِاللَّيْلِ ، وَلَمَا أَسْمَعْتُهُمْ صَوْتَ الرَّعْدِ
"যদি আমার বান্দারা আমার আনুগত্য করত, তাহলে আমি দিনের বেলায় তাদের জন্য সূর্য উদিত করতাম আর রাতে বৃষ্টি বর্ষণ করতাম। তাদের বজ্রনিনাদ শোনাতাম না।”[৪৩০]

৬১৯. আমাশ বলেন, "আবূ ওয়ায়িল আমাকে বলেছেন: 'আমাদের প্রতিপালক কতই-না উত্তম! যদি আমরা তার আনুগত্য করতাম, তাহলে তিনি আমাদের শাস্তি দিতেন না।'” [৪৩১]

টিকাঃ
[৪৩০] ইবনুল জাওযী, আল ইলালুল মুতানাহিয়া, ২/৭৯১; দারাকুতনি বলেন, হাদীসটি প্রমাণিত নয়। তবে একই মর্মে আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি সনদকে অনেকে সহীহ বলেছেন।
[৪৩১] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৬/৩৩৮।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আল্লাহর আনুগত্য করার উপকারিতা

📄 আল্লাহর আনুগত্য করার উপকারিতা


৬২০. মালিক ইবনু দিনার থেকে বর্ণিত, লুকমান তাঁর ছেলেকে বলেছেন: “বাবা! আল্লাহ তাআলার আনুগত্যকে ব্যবসা বানিয়ে নাও। তাহলে পুঁজি ছাড়াই মুনাফা অর্জন করতে পারবে।” [৪৩২]

৬২১. আবদুল্লাহ ইবনু খুবাইক থেকে বর্ণিত, হুজাইফা বলেছেন: “যে ব্যক্তি কোনো দল ছাড়াই বন্ধুত্ব চায়, কোনো গোত্র ছাড়াই সমবেদনা লাভ করতে চায়, সে যেন আল্লাহ তাআলার আনুগত্যকে পুঁজি বানিয়ে নেয়।”

৬২২. হুসাইন ইবনু আহমাদ আল হারাবি বলেন, "শিবলিকে বলতে শুনেছি : 'যদি তুমি আল্লাহর আনুগত্য করো, তাহলে সবকিছুই তোমার আনুগত্য করবে।”

টিকাঃ
[৪৩২] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ৪৯।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পার্থিব কষ্ট অনুপাতে আখিরাতের প্রতিদান

📄 পার্থিব কষ্ট অনুপাতে আখিরাতের প্রতিদান


৬২৩. ইবরাহীম ইবনু বাশশার বলেন, "আমি ইবরাহীম ইবনু আদহামকে বলতে শুনেছি : 'যে আমল করাটা শরীরের জন্য কষ্টসাধ্য, মিযানের পাল্লায় তার ওজন হবে সবচেয়ে বেশি। যে পরিপূর্ণভাবে আমল করবে, তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর যে কোনো আমলই করবে না, সে খালি হাতে দুনিয়া থেকে পরকালের পথে যাত্রা করবে।” [৪৩৩]

টিকাঃ
[৪৩৩] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/১৬।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 শ্রেষ্ঠর আনুগত্য করার মাধ্যমে সৃষ্টির আনুগত্য অর্জন

📄 শ্রেষ্ঠর আনুগত্য করার মাধ্যমে সৃষ্টির আনুগত্য অর্জন


৬২৫. আলি আর-রাযি থেকে বর্ণিত, ইয়াহইয়া ইবনু মুয়ায বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর খিদমাত করতে আনন্দবোধ করে, পৃথিবীর সবকিছুই তার খিদমাত করতে আনন্দ পায়। আল্লাহর মাধ্যমে যার চোখ শীতল হয়, তাকে দেখেও প্রতিটি জিনিসের চোখ শীতল হয়ে যায়." [৪৩৪]

৬২৬. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, "আমি আবূ সুলাইমানকে বলতে শুনেছি: 'দিনের বেলা যে ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা রাতে তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে রাতে ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার রাতের জন্য যথেষ্ট হয়ে যান। যে প্রকৃত অর্থেই প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে সেই চাহিদা বিদূরীত করে দেন। যে অন্তর আল্লাহর জন্য প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করেছে, তিনি তাকে শাস্তি দেবেন না।” [৪৩৫]

৬২৭. তিনি আরও বলেন, "আমি আবু সুলাইমানকে বলতে শুনেছি : 'যে ব্যক্তি সত্য কথা বলে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে উত্তম আচরণ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন।” [৪৩৬]

টিকাঃ
[৪৩৪] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ১১৩。
[৪৩৫] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৭৭。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00