📄 হাশরের ময়দানে পাঁচটি প্রশ্ন
৬১৭. আবদুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণিত, নবি বলেছেন:
لا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِكَ فِيمَا أَفْنَيَتَهُ ، وَعَنْ شَبَابِكَ فِيمَا أَبْلَيْتَهُ ، وَعَنْ مَالِكَ مِنْ أَيْنَ اكْتَسَبْتَهُ وَفِيمَا أَنْفَقَتَهُ ، وَمَا عَمِلْتَ فِيمَا عَلِمْتَ
"কিয়ামতের দিন এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগ পর্যন্ত বনী আদম এক পা-ও নড়তে পারবে না: সে তার জীবনকে কোথায় ব্যয় করেছে, যৌবনকে কোথায় শেষ করেছে, অর্থ-সম্পদ কোত্থেকে উপার্জন ও কোথায় খরচ করেছে, আর জ্ঞান অনুযায়ী আমল করেছে কি না।”[৪২৯]
টিকাঃ
[৪২৯] তাবারানি, আল মুজামুস সগির, ১/২৮০; এর প্রায় সবগুলো সনদ যঈফ। তবে শাওয়াহিদ থাকায় একে অনেকে হাসান বলেছেন।
📄 আল্লাহর প্রাপ্য আনুগত্য কেউ-ই করে না
৬১৮. আবূ সাঈদ বলেন, নবি বলেছেন, আল্লাহ তাআলা বলেন:
لَوْ أَطَاعُونِي عِبَادِي لأَطْلَعْتُ عَلَيْهِمُ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَأَمْطَرْتُ عَلَيْهِمُ الْمَطَرَ بِاللَّيْلِ ، وَلَمَا أَسْمَعْتُهُمْ صَوْتَ الرَّعْدِ
"যদি আমার বান্দারা আমার আনুগত্য করত, তাহলে আমি দিনের বেলায় তাদের জন্য সূর্য উদিত করতাম আর রাতে বৃষ্টি বর্ষণ করতাম। তাদের বজ্রনিনাদ শোনাতাম না।”[৪৩০]
৬১৯. আমাশ বলেন, "আবূ ওয়ায়িল আমাকে বলেছেন: 'আমাদের প্রতিপালক কতই-না উত্তম! যদি আমরা তার আনুগত্য করতাম, তাহলে তিনি আমাদের শাস্তি দিতেন না।'” [৪৩১]
টিকাঃ
[৪৩০] ইবনুল জাওযী, আল ইলালুল মুতানাহিয়া, ২/৭৯১; দারাকুতনি বলেন, হাদীসটি প্রমাণিত নয়। তবে একই মর্মে আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি সনদকে অনেকে সহীহ বলেছেন।
[৪৩১] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৬/৩৩৮।
📄 আল্লাহর আনুগত্য করার উপকারিতা
৬২০. মালিক ইবনু দিনার থেকে বর্ণিত, লুকমান তাঁর ছেলেকে বলেছেন: “বাবা! আল্লাহ তাআলার আনুগত্যকে ব্যবসা বানিয়ে নাও। তাহলে পুঁজি ছাড়াই মুনাফা অর্জন করতে পারবে।” [৪৩২]
৬২১. আবদুল্লাহ ইবনু খুবাইক থেকে বর্ণিত, হুজাইফা বলেছেন: “যে ব্যক্তি কোনো দল ছাড়াই বন্ধুত্ব চায়, কোনো গোত্র ছাড়াই সমবেদনা লাভ করতে চায়, সে যেন আল্লাহ তাআলার আনুগত্যকে পুঁজি বানিয়ে নেয়।”
৬২২. হুসাইন ইবনু আহমাদ আল হারাবি বলেন, "শিবলিকে বলতে শুনেছি : 'যদি তুমি আল্লাহর আনুগত্য করো, তাহলে সবকিছুই তোমার আনুগত্য করবে।”
টিকাঃ
[৪৩২] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ৪৯।
📄 পার্থিব কষ্ট অনুপাতে আখিরাতের প্রতিদান
৬২৩. ইবরাহীম ইবনু বাশশার বলেন, "আমি ইবরাহীম ইবনু আদহামকে বলতে শুনেছি : 'যে আমল করাটা শরীরের জন্য কষ্টসাধ্য, মিযানের পাল্লায় তার ওজন হবে সবচেয়ে বেশি। যে পরিপূর্ণভাবে আমল করবে, তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর যে কোনো আমলই করবে না, সে খালি হাতে দুনিয়া থেকে পরকালের পথে যাত্রা করবে।” [৪৩৩]
টিকাঃ
[৪৩৩] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/১৬।