📄 স্বাদ বিনষ্টকারী মৃত্যু
৫৯৭. আবূ হুরায়রা থেকে বর্ণিত, নবি বলেছেন,
أكثروا ذكر هادم اللذات، قيل يا رسول الله وما هادم اللذات قال الموتُ
“স্বাদ বিনষ্টকারী বিষয়টির কথা বেশি করে স্মরণ করো।” সাহাবায়ে কেরام জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলাল্লাহ! স্বাদ বিনষ্টকারী বিষয়টা কী?” তিনি বলেন, “মৃত্যু।”[৪০৯]
টিকাঃ
[৪০৯] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ১৭; হাদীসটির সনদ সহীহ।
📄 মৃত হয়েও সবচেয়ে সুখী ব্যক্তি
৫৯৮. ইমরান ইবনু মূসা ইবনু মুজাশি এক হাকিম থেকে বর্ণনা করেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, “কোন ব্যক্তি সবচেয়ে সুখী?” তিনি বলেন, “মাটিতে শুয়ে থাকা ঐ শরীর, শাস্তির ব্যাপারে যে নিশ্চিন্ত হয়ে গেছে আর আপন রবের পক্ষ থেকে প্রতিদানের অপেক্ষায় আছে।”
📄 মৃত্যুকালীন তিন সঙ্গী
৫৯৯. আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, নবি বলেছেন,
يتبع المُؤمِن بَعْدَ مَوْتِهِ ثلاث: أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد: يرجع أهله وماله، ويبقى عمله
“মৃত্যুর পর তিনটি বিষয় মুমিনের পেছন পেছন যায়। তার পরিবার- পরিজন, অর্থ-সম্পদ এবং আমল। এর মধ্যে দুটি বিষয় তাকে ছেড়ে চলে আসে। থেকে যায় কেবল একটি। তার পরিবার-পরিজন এবং অর্থ- সম্পদ চলে আসে। আর তার আমল থেকে যায়।”[৪১০]
টিকাঃ
[৪১০] বুখারি, আস সহীহ, অধ্যায়: রিকাক, পরিচ্ছেদ: মৃত্যু যন্ত্রণা।