📄 মানবজীবন কিছুদিনের সমষ্টি মাত্র
৫৯৪. ঈসা ইবনু ইবরাহীম বলেন, “হাসান ইবনু হানি একবার অসুস্থ হয়ে পড়লে আমি তাকে দেখতে যাই। জিজ্ঞেস করি 'আবূ আলি! এখন কেমন বোধ করছেন?' তিনি উত্তরে বলেন, 'যে কয়েকটা দিবসের সংখ্যার সমষ্টি মাত্র, তার অবস্থা আর কেমন হবে! প্রতিদিন সে সংখ্যা কমে আসছে।”
📄 মৃত্যুকালীন উপলব্ধি
৫৯৫. মুহাম্মাদ ইবনু ইসমাইল ইবনু তুরাইহ ইবনু ইসমাইল আস সাকাফি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, "উমাইয়া ইবনু সালতের মৃত্যুশয্যায় আমি সেখানে ছিলাম। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে ছিলেন তিনি। জ্ঞান ফিরলে মাথা উঁচু করে দরজার দিকে তাকিয়ে বলে উঠেন, 'আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের কাছেই রয়েছি। এমন শক্তিশালী কেউ নেই, যার কাছ থেকে সাহায্য নেব। আমার দায়মুক্তির বা ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই।' এরপর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পর তার জ্ঞান ফিরে। তখন মাথা উঁচু করে দরজার দিকে তাকিয়ে বলে উঠেন, 'আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের কাছেই রয়েছি। আমাকে রক্ষা করার মতো কোনো গোত্র নেই। আর আমার এমন কোনো সম্পদ নেই, যা আমার উপকার করবে।' এরপর তিনি পুনরায় অজ্ঞান হয়ে পড়েন।"
📄 এক ব্যক্তির আখিরাতের বাস্তবতার উপলব্ধি
৫৯৬. আবদুল্লাহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, একবার ইয়াদ গোত্রের এক প্রতিনিধিদল নবি-এর কাছে আসে। তিনি তাদের কুস ইবনু সায়িদা আল ইয়াদি সম্পর্কে জিজ্ঞেস করেন। তারা বলে, “ইয়া রাসূলাল্লাহ! তিনি তো মারা গেছেন।” নবি বলেন, "হাজ্জের মৌসুমে উকাযের বাজারে আমি তাকে দেখেছিলাম। তিনি তখন একটা লাল উট কিংবা উটনীতে উঠে মানুষকে উচ্চকণ্ঠে বলছিলেন:
'লোকসকল! সকলে সমবেত হও। আমার কথা শোনো এবং স্মরণ রাখো। উপদেশ গ্রহণ করো, তাহলে উপকৃত হবে। জেনে রাখো, যারাই জীবন লাভ করেছে, তাদের সবাইকেই একসময় মৃত্যুবরণ করতে হবে। আর যে মৃত্যুবরণ করল, সে তো নিশ্চিহ্ন হয়ে গেল। যা আসন্ন, তা আসবেই। পর সমাচার, জেনে রাখো, আকাশে রয়েছে এক বিশেষ বৃত্তান্ত। জমিনে রয়েছে শিক্ষা। যে নক্ষত্র অস্তমিত হয়ে যায়, তা আর কখনো উদিত হবে না। সমুদ্রের যে ঢেউ উথলে উঠে, তা আর কখনো ফিরে আসবে না। সেই ছাদের কসম, যা সুউচ্চ! সেই বিছানার কসম, যাকে বিছিয়ে দেওয়া হয়েছে! নদ-নদী এবং ঝর্নার কসম! কুস আল্লাহর নামে মিথ্যা বা পাপাচারের নয় বরং সত্য শপথ করেছে। যদিও বিষয়টাতে আল্লাহর কিছু সন্তোষ রয়েছে। কিন্তু জেনে রাখো, অবশ্যই এতে আল্লাহর অসন্তোষ নিপতিত হবে। আর এখনই তো কিছু কিছু বিষয়ে তাঁর অসন্তোষ রয়েছে। এটা আসলে কোনো হেলাফেলার বিষয় নয়। নিশ্চয়ই এর পেছনে রয়েছে এক আশ্চর্য বিষয়। জেনে রাখো, কুস আল্লাহর নামে মিথ্যা বা গুনাহের কসম করছে না, বরং সত্য শপথ করছে যে, আল্লাহর একটি মনোনীত দ্বীন রয়েছে, আমাদের পালিত দ্বীনের চেয়েও যে দ্বীনের প্রতি তিনি অধিক সন্তুষ্ট। মানুষের কী হলো যে, তারা চলে যাচ্ছে আর ফিরে আসছে না? তারা কি এতেই সন্তুষ্ট হয়ে তার ওপর রয়েছে, না কি তা ছেড়ে ঘুমিয়ে গেছে?'
নবি ﷺ বলেন, "কুস ইবনু সায়িদা এরপর কিছু কবিতা আবৃত্তি করেছিলেন। তার সেই কবিতাগুলো আমার মনে নেই।” আবূ বকর তখন দাঁড়িয়ে বলেন, "আমি সে মজলিসে উপস্থিত ছিলাম। কবিতাগুলো আমার মনে আছে।” নবি ﷺ তখন বলেন, “তাহলে আবৃত্তি করো শুনি।” আবু বকর বলেন, “কুস ইবনু সায়িদা আলোচনা শেষে আবৃত্তি করেছিলেন:
فِي الذَّاهِبِينَ الأَوَّلِينَ . مِنَ القُرُونِ لَنا بصائر لَمَّا رَأَيْتُ مَوارداً . لِلمَوتِ لَيسَ لَهَا مَصادِر وَرَأَيْتُ قَومي نحوها . تمضي الأَصاغِرُ وَالأَكابر لا يرجع الماضي إلي . ولا من الباقين غابر أيقنتُ أَنِّي لا محا . لَةَ حَيثُ صَارَ القومُ صائر
'গত হয়ে যাওয়া পূর্ববর্তী জাতিসমূহের মাঝে রয়েছে আমাদের জন্য শিক্ষা। আমি মৃত্যুর বহু ঘাঁটি দেখেছি কিন্তু তার কোনো উৎস খুঁজে পাইনি।
আমার সম্প্রদায়ের ছোট-বড় নির্বিশেষে সকলকে আমি সেই ঘাঁটিতে যেতে দেখেছি।
গত হয়ে যাওয়া লোকদের কেউ-ই আমার নিকট বা অবশিষ্ট কারও নিকট ফিরে আসেনি।
তাই আমার সুনিশ্চিত বিশ্বাস হয়ে গেছে যে, সম্প্রদায়ের লোকেরা যেখানে গেছে আমাকেও সেখানে যেতে হবে।"
নবি এরপর ইয়াদ গোত্রের প্রতিনিধি দলকে বলেন, “আপনারা কি কুস ইবনু সায়িদার কোন ওসীয়ত পেয়েছিলেন?” তারা বলে, “হ্যাঁ। তার মাথার নিচে একটি পুস্তিকা পাওয়া গিয়েছিল, যাতে লেখা ছিল:
يَا نَاعِي المَوْتِ وَالْأَمْوَاتُ فِي جَدَتْ * عَلَيْهِمْ مِنْ بَقَايَا بَرِّهِم خِرَقُ دَعْهُم فَإِنَّ لَهُمْ يَوْمًا يُصَاحُ بِهِم . كَمَا يُنَبَّهُ مِنْ نَومَاتِهِ الصَّعِقَ مِنْهُمْ عُرَاة وَمِنْهُم فِي ثِيَابِهِم * منها الجَدِيدُ وَمِنْهَا الْأَوْرَقُ الخَلق
হে মৃত্যুর ঘোষণাকারী! মৃত ব্যক্তিরা এখন রয়েছে কবরস্থানে তাদের ওপর রয়েছে কেবল কিছু ছেঁড়া টুকরো তাদের আপন অবস্থায় রেখে দাও; তাদের জন্য রয়েছে নির্দিষ্ট একটি দিন এক বজ্র-নিনাদে তাদের ঘুম থেকে জাগানো হবে তখন তাদের অনেকেই রবে বিবস্ত্র, অনেকেই হবে নতুন কাপড় পরিহিত, কেউবা আবার পুরোনো কাপড়ে।”
নবি তখন বলেন, “যে সত্তা আমাকে সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, তাঁর শপথ! কুস (ইবনু সায়িদা) পুনরুত্থানে ঈমান এনেছিল।”[৪০৮]
টিকাঃ
[৪০৮] হাদীসটি বেশ প্রসিদ্ধ এবং অনেক মুহাদ্দিস এটি বর্ণনা করেছেন। তবে এর সনদ একটিও সহীহ নয়। অনেক সনদ অত্যন্ত দুর্বল।
📄 স্বাদ বিনষ্টকারী মৃত্যু
৫৯৭. আবূ হুরায়রা থেকে বর্ণিত, নবি বলেছেন,
أكثروا ذكر هادم اللذات، قيل يا رسول الله وما هادم اللذات قال الموتُ
“স্বাদ বিনষ্টকারী বিষয়টির কথা বেশি করে স্মরণ করো।” সাহাবায়ে কেরام জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলাল্লাহ! স্বাদ বিনষ্টকারী বিষয়টা কী?” তিনি বলেন, “মৃত্যু।”[৪০৯]
টিকাঃ
[৪০৯] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ১৭; হাদীসটির সনদ সহীহ।