📄 মানুষের দায়িত্ব ইবাদাত, আল্লাহর দায়িত্ব রিযক দেওয়া
৫৯২, জুনাইদ বাগদাদি থেকে বর্ণিত, তিনি সিররি সাকতিকে বলতে শুনেছেন: “একদিন আমি কবরস্থানে গিয়ে দেখতে পাই, বাহলুল এক কবরের ভেতর উভয় পা ঝুলিয়ে বসে মাটি নিয়ে খেলাধুলা করছে। আমি বলি, ‘আপনি এখানে!' তিনি বলেন, 'হ্যাঁ। আমি এমন সম্প্রদায়ের কাছে আছি, যারা আমার উপস্থিতিতেও আমাকে কোনো কষ্ট দেয় না। আর আমি চলে গেলেও তারা আমার দোষচর্চা করে না।' আমি তাকে বলি, 'বাহলুল! কিছু গরম রুটি নিয়ে এসেছি।' তিনি উত্তরে বলেন, 'আল্লাহর শপথ! আমি সামান্য গমের দানার দিকেও তাকাই না। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে ইবাদাত করে যাওয়াই আমাদের কর্তব্য। আর আল্লাহর কর্তব্য হলো, তিনি যেমন প্রতিশ্রুতি দিয়েছেন সেভাবে আমাদের রিযক প্রদান করে যাবেন।”
📄 দুঃস্থ-জাগ্রত উভয় অবস্থায় মৃত্যুর স্মরণ
৫৯৩. আবু জাফর মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনু সাঈদ আর রাযি থেকে বর্ণিত, আব্বাস ইবনু হামযা একদিন বলেন, “আমি একবার যুননুন মিসরির কাছে গিয়েছিলাম। তখন এক মুরিদ বসে ছিল তার কাছে। তিনি তাদের বলেছিলেন, 'ঘুমের সময় মৃত্যুকে বালিশ আর জাগ্রত অবস্থায় মৃত্যুকে লক্ষ্য বানিয়ে নাও। এমন হয়ে যাও, যেন দুনিয়ার প্রতি তোমাদের কোনো প্রয়োজন নেই আর আখিরাত তোমাদের না হলেই নয়।”
📄 মানবজীবন কিছুদিনের সমষ্টি মাত্র
৫৯৪. ঈসা ইবনু ইবরাহীম বলেন, “হাসান ইবনু হানি একবার অসুস্থ হয়ে পড়লে আমি তাকে দেখতে যাই। জিজ্ঞেস করি 'আবূ আলি! এখন কেমন বোধ করছেন?' তিনি উত্তরে বলেন, 'যে কয়েকটা দিবসের সংখ্যার সমষ্টি মাত্র, তার অবস্থা আর কেমন হবে! প্রতিদিন সে সংখ্যা কমে আসছে।”
📄 মৃত্যুকালীন উপলব্ধি
৫৯৫. মুহাম্মাদ ইবনু ইসমাইল ইবনু তুরাইহ ইবনু ইসমাইল আস সাকাফি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, "উমাইয়া ইবনু সালতের মৃত্যুশয্যায় আমি সেখানে ছিলাম। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে ছিলেন তিনি। জ্ঞান ফিরলে মাথা উঁচু করে দরজার দিকে তাকিয়ে বলে উঠেন, 'আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের কাছেই রয়েছি। এমন শক্তিশালী কেউ নেই, যার কাছ থেকে সাহায্য নেব। আমার দায়মুক্তির বা ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই।' এরপর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পর তার জ্ঞান ফিরে। তখন মাথা উঁচু করে দরজার দিকে তাকিয়ে বলে উঠেন, 'আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের ডাকে হাজির হয়ে গেছি। আমি তোমাদের কাছেই রয়েছি। আমাকে রক্ষা করার মতো কোনো গোত্র নেই। আর আমার এমন কোনো সম্পদ নেই, যা আমার উপকার করবে।' এরপর তিনি পুনরায় অজ্ঞান হয়ে পড়েন।"