📄 স্বল্প সম্পদ ও স্বল্প কথার গুরুত্ব
৫৫১. আমর ইবনু আবী সালমা বলেন, “আওযায়ি-কে বলতে শুনেছি: 'যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, সামান্য অর্থই তার জন্যে যথেষ্ট হয়ে যায়। যে ব্যক্তি বুঝতে পারে যে, কথাবার্তা কাজেরই অন্তর্ভুক্ত, তার কথার পরিমাণ কমে যায়.”
📄 নফসকে বুঝিয়ে শুনিয়ে শান্ত রাখা
৫৫২. আবদুর রহমান ইবনু উমার রুসতাহ বলেন, "আবদুর রহমান ইবনু মাহদিকে বলতে শুনেছি : 'এক আশ্চর্য মহিলার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার। আমার দেখা কোনো নারী বা পুরুষকেই তার ওপর প্রাধান্য দিতে পারি না। সকাল হলে সে মহিলাটি বলত, হে নফস, এ দিনটায় শুধু আমাকে সহযোগিতা করে যাও। হয়তো আর কখনো দিনের আলো দেখার সুযোগ তোমার ঘটবে না। সন্ধ্যা হলে সে বলত, হে নফস, এ রাতটায় শুধু আমাকে সাহায্য করে যাও। হয়তো আর কখনো রাতের আঁধার দেখার সুযোগ পাবে না। মহিলাটি এভাবেই রাতকে দিনের মাধ্যমে আর দিনকে রাতের মাধ্যমে সান্ত্বনা দিত। এ অবস্থার ওপরই এক সময় মৃত্যু হয়ে যায় তার'.”
৫৫৩. আমি ইমাম আবৃত তায়্যিব সাহাল ইবনু মুহাম্মাদ ইবনু সুলাইমানকে বলতে শুনেছি : “বেঁচে থাকার স্বপ্ন যেন আমাদের কিয়ামাতের বিভীষিকার কথা ভুলিয়ে না দেয়। বেঁচে থাকার স্বপ্ন দেখার তুলনায় কিয়ামাতের বিভীষিকার ভয়ে তটস্থ থাকাই উত্তম.”
📄 ক্ষণস্থায়ী ও চিরস্থায়ী জীবনের সেতু মৃত্যু
৫৫৪. শাইখ ইমাম বলেন, "মৃত্যু হলো জীবনাকাশের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। জীবনের এ ঘোর দুপুরের এক সন্ধ্যা। সৎকর্মশীল এবং পাপাচারী—এই ক্ষেত্রে সকলেই সমান। এটাই মানুষের সুখ-শান্তির শেষ সীমা এবং শান্তির সূচনাপর্ব। মৃত্যু হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী পুল। প্রত্যেককেই এ পুল অতিক্রম করতে হবে। জেনে রাখো, মৃত্যু যেমন এই ধ্বংসশীল জীবনের শেষ পর্ব, তেমনি তা এই চিরস্থায়ী জীবনের সূচনাপর্ব.”
📄 মানুষের তিনটি কঠিন অবস্থা
৫৫৫. সাদাকা ইবনু ফযল বলেন, "ইবনু উয়াইনাকে বলতে শুনেছি: 'বনী আদমের তিনটি অবস্থা সবচেয়ে কঠিন। এক. যেদিন সে জন্মগ্রহণ করে এই দুনিয়ায় আসে। দুই. যেদিন সে মৃত্যুবরণ করে, সেদিন একেবারেই অচেনা-অজানা কিছু লোকের সাথে তাকে থাকতে হয়। তিন. যেদিন তাকে কবর থেকে উঠানো হবে, সেদিন সে এমন এক অবস্থার সম্মুখীন হবে, যা আগে কখনও দেখেনি।
ইয়াহইয়া ইবনু যাকারিয়া -এর এই তিন অবস্থার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন:
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
তার প্রতি সালাম যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে.”
টিকাঃ
[৩৮۱] সূরা মারইয়াম, ১৯: ১৫。