📄 জামাত-জাহান্নামের তৃতীয় কোনো বিকল্প নেই
৫১১. আবুল কাসিম থেকে বর্ণিত আছে, ইয়াযিদ আর রাক্কাশি একবার উমার ইবনু আবদিল আযীযের কাছে গেলে তিনি বলেন, “আমাকে কিছু নসীহত করুন.” তিনি তখন বলেন, “আমিরুল মুমিনীন! আপনাকে এক সময় মৃত্যুবরণ করতে হবে.” উমার ইবনু আবদিল আযীয তখন বলেন, “আরও কিছু নসীহত করুন.” তিনি বলেন, “আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত যত পূর্বপুরুষ গত হয়েছে, তাদের সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন.” উমার ইবনু আবদিল আযীয তখন বলেন, “আরও কিছু নসীহত করুন.” তিনি তখন বলেন, জেনে রাখুন, "জান্নাত এবং জাহান্নামের মাঝে তৃতীয় কোনো স্থান নেই। আল্লাহর শপথ! সৎকর্মশীলরা জান্নাতে প্রবেশ করবে আর পাপাচারীরা জাহান্নামে। আপনার সৎকাজ এবং অন্যায় কাজের ব্যাপারে আপনিই ভালো জানেন."
বর্ণনাকারী বলেন, "উমার ইবনু আবদিল আযীয এ কথা শুনে সিংহাসন থেকে পড়ে যান.”
৫১২. খাইর আন নাসসাজ বলেন, "আমি আবু হামযাকে বলতে শুনেছি: 'রোম থেকে বের হওয়ার পর এক সন্ন্যাসীর সাথে আমার সাক্ষাত ঘটে। তাকে জিজ্ঞেস করি, 'আপনার কাছে কি গত হয়ে যাওয়া লোকদের কোনো সংবাদ আছে?' তিনি বলেন, 'হ্যাঁ, তাদের একদল যাবে জান্নাতে আরেকদল জাহান্নামে.”
টিকাঃ
[৩৫৭] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ২৯৬。
📄 অভাব ও সচ্ছলতার সময় মৃত্যুর কথা স্মরণ
৫১৩. আসমা ইবনু উবাইদ থেকে বর্ণিত আছে, আনবাসা একবার উমার ইবনু আবদিল আযীয-এর কাছে গিয়ে বলেন, “আমিরুল মুমিনীন! আপনার আগের শাসকগণ আমাদের বিভিন্ন ভাতা দিতেন, কিন্তু আপনি তা দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমার তো পরিবার-পরিজন রয়েছে। ক্ষেত-খামার আছে। আমি আমার ক্ষেত-খামার এবং পরিবার-পরিজন দেখাশোনা করতে চাচ্ছিলাম.” উমার ইবনু আবদিল আযীয তখন বলেন, “যে ব্যক্তি এভাবে পরিশ্রম করে নিজের পরিবার-পরিজনের জন্য উপার্জন করে, সে-ই আমার কাছে সবচেয়ে প্রিয়.”
বর্ণনাকারী বলেন, "এরপর তিনি খিলাফাতের দায়িত্ব গ্রহণ করে বলেন, 'খালিদ! খালিদ! বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কারণ, জীবিকার সংকটে থাকা অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করলে তা তোমার জীবিকাকে প্রশস্ত করে দেবে। আর জীবন-জীবিকা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকা অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করলে তা অবশ্যই তোমার অবস্থা সংকুচিত করে ফেলবে.”
টিকাঃ
[৩৫৮] আল মারিফাতু ওয়াত তারিখ, ১/৫৭৬, ৬১৩, ৬১৪。
📄 দুনিয়া অপমানিত
৫১৪. মুবারক ইবনু ফাজালা থেকে বর্ণিত, হাসান বলেছেন: “মৃত্যু দুনিয়াকে অপমান করে ছেড়েছে। বুদ্ধিমানের জন্য আনন্দিত হওয়ার কোনো সুযোগ রাখেনি সে। আফসোস! মৃত্যু কত বড় উপদেশবাণী, যদি মানুষের অন্তরগুলোর জীবন থাকত, তাহলে তারা বুঝতে পারত.
টিকাঃ
[৩৫৯] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ২৫৮。
📄 বিলাসিতা ধ্বংসকারী মৃত্যু
৫১৫. সাবিত থেকে বর্ণিত, মুতাররিফ বলেছেন: “মৃত্যু বিলাসীদের বিলাসিতা শেষ করে দিয়েছে। তাই এখন তারা এমন বিলাসিতা সন্ধান করছে, যেখানে কোনো মৃত্যু থাকবে না.”
টিকাঃ
[৩৬০] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/২০৪。