📄 কান্না ও দুশ্চিন্তার গুরুত্ব
৫০৭. হিশাম ইবনু হাসান বলেন, “আমি হাসানকে বলতে শুনেছি: 'মৃত্যু যার প্রতিশ্রুত বিষয়, কবর যার ঠিকানা, হিসাব-নিকাশ যার উপস্থিতস্থল, অবশ্যই তার উচিত কান্না করা এবং তার দুশ্চিন্তা দীর্ঘায়িত হওয়া.”
📄 পার্থিব জীবনে যা কিছু যথেষ্ট
৫০৮. আবদুল্লাহ আবী মুহাম্মাদ খুরাসানি বলেন, "ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি : 'ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। বন্ধু হিসেবে কুরআনই যথেষ্ট। উপদেশ প্রদানকারী হিসেবে মৃত্যুই যথেষ্ট। জ্ঞান হিসেবে আল্লাহ তাআলার ভয় এবং মূর্খতা হিসেবে আল্লাহর ব্যাপারে প্রতারণার শিকার হওয়াটাই যথেষ্ট.”
টিকাঃ
[৩৫৪] খাত্তাবি, আল আযলা, ২৪。
📄 মৃত্যুর প্রথম ঘাঁটির ভয়াবহতা
৫০৯. আবুল মুনযির থেকে বর্ণিত, হাসান বাসরি একবার এক মৃত ব্যক্তিকে দাফন দেয়ার দৃশ্য দেখে বলেন, “আল্লাহর কসম! প্রথম ঘাঁটিই যখন এমন, তখন তো শেষ ঘাঁটির ব্যাপারে অবশ্যই ভীতসন্ত্রস্ত হওয়া উচিত। আর যে বিষয়ের বিদায়ের অবস্থা এমন, তবে তো তার শুরু থেকেই বিমুখতা অবলম্বন করা উচিত.”
টিকাঃ
[৩৫৫] আস সাবাত ইনদাল মামাত, ৯৪。
📄 মৃত্যু জীবনের সর্বশেষ রোগ
৫১০. আওন ইবনু মামার থেকে বর্ণিত, হাসান বাসরি একদিন উমার ইবনু আবদিল আযীয -এর উদ্দেশ্যে বলেন: “যার সর্বশেষ রোগ মৃত্যু, সে যেন এখনই মারা গেছে.” উমার ইবনু আবদিল আযীয তার চিঠির উত্তরে বলেন, “মনে হচ্ছে, যেন আপনি কখনো দুনিয়াতেই ছিলেন না। যেন সব সময় পরকালেই আছেন। ওয়াস-সালামু আলাইক.”
টিকাঃ
[৩৫৬] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ২৪৩。