📄 দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে আখিরাতের স্মরণ
৪৯৩. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, “রাবিয়াকে বলতে শুনেছি : 'তুষারপাত হতে দেখলেই কিয়ামাতের দিন আমলনামা উড়ে যাওয়ার বিষয়টি মনে পড়ে যায়। পঙ্গপালের ঝাঁক নজরে পড়লে হাশরের ময়দানের কথা মনে হয়ে যায়। আযানের ধ্বনি কানে এলেই কিয়ামাত দিবসের ঘোষকের কথা মাথায় আসে। তখন নিজেকে বলি, দুনিয়াতে আমৃত্যু সেই পাখির মতোই থেকো, যে ক্ষনিকের জন্য একটা ডালে এসে বসেছে মাত্র.”
৪৯৪. আবুল হাসান ইসমাইল ইবনু মাসউদ বলেন, "হাসান ইবনু সালিহ ইবনু হাই একদিন আমার ঘর থেকে বের হয়ে দেখতে পান, পঙ্গপাল উড়ছে। তা দেখে তিনি বলেন,
يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادُ مُنتَشِرُ
'তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। এ বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান.”
৪৯৫. সুফিয়ান থেকে বর্ণিত, আইয়ুব বলেছেন, “কোনো প্রিয়জনের মৃত্যুর সংবাদ পেলে মনে হয় যেন, আমার কোনো একটা অঙ্গ পড়ে গেল.”
টিকাঃ
[৩৪২] সূরা কমার, ৫৪: ৭。
[৩৪৩] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৩/৫৬২。
📄 মনের বিরোধিতা গুরুত্ব
৪৯৬. সুফিয়ান ইবনু উয়াইনা থেকে বর্ণিত, রবি ইবনু আবী রাশিদ বলেছেন: “যদি আমার অন্তর থেকে মৃত্যুর কথা বের হয়ে যায়, তাহলে অন্তর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করি আমি। যদি আমার মনের বিরোধিতা না করতাম, তাহলে আমৃত্যু আমাকে কাপুরুষতার মধ্যেই থাকতে হত.”
টিকাঃ
[৩৪৪] আবদুল্লাহ ইবনুল মুবারক, আয যুহদ, ৮৮。
📄 মৃত্যুতেই সব শেষ নয়
৪৯৭. ইমাম আওযায়ি বলেন, "আমি বিলাল ইবনু সাদকে বলতে শুনেছি: 'লোকসকল! নিঃশেষ করে দেওয়ার জন্য নয়, বরং স্থায়ীভাবে রাখার জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা কেবল এক ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় প্রস্থান করে থাকো। ঔরস থেকে গর্ভে, গর্ভ থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে কবরে, কবর থেকে হাশরে এবং হাশর থেকে জান্নাত কিংবা জাহান্নামে.”
৪৯৮. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “বহুবার আমি ইবরাহীম ইবনু আদহামকে বলতে শুনেছি: ‘আমাদের আসল বাড়ি তো সামনে। আমাদের জীবন তো শুরু হবে মৃত্যুর পর। আমরা হয়তো তখন জান্নাতে যাব কিংবা জাহান্নামে.”
টিকাঃ
[৩৪৫] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ৩৮৫。
[৩৪৬] আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৩。
📄 মৃত্যুর জন্য প্রস্তুতির স্বরূপ
৪৯৯. তিনি আরও বলেন, “আমি ইবরাহীম ইবনু আদহামকে আমাকে লক্ষ্য করে বলেছেন: ‘ইবনু বাশশার! সবসময় মনে করবে যে, মৃত্যুর ফেরেশতা এবং তার সহযোগীরা তোমার আত্মা কবজ করার জন্য উপস্থিত হয়ে আছে। এজন্য তোমাকে কী অবস্থায় থাকতে হবে, সেটা ভেবে নাও। অন্তরে সব সময় উপস্থিত রেখো কবরের বিভীষিকাময় দৃশ্য এবং মুনকার-নাকিরের সাওয়াল- জওয়াবের বিষয়গুলো। এজন্য তোমার প্রস্তুতি কেমন হওয়া দরকার, ভেবে দেখো। অন্তরে সবসময় প্রস্তুত রাখো কিয়ামাতের বিভীষিকাময় দৃশ্য, হিসাব- নিকাশ এবং সে জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ভয়ানক বিষয়গুলো। এজন্য তোমার প্রস্তুতি কেমন হওয়া দরকার, সেটা ভেবে দেখো.’ তিনি বলেন, এরপর ইবরাহীম ইবনু আদহাম চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান.”
৫০০. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “ইবরাহীম ইবনু আদহামকে বলতে শুনেছি: ‘যারা আল্লাহর ভয়ে সর্বদা ভীতসন্ত্রস্ত ছিল, তারাই কেবল মৃত্যুর পেয়ালা পান করতে পারে। বহু আনুগত্যশীল ব্যক্তিই সে পেয়ালা পান করার আশা রাখে, কিন্তু সকলে তা পারে না। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যশীল হয়, তারা লাভ করে উত্তম প্রতিদান ও মর্যাদা। আর কিয়ামাতের আযাব থেকে তারা মুক্তি পেয়ে যায়। পক্ষান্তরে যারা ছিল অবাধ্য, তারা মহাপ্রলয় এবং কিয়ামাতের দিন আফসোস আর অনুশোচনাই করতে থাকে.”
টিকাঃ
[৩৪৭] আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৩。
[৩৪৮] আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/১৩。