📄 দিন ও রাত পরকালের দুটি বাহন
৪৭২. গালিব আল কাত্তান থেকে বর্ণিত, হাসান বলেছেন: “বনী আদম! তুমি তো দুটি বাহনের উপর রয়েছ। রাত তোমাকে বহন করে দিনের কাছে নিয়ে যায়, আর দিন নিয়ে যায় রাতের কাছে। এভাবেই একসময় তারা তোমাকে পরকাল পর্যন্ত নিয়ে যাবে। তাহলে বলো, হে বনী আদম, তোমার চেয়ে অধিক বিপদগ্রস্ত আর কে আছে?”
৪৭৩. ইবরাহীম ইবনু বাশশার বলেন, “আমি এবং আবূ ইউসুফ গাসুলি একবার শামের পথ দিয়ে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে আবূ ইউসুফকে সালাম দিয়ে বলে, 'আমাকে কিছু নসীহত করুন, যা আমি স্মরণ রাখতে পারব.' লোকটার কথা শুনে আবূ ইউসুফ কেঁদে ফেলেন। এরপর বলেন, 'ভাই! জেনে রাখো, দিবারাত্রির এই পালাবদল অতিদ্রুত তোমার শরীরের ধ্বংস ডেকে আনছে। তোমার জীবনকে শেষ করে দিচ্ছে। বয়স ফুরিয়ে যাচ্ছে তোমার। তাই হে আমার ভাই, নিজের শেষ ঠিকানা জানতে না পারা পর্যন্ত নিশ্চিন্ত হয়ে যেয়ো না। তোমার অবাধ্যতা ও উদাসীনতার কারণে তোমার প্রতিপালক তোমার প্রতি রাগান্বিত, না কি নিজ অনুগ্রহ এবং রহমতের কারণে তিনি তোমার প্রতি সন্তুষ্ট? হে দুর্বল বনী আদম! তুমি তো গতকালের বীর্য আর আগামীকালের লাশ। যদি এ অবস্থাতেই সন্তুষ্ট থাকো, তাহলে শীঘ্রই আল্লাহর কাছে উপস্থিত হয়ে প্রকৃত বিষয় জানতে পারবে। তখন ঠিকই আফসোস করবে। কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না.'
আবূ ইউসুফ এরপর কাঁদতে লাগলেন। সেই লোকটাও কাঁদতে লাগল। তাদের উভয়ের কান্না দেখে আমিও কাঁদতে থাকি। একসময় তারা উভয়েই অজ্ঞান হয়ে পড়ে যান।