📄 কবর ভর্তি করার উপাদান
৪৫৫. জুনাইদ ইবনু মুহাম্মাদ বলেন, "সিররি সাকতিকে বলতে শুনেছি: 'কবরকে গোডাউন বানিয়ে ফেলো। যত পারো আমল দিয়ে ভরপুর করে তোলো তা। তাহলে কবরে প্রবেশ করা মাত্রই জমানো এই সম্পদ দেখে আনন্দিত হয়ে উঠবে.”
টিকাঃ
[৩১৮] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২২৬。
📄 দুনিয়ায় অপরিচিত ও আখিরাতে খ্যাতি লাভের উপায়
৪৫৬. ইবরাহীম আস সায়িহ থেকে বর্ণিত, "ইবরাহীম ইবনু আদহাম আমাকে বলেছেন : 'আবূ ইসহাক! লোকচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদাত করবে, তাহলে কিয়ামাতের দিন হঠাৎ করেই আত্মপ্রকাশ করতে পারবে.”
📄 সৎকর্মশীল হওয়ার ছয়টি ঘাঁটি
৪৫৭. আহমাদ ইবনু খিদ্বরাওয়াইহ থেকে বর্ণিত, ইবরাহীম ইবনু আদহাম বলেছেন: “ছয়টি ঘাঁটি অতিক্রম না করা পর্যন্ত কেউ কখনো সালিহীনের স্তরে পৌঁছাতে পারে না। প্রথম: সুখ-শান্তির দরজা বন্ধ করে দেওয়া, কষ্টঘেরা জীবনযাপনের দরজা উন্মুক্ত করা। দ্বিতীয়: সম্মান প্রাপ্তির দরজা বন্ধ করে দেওয়া আর লাঞ্ছনার দরজা খুলে দেওয়া। তৃতীয়: শান্তির দরজা বন্ধ করে দেওয়া আর কষ্ট পরিশ্রমের দরজা খুলে দেওয়া। চতুর্থ: ঘুমের দরজা বন্ধ করে দেওয়া আর রাত্রি জাগরণের দরজা খুলে দেওয়া। পঞ্চম: ধনাঢ্যতার দরজা বন্ধ করে দেওয়া আর দারিদ্র্যের দরজা খুলে দেওয়া। ষষ্ঠ: আশা-আকাঙ্ক্ষার দরজা বন্ধ করে দেওয়া আর মৃত্যুর প্রস্তুতির দরজা খুলে দেওয়া.”
টিকাঃ
[৩১৯] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ৩৭-৩৮。
📄 মৃত্যুকে ভালো না বাসা একটি ত্রুটি
৪৫৮. সালামা ইবনু কুহাইল থেকে বর্ণিত আছে, খাইসামা মুহারিবের সাথে সাক্ষাৎকারে বলেন, "মৃত্যুকে কতটুকু ভালবাসেন?” তিনি বলেন, “বাসি না তো.” তিনি বলেন, "তাহলে তো এটা আপনার বড় একটি ত্রুটি.”
টিকাঃ
[৩২০] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৪/১১৫。