📄 অধিক আশাতে আমল নষ্ট
৪২৯. ফইয বলেন, “আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি লম্বা আশা রাখে, তার আমল নষ্ট হয়ে যায়.”
৪৩০. মুহাম্মাদ ইবনু গালিব আত তামতাম বলেন, “ইবরাহীম ইবনু আদহাম সুফিয়ান সাওরির কাছে লেখা এক চিঠিতে বলেন: “যে ব্যক্তি নিজ উপার্জিত সম্পদের পরিচয় জানতে পারে, তার জন্য তা ব্যয় করাটা সহজ হয়ে যায়। যার দৃষ্টি প্রসারিত হয়, তার আফসোস ও অনুশোচনা দীর্ঘ হয়। যার আশা- আকাঙ্ক্ষা বেশি হয়, তার আমল নষ্ট হয়ে যায়। যার জিহবা অসংযত হয়, সে নিজেকে হত্যা করে ফেলে.”।
৪৩১. মুহাম্মাদ ইবনু হাসান থেকে বর্ণিত, আবু হামযা সুফি বলেছেন: "কুদৃষ্টি বিপদাপদের দূত এবং মৃত্যু আনয়ণকারী তীর.”
৪৩২. মুহাম্মাদ ইবনু মানসূর আত তুসি বলেন, "আমি মারুফ কারখিকে বলতে শুনেছি : 'হে আল্লাহ! আপনার কাছে এমন আশা-আকাঙ্ক্ষা থেকে আশ্রয় চাই, যা আমার আমলের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে.”
৪৩৩. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া মাযিনী বলেন, "ওহাইব ইবনু ওরদ আমাকে বলেছেন: 'দুনিয়া যার আশা-আকাঙ্ক্ষা, পাপাচার যার আমল, যার শক্তি অনেক কিন্তু বিচক্ষণতা নিতান্ত কম, তার দুর্ভোগ! দুনিয়ার বিষয়ে যে সবকিছুই জানে, কিন্তু পরকালের বিষয়ে থাকে গণ্ডমূর্খ.”
টিকাঃ
[৩০৮] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ২৬৯。
[৩০৯] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ৩৬。
📄 আশা ও সম্পদের অসারতা
৪৩৪. ইয়াযিদ ইবনু মুয়াবিয়া বলেন, “আবূদ দারদা ছিলেন একজন বিশিষ্ট আলিম। তিনি বলেছেন, 'তোমরা তো বহু আশা-আকাঙ্ক্ষা করছ, অর্থ-সম্পদ জমা করছ। জেনে রাখো, এসব আশাও পূরণ হবে না, আর এসব সম্পদও ভোগ করে যেতে পারবে না।
৪৩৫. সিরাওয়ানি বলেন, "আমি শিবলিকে বলতে শুনেছি: 'তোমার চিন্তা যেন তোমার সাথে থাকে, আগেও না যায়, পেছনেও না যায়.”
টিকাঃ
[৩১০] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৩/ ৩০৫。
[৩১১] আবু আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ২৪৩。
📄 অতীত-বর্তমান-ভবিষ্যতের উপমা
৪৩৬. আবদুল্লাহ খুরাসানি বলেন, “আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি: 'গতকাল হলো (শিক্ষণীয়) দৃষ্টান্ত, আজকের দিনটা হলো আমল আর ভবিষ্যত হলো আশা-আকাঙ্ক্ষা.”
৪৩৭. আসমায়ি বলেন, "আমি এক বেদুঈনকে বলতে শুনেছি: 'তোমার গতকাল তো গত হয়ে গেছে। আর সম্ভবত আগামীকালটা অন্যের হয়ে যাবে.”
৪৩৮. সালামা ইবনু নাজিয়া থেকে বর্ণিত, হাসান বলেছেন: "দুনিয়া হলো তিন দিনের নাম। একটা হচ্ছে, গতকাল, যা তার মধ্যে থাকা সবকিছু নিয়ে গত হয়ে গেছে। আর সম্ভবত আগামীকালটা তুমি না-ও পেতে পারো। শুধু আজকের দিনটাই তোমার জন্য। অতএব এতেই আমল করে নাও.”
৪৩৯. আহমাদ ইবনু হাসনাবিহ বলেন, "আবদুল্লাহ ইবনু মুনাযিলকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি অতীত এবং ভবিষ্যৎ নিয়েই পড়ে থাকে, তার বর্তমান অনর্থক কেটে যায়.”
৪৪০. আবদুল্লাহ ইবনু শামিত ইবনু আযলান বলেন, “বাবাকে বলতে শুনেছি, 'মুমিন তার নফসকে উদ্দেশ্য করে বলে, দুনিয়া তো মাত্র তিনটি দিনের নাম। এরমধ্যে গতকাল তো তার মধ্যে থাকা সকল বিষয় নিয়ে চলে গেছে আর আগামীকাল তো কেবল স্বপ্ন। সে পর্যন্ত না-ও হায়াত পেতে পারো। যদি আগামীকালের বাসিন্দা হয়ে থাকো, তাহলে জেনে রাখ, আগামীকাল তার রিযক নিয়েই আসবে। আগামীকালের পূর্বে রয়েছে পূর্ণ একটি দিন এবং একটি রাত। অনেকের প্রাণনাশ হয়ে যাবে এর মধ্যেই। সম্ভবত তোমারও। প্রতিদিনের জন্য সেদিনের চিন্তাই যথেষ্ট.”
৪৪১. মুহাম্মাদ ইবনু আলি আল কাত্তানি বলেন, "আবু সাঈদ আল খাররাযকে বলতে শুনেছি: 'অতীত নিয়ে ব্যস্ততা সময় নষ্ট করারই নামান্তর.”
টিকাঃ
[৩১২] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৩/২০৫。
📄 সময়ের সদ্ব্যবহার
৪৪২. আবূ আবদির রহমান বলেন, "আমি আবুল কাসিম নসর আবাযিকে বলতে শুনেছি: 'সময়ের প্রতি গুরুত্ব প্রদান বিচক্ষণতার নিদর্শন.”
৪৪৩. আবূ যাইদ মারওয়াযি বলেন, “আমি ইবরাহীম ইবনু শাইবান যাহিদকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি সময়ের যত্ন করে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে তা নষ্ট করে না, আল্লাহ তাআলা তার দ্বীন দুনিয়া উভয়টি হিফাযত করেন."
৪৪৪. আলি ইবনু আবদির রহমান বলেন, "আমি ইয়াহইয়া ইবনু মুয়ায আর-রাযিকে বলতে শুনেছি: 'তোমার যন্ত্রপাতি মেরামত করে নাও। পাথেয় প্রস্তুত করো। তোমার মহান প্রতিপালকের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও.”