📄 আখিরাতের জন্য দুনিয়া অর্জন
৪১০. ইবনু আবীল হাওয়ারি বলেন, “আমি আবূ সাফওয়ান আর রুআইনিকে জিজ্ঞেস করি, 'আল্লাহ তাআলা কুরআন কারীমে দুনিয়ার এমন কোন জিনিসের নিন্দা করেছেন, যা থেকে একজন আলিমের বেঁচে থাকা উচিত?' তিনি বলেন, 'তুমি দুনিয়ার জন্য যা কিছুই করবে, তার সবটাই নিন্দনীয়। পক্ষান্তরে আখিরাতের উদ্দেশ্যে দুনিয়ায় যা কিছু অর্জন করবে, তা নিন্দনীয় নয়.' বিষয়টা আমি মারওয়ানকে বললে তিনি বলেছিলেন, 'আবূ সাফওয়ান সূক্ষ্মজ্ঞানের ভিত্তিতেই এটি বলেছেন.”
টিকাঃ
[২৯۲] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১০/৫。
📄 পাপের কথা গোপন থাকায় খুশি হয়ে যাওয়া
৪১১. ইবরাহীম ইবনু বাশশার থেকে বর্ণিত আছে, ইবরাহীম ইবনু আদহাম বলেছেন: "উমার ইবনু আবদিল আযীয একদিন খালিদ ইবনু সাফওয়ানকে বলেন, 'আমাকে কিছু নাসীহাহ দিন.' খালিদ তখন বলেন, 'আমিরুল মুমিনীন! এমন অনেক মানুষ রয়েছে, যাদের গুনাহ আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। কিন্তু এটা দেখে ধোঁকা খেয়ে গেছে তারা। মানুষের প্রশংসা তাদের ফিতনায় ফেলে দিয়েছে। আপনি নিজের যেসব গুনাহের কথা জানেন, মানুষ সেগুলো জানে না। মানুষের এই অজ্ঞতাকে নিজের জ্ঞানের ওপর বিজয়ী হতে দেবেন না। আল্লাহ তাআলা আমাদের অপরাধ ঢেকে রাখায় যেন আমরা প্রতারিত না হই। আর মানুষের প্রশংসাবাণীতে যেন আনন্দিত না হয়ে উঠি। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাকে তা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের ওপর যা অবধারিত করেছেন, তা পালনে যেন আমাদের ত্রুটি না হয়। আমরা যেন প্রবৃত্তির দ্বারা প্রতারিত না হই.” বর্ণনাকারী বলেন, “এরপর তিনি কাঁদতে শুরু করেন। তারপর বলেন, 'আল্লাহ আমাদের এবং আপনাকে প্রবৃত্তির হাতে নিপতিত হওয়া থেকে রক্ষা করুন.”
৪১২. আহমাদ ইবনু ইউসুফ বলেন, "আমি সুফিয়ান সাওরিকে অসংখ্যবার বলতে শুনেছি : 'হে আল্লাহ! আমাদের নিরাপদ রাখুন। নিরাপদে রাখুন। বিপদাপদ থেকে আমাদের নিরাপদ করে কল্যাণ দান করুন। দুনিয়াতে আমাদের সুস্থতা প্রদান করুন.”
টিকাঃ
[২৯৩] ইবনুল জাওযী, সীরাতু উমার ইবনু আবদিল আযীয, ১৬৩。
[২৯৪] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৬/৩৯২。
📄 দুনিয়া ও আখিরাতের যেকোনো একটির ক্ষতি হবেই
৪১৩. আবূ মূসা থেকে বর্ণিত, নবি বলেছেন:
مَنْ أَحَبَّ دُنْيَاهُ أَضَرَّ بآخِرَتِه وَمَنْ أَحَبَّ آخِرتَه أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى
“যে ব্যক্তি দুনিয়া ভালোবাসে, সে আখিরাত ক্ষতিগ্রস্থ করে ফেলে। আর যে আখিরাত ভালোবাসে, সে দুনিয়া ক্ষতিগ্রস্ত করে। তাই চিরস্থায়ী বিষয়কে ক্ষণস্থায়ী বিষয়ের ওপর প্রাধান্য দাও.”
৪১৪. ইবনু উমার ؓ থেকে বর্ণিত, নবি ﷺ বলেছেন:
الدنيا سجن المؤمن، والقبرُ حِصنه، والجنَّةُ مصيره، والدُّنيا جنَّةُ الكافر، والقبر سجنه، وإلى النَّارِ مصيره
"দুনিয়া মুমিনের জন্য কারাগার। কবর তার দুর্গ। জান্নাত তার শেষ ঠিকানা। পক্ষান্তরে দুনিয়া হলো কাফিরের জান্নাত। কবর তার কারাগার, আর জাহান্নাম তার শেষ ঠিকানা.”
টিকাঃ
[২৯۵] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৪/৪১২; হাদীসতির সনদ সহীহ। তবে এর আরেকটি সনদ মুনকাতি。
[২৯۶] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৬/৩৫৩; এর সনদ যঈফ。