📄 অন্যের সম্পদ গ্রহণে হারাম জ্ঞান করা
৩৭৬. আবুল আব্বাস আস সাররাজ বলেন, "ইবরাহীম ইবনু সিররি সাকতিকে জিজ্ঞেস করলাম, 'আপনার বাবা আপনার কতটুকু সম্পদ গ্রহণ করতেন?' তিনি বলেন, 'আমার বাবা বলতেন, মৃত প্রাণী খাওয়া আমার জন্য যতটুকু বৈধ, তোমাদের সম্পদ থেকে আমি ততটুকুই গ্রহণ করব.”
📄 বান্দার কথা, ঘুম ও খাবারের পরিমাণ আল্লাহর সন্তুষ্টির মানদণ্ড
৩৭৭. ইবরাহীম ইবনু ফিরাস থেকে বর্ণিত, আবু ইসহাক আল খাওয়াস বলেছেন: “তিনটি বিষয় আল্লাহর পছন্দ, আর তিনটি বিষয় অপছন্দ। পছন্দ তিনটি হলো, অল্প কথা, অল্প ঘুম এবং অল্প খাবার। আর অপছন্দের তিনটি বিষয় হলো, বেশি কথা, বেশি খাবার এবং বেশি ঘুম.”
📄 আধ্যাত্মিকতার চার ভিত্তি
৩৭৮. আবুল কাসিম বলেন, “আমি জুনাইদ (বাগদাদী) কে বলতে শুনেছি : 'আমাদের এই আধ্যাত্মিকতার ভিত্তি চারটি। একান্ত প্রয়োজন ছাড়া কথা না বলা, তীব্র ক্ষুধা ব্যতীত না খাওয়া, প্রচণ্ড চাপ ব্যতীত না ঘুমানো, আর আল্লাহর ভয় ছাড়া নীরব না হওয়া.”
টিকাঃ
[২৬৬] তাবাকাতুশ শাফিইয়া আল কুবরা, ২/৩৬。
📄 প্রয়োজনের অতিরিক্ত খাওয়ার কুপ্রভাব
৩৭৯. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, "আমি আবূ সুলাইমান আদ দারানিকে বলতে শুনেছি: 'আমার স্ত্রী একবার আমাকে রুটি এবং লবণ পরিবেশন করেছিলেন। লবণে তিলের একটি দানা ছিল। আমি তা খেয়ে ফেলি। এতে আমার অন্তরে এক ধরনের জং সৃষ্টি হয়। এক বছর পরও যা অনুভব করতে পেরেছিলাম আমি.”