📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 চার রকমের মৃত্যু

📄 চার রকমের মৃত্যু


৩৬৫. নসর আবু নসর আল আত্তার থেকে বর্ণিত, আহমাদ ইবনু সালমান বলেছেন, "আমি আমার কিতাবে হাতিম আল আসাম থেকে একটা বিষয় পেয়েছি। তিনি তাতে বলেছেন, 'যে ব্যক্তি আমাদের এই মতাদর্শে (অর্থাৎ যুহুদের আদর্শে) প্রবেশ করে, সে যেন নিজের মধ্যে মৃত্যুর চারটি বৈশিষ্ট্য ধারণ করে। সাদা মৃত্যু, কালো মৃত্যু, লাল মৃত্যু এবং সবুজ মৃত্যু। সাদা মৃত্যু হলো ক্ষুধা। কালো মৃত্যু হলো মানুষের পক্ষ থেকে আপতিত কষ্ট সহ্য করা। লাল মৃত্যু হলো প্রবৃত্তির বিরোধিতা করা। আর সবুজ মৃত্যু হলো এক চিরকুটের ওপর আরেক চিরকুট রাখা.”

টিকাঃ
[২৬০] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৯৩。
[২৬১] এখানে শাব্দিক অনুবাদ এটি হলেও এই বাক্যটি, যাহিদ ও সুফিদের পরিভাষা; যার অর্থ ছেড়া-কাটা ও তালিযুক্ত কাপড় এবং খিরমা পরিধান করা। অর্থাৎ, এই বাক্যের অর্থ হবে, لبس المرقعة والخلق من الثياب

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 যাহিদের তিন বৈশিষ্ট্য

📄 যাহিদের তিন বৈশিষ্ট্য


৩৬৬. আবূ ইয়াজিদ আর রাক্কি থেকে বর্ণিত, ইউসুফ ইবনু আসবাত বলেছেন: “যে ব্যক্তি বিপদ সহ্য করে, প্রবৃত্তির চাহিদা পূরণ করা ছেড়ে দেয় এবং হালাল রুটি খায়, সে-ই প্রকৃত যাহিদ.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পর্যাপ্ত খাবারের মানদণ্ড

📄 পর্যাপ্ত খাবারের মানদণ্ড


৩৬৭. আব্বাস ইবনু ওয়ালিদ বলেন, "বাবা আমাকে জানিয়েছেন: সাঈদ ইবনু আবদিল আযীযকে জিজ্ঞেস করা হয়েছিল, 'যতটুকু না হলেই নয়, ততটুকু খাদ্যের পরিমাণ কতটুকু?' তিনি বলেন, 'একদিন পর্যাপ্ত পরিমাণ আহার করা আর পরদিন ক্ষুধার্ত থাকা.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পেটের চাহিদার ভয়াবহতা

📄 পেটের চাহিদার ভয়াবহতা


৩৬৮. মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনু ফজল বলখি বলেছেন: “দুনিয়া হলো তোমার পেট। পেটের ব্যাপারে যে পরিমাণ সংযত হবে, দুনিয়ার প্রতি তোমার সে পরিমাণ বিরাগিতাই বৃদ্ধি পাবে.”
৩৬৯. হাসান ইবনু আমর সাবিয়ি বলেন, "আমি বিশর ইবনু হারিসকে বলতে শুনেছি : 'মানুষের জন্য পেটের চেয়ে অধিক লাঞ্ছনাকারী কিছু নেই.”
৩৭০. বিশর থেকে বর্ণিত, তিনি বলেন, ইবরাহীম ইবনু আদহাম বলেছেন, ক্ষুধা অন্তরকে বিনম্র করে তোলে।
৩৭১. আবূ ইমরান আল জাসসাস বলেন, "আবূ সুলাইমানকে বলতে শুনেছি : 'অন্তর যখন ক্ষুধার্ত ও পিপাসার্ত হয়, তখনই তা নির্মল ও স্বচ্ছ হয়ে উঠে। আর যখন তা পরিতৃপ্ত হয়ে যায়, তখন তা অন্ধ হয়ে যায়.'”
৩৭২. বিশর থেকে বর্ণিত, ফুযাইল ইবনু ইয়ায বলেছেন: "দুটি বিষয় অন্তরকে পাষাণ করে তোলে। অতিরিক্ত ঘুম এবং অতিরিক্ত আহার.”
৩৭১. গাল্লাবি থেকে বর্ণিত, উতবি বলেছেন, “আমাদের এক বিজ্ঞ শাইখ ছিলেন। আমরা তাঁর কাছে বসতাম। তিনি বলতেন, ‘বনী আদমের মৃত্যু কখন হবে, সেটাও সে জানে না। কখন সে অসুস্থ হয়ে পড়ে, সেটাও তার অজানা। ক্ষুধার হাতে সে বন্দি। পরিতৃপ্তির হাতে সে হেরে যায়’.”

টিকাঃ
[২৬২] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ২১৪。
[২৬৩] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ৭৮, ৭৯。
[২৬৪] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ১৩; তিনি অধিক পরিমাণ কথাবার্তা বলার বিষয়টিও যোগ করেছেন。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00