📄 সামান্য যুহদ, ইবাদাত ও ইলম যথেষ্ট নয়
২৩৮. ইমাম আওযায়ি বলেন, “আমি বিলাল ইবনু সাদকে বলতে শুনেছি: 'আল্লাহর কসম! আমাদের জন্য অপরাধ হিসেবে তো এটাই যথেষ্ট যে, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার প্রতি বিমুখ থাকতে বলেছেন, কিন্তু আমরা তার প্রতি আকৃষ্ট হয়ে আছি। আশ্চর্য! আপনাদের যারা দুনিয়া-বিমুখ বলে পরিচিত, আমি তো দেখছি, তারাই দুনিয়া-প্রেমিক! যারা ইবাদাতগুজার বলে পরিচিত, তারাই তো ঠিকঠাক মতো ইবাদাত করে না। আলিম বলে পরিচিতরাই তো জাহিল!'”
টিকাঃ
[১৯১] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৫/২২৪。
📄 দুনিয়া শয়তানের শস্যক্ষেত্র
২৩৯. সিররি সাকতি থেকে বর্ণিত আছে, “ঈসা ইবনু মারিয়াম বলেছেন: 'দুনিয়া হলো ইবলিসের শস্য ফলানোর জমি আর তোমরা হলে তার চাষী.”
📄 দুনিয়াকে শূয়োরানীর সাথে তুলনা
২৪০. ইয়াজিদ ইবনু মাইসারা বলেন, “আমাদের শাইখগণ দুনিয়াকে ‘শূকরী’ বলে অভিহিত করতেন। যদি এরচেয়েও নিকৃষ্টতর কোনো নাম তাদের জানা থাকত, তাহলে সে নামেই দুনিয়াকে ডাকতেন তারা। তাদের কারও কাছে পার্থিব কোনো ভোগ্যপণ্য চলে এলে তারা বলতেন, ‘অ্যাই শূকরী! তোর কাছে আমাদের কোনো দরকার নেই। আমরা আমাদের প্রতিপালককে ভালোভাবে চিনি.”
টিকাঃ
[১৯২] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৫/২৩৫。
📄 দুনিয়ার সমুদ্র পারাপারে প্রয়োজনীয় জাহাজ
২৪১. আবদুল আযীয থেকে বর্ণিত আছে, লুকমান তার ছেলেকে বলেছেন: “বাবা! দুনিয়া এক গভীর সমুদ্র। বহু সাধারণ মানুষ ও অনেক আলিম এতে ডুবে ধ্বংস হয়ে গেছে। তাই বাঁচতে হলে ঈমানের জাহাজ তৈরি করো। তাকওয়া ও আল্লাহর আনুগত্য দিয়ে ভরপুর করে ফেল সে জাহাজ। দ্বীনকে এর পতাকা বানাও। তারপর আল্লাহর নামে ভরসা করে চলতে থাক। এসব ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও তুমি বাঁচতেও পারো আবার না-ও বাঁচতে পারো.”
টিকাঃ
[১৯৩] আহমাদ ইবনু হাম্বল, আয-যুহদ, ১০৪。