📄 নির্জনতার যুগ
১৬৬. জুনাইদ ইবনু মুহাম্মাদ বলেন, "আমি সিররি সাকতিকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি নিজের দ্বীন নিরাপদ রাখতে চায়, অন্তর ও শরীরকে বিশ্রাম দিতে চায় এবং দুশ্চিন্তা কমাতে চায়, সে যেন নির্জনতা অবলম্বন করে। কারণ, এটা নির্জনতা এবং একাকিত্বের যুগ.”
তিনি অন্য এক জায়গায় বলেছিলেন, “এটা ভয়-ভীতির যুগ। এসময় যে একাকিত্ব বেছে নেয়, সে-ই বুদ্ধিমান.”
টিকাঃ
[১৩০] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২২০。
📄 প্রিয় জিনিস যখন সর্বনাশের কারণ
১৬৭. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, "আমি আবু সুলাইমানকে বলতে শুনেছি : 'পরিবার-পরিজন, অর্থ-সম্পদ এবং সন্তান-সন্ততি—এসবের যেটাই আপনাকে আল্লাহ তাআলা থেকে বিমুখ করে দেবে, সেটাই আপনার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে.'”
টিকাঃ
[১৩১] আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৯/২৬৪。
📄 নিজের সাথেই বিচ্ছেদ
১৬৮. সাইয়ার ইবনু জাফর থেকে বলেন, "ইয়াহইয়ার মা মারা গেলে আমি মালিক ইবনু দিনারকে একদিন বলি, 'ইয়াহইয়ার বাবা! আরেকটা বিয়ে করে নিতে পারেন তো.' তিনি বলেন, 'আরে আমি তো পারলে নিজেকেই তালাক দিয়ে দিতাম."
টিকাঃ
[১৩۲] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/২৪৯。
📄 সাক্ষাতের আগ্রহ যুহদের মানদণ্ড
১৬৯. বিশর ইবনু হারিস থেকে বর্ণিত, আবূ দাউদ তাকে বলেন: "দুনিয়াকে ভালোবাসার অর্থ হলো, মানুষের সাথে সাক্ষাতের প্রতি আগ্রহ থাকা। আর দুনিয়া-বিমুখতা হলো, তাদের সাথে সাক্ষাতের প্রতি আগ্রহ না থাকা.”
টিকাঃ
[১৩۳] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৪৩。