📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অপ্রয়োজনীয় দেখা-সাক্ষাৎ নিরুৎসাহিতকরণ

📄 অপ্রয়োজনীয় দেখা-সাক্ষাৎ নিরুৎসাহিতকরণ


১৪০. আবু সাদ ইয়াহইয়া ইবনু মানসূর আয যাহিদ বলেন, “আমি আবূ ইয়াহইয়া আল কুর্দিকে বলতে শুনেছি: 'এক লোক দাউদ আত তায়ির দরজায় করাঘাত করে। তিনি বলেন, 'বাইরে কে?' লোকটি বলে, 'অমুক।' দাউদ বলেন, 'আমার কীসের প্রয়োজন যে, আপনার এখানে আসার প্রয়োজন পড়ল? আর আপনার-ই বা কীসের প্রয়োজন যে, আমার কাছে আসতে হলো? আপনার যদি আমার কাছে কোনো প্রয়োজন না থাকে আর আমারও যদি আপনার কাছে কোনো প্রয়োজন না থাকে, তাহলে দেখা-সাক্ষাতের কী প্রয়োজন?'
১৪১. মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ আল আম্বারি বলেন, "আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি মাতা-পিতার আনুগত্য করে, অর্থ সম্পদ সঠিকভাবে উপার্জন ও ব্যয় করে এবং যার আচার-ব্যবহার সুন্দর, ভাই ও পরিচিতজনদের যে সম্মান করে, এর পাশাপাশি সে ঘরে অবস্থান করে, সে-ই হলো পরিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী.”
১৪২. ইবরাহীম ইবনু আশআছ বলেন, “ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি: 'যখন ঘরে আমার রবের সাথে একান্তে সময় কাটাই, কেবল তখনই শান্তির আনন্দ এবং চোখের শীতলতা অনুভব করি। আর যখন কানে কোনো আওয়াজ আসে, তখন মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার আশঙ্কায় বলে উঠি-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এর কারণে রবের সাথে আমার একান্তে সময় কাটানোয় বিঘ্ন ঘটবে.”
১৪৩. ফুযাইল ইবনু ইয়ায বলেন, "আবূ ইয়াহইয়া আল কুর্দিকে বলতে শুনেছি : 'সিংহ দেখে ভয় পেয়ো না, কিন্তু বনী আদমকে দেখলে কাপড় উঠিয়ে জীবন বাজি রেখে পলায়ন করো.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানুষের করা প্রশংসা বা নিন্দা ত্রুটিপূর্ণ

📄 মানুষের করা প্রশংসা বা নিন্দা ত্রুটিপূর্ণ


১৪৪. আবদুল্লাহ ইবনু খুবাইক থেকে বর্ণিত আছে যে, ফুযাইল ইবনু ইয়ায বলেছেন: “কারীদের থেকে দূরে থেকো। কেননা তারা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলে তোমার এমন সব প্রশংসা করা শুরু করে দিবে, যা তোমার মধ্যে নেই। আর যদি তারা তোমার ওপর রাগান্বিত হয়ে যায়, তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। অন্যদেরও ক্ষেপিয়ে তুলবে তোমার বিরুদ্ধে.”
১৪৫. বিশর থেকে বর্ণিত আছে, মালিক ইবনু দিনার বলেছেন: “যখন থেকে আমি মানুষের প্রকৃত পরিচয় জানতে পেরেছি, তখন আর পরোয়া করিনি যে, কে আমার প্রশংসা করল আর কে নিন্দা করল। কেননা আমি জানি, যারা প্রশংসা করে তারাও বাড়াবাড়ি করে আর যারা নিন্দা করে তারাও বাড়াবাড়ি করে."
১৪৬. মুসলিম ইবনু দাইলামি থেকে বর্ণিত, মালিক ইবনু দিনার বলেছেন: “মানুষের প্রকৃত পরিচয় জানার পর থেকে তাদের প্রশংসায়ও আনন্দিত হইনি আর নিন্দায়ও অসন্তুষ্ট হইনি.” তাকে জিজ্ঞেস করা হলো, "কেন?” তিনি বলেন, “কেননা প্রশংসাকারী ও নিন্দুক—উভয় শ্রেণিই সীমালঙ্ঘন করে.”
১৪৭. মারদুইয়াহ বলেন, “আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি মানুষকে চিনে ফেলেছে, (অর্থাৎ, মানুষের প্রকৃত অবস্থা জানতে পেরেছে), সে তাদের থেকে শান্তিতে থাকতে পেরেছে.”

টিকাঃ
[১১২] আল্লামা খাত্তাবি, আল-উযলাহ, ৬৬。
[১১৩] আবূ আবদির রহমান আস-সুলামি, তাবাকাতুস সুফিয়া, ১১。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানবসঙ্গ যখন পরিহার্য

📄 মানবসঙ্গ যখন পরিহার্য


১৪৮. ইউসুফ ইবনু হুসাইন বলেন, “কাসিম আল জুয়ির নিকট যখন তাহির আল মাকদিসি ছিলেন, তখন আমি তাকে বলতে শুনেছি, 'সকল শান্তি রয়েছে নির্জনতায় আর সকল আনন্দ রয়েছে আল্লাহর একান্ত ইবাদাত- বন্দেগিতে."
১৪৯. জাফর ইবনু সুলাইমান বলেন, “একদিন দেখি, মালিক ইবনু দিনার একটা কুকুরের পাশে বসে আছেন। জিজ্ঞেস করলাম, 'আবূ ইয়াহইয়া, কী হলো আপনার?' তিনি বলেন, 'খারাপ বন্ধুর চেয়ে এ কুকুরটাই ভালো.”
১৫০. হাসান ইবনু আমর বলেন, "আমি বিশর ইবনু হারিসকে বলতে শুনেছি, 'আমার নিজের মধ্যে যে রোগ রয়েছে, তার চিকিৎসা করে যেতে থাকব। চিকিৎসা শেষ হলে পরে অন্যের প্রতি নজর দেব। আমি খুব ভালোভাবেই জানি, কোথায় রোগ আছে আর কোথায় আছে তার চিকিৎসা। তোমরাই তো হলে রোগ। আমার সামনে এমন কিছু লোক দেখতে পাচ্ছি, যারা আল্লাহকে ভয় করে না এবং পরকালের প্রতি গুরুত্ব দেয় না.”

টিকাঃ
[১১৪] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/৩৭২。
[১১৫] ইবনুল মুলাক্কিন, তাবাকাতুল আউলিয়া, ৩৯৪。
[১১৬] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/৩৮৪。
[১১৭] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৫৪。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অখ্যাতিই প্রকৃত যুহদ

📄 অখ্যাতিই প্রকৃত যুহদ


১৫১. বিশর ইবনু হারিস থেকে বর্ণিত, সুফিয়ান বলেছেন, "আসলে মোটা পোশাক আর মোটা খাবারের মধ্যে যুহদ নেই; বরং যুহদ তো রয়েছে উচ্চ আশা না রাখার মধ্যে। আবু আবদুল্লাহ কতই না চমৎকার বলেছেন! আমিও তেমনটাই বলি। তা হচ্ছে, অখ্যাত থাকার মধ্যে যুহদ রয়েছে.”

টিকাঃ
[১১৮] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৫/২০০。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00