📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আল্লাহ, নবি ﷺ ও সাহাবিদের সঙ্গলাভ

📄 আল্লাহ, নবি ﷺ ও সাহাবিদের সঙ্গলাভ


১২৪. উসমান ইবনু সাঈদ বলেন, “আমি নুআইম ইবনু হাম্মাদকে বলতে শুনেছি যে, আবদুল্লাহ ইবনুল মুবারক অধিকাংশ সময় ঘরেই অবস্থান করতেন। তাঁকে একদিন জিজ্ঞেস করা হলো, 'আপনার একা একা লাগে না?' তিনি বলেন, 'একা লাগবে কেন? আমি তো নবি ও তাঁর সঙ্গীদের সাথে থাকি' (অর্থাৎ, ঘরে বসে তিনি হাদীস এবং সাহাবায়ে কেরামের আছার অধ্যয়ন করতেন।) "
১২৫. মানসূর ইবনু আবদিল্লাহ বলেন, “আমি আবুল হাসান ইবনু খাওয়ারিজমিকে বলতে শুনেছি : 'আল্লাহর কিতাবের হাফিয হওয়া সত্ত্বেও যে ব্যক্তি নির্জন অবস্থানে নিঃসঙ্গতা অনুভব করে, তার নিঃসঙ্গতা কখনো দূর হবে না.”

টিকাঃ
[১০৪] ইবনু আসাকির, তারিখু বাগদাদ, ১০/ ১৫৪。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 ধূর্ততার মূল আশ্রয়

📄 ধূর্ততার মূল আশ্রয়


১২৬. আবুল মিনহাল থেকে বর্ণিত আছে যে, আবুল আলিয়া বলেছেন : “আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম—শীঘ্রই মানুষের ওপর এমন এক যুগ আসবে, যাতে মুমিনরা দাসীর চেয়েও অধিক লাঞ্ছনার জীবন যাপন করবে। সেই যুগে যে শিয়ালের মতো ধূর্ততার আশ্রয় নিতে পারে, তাকেই মনে করা হবে সবচেয়ে বুদ্ধিমান.”
১২৭. আবুল আলিয়া বলেন, “আমরা বলতাম, শীঘ্রই এমন এক যুগ আসবে, যখন সত্য দেখে তার কাছাকাছি জায়গা দিয়ে চলা মানুষটাকেই বলা হবে সর্বোত্তম."
১২৮. মালিক ইবনু মিগওয়াল থেকে বর্ণিত আছে যে, শাবি বলেছেন : “আমি যামানার জন্য ক্রন্দন করি না, বরং ফিতনার যামানার ওপর ক্রন্দন করি."

টিকাঃ
[১০৫] ইবনু আবী শাইবা, আল মুসান্নাফ, ১৫/১২২; হাকিম, আল মুসতাদরাক, ৪/৫০০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 প্রকৃত ঈর্ষনীয় ব্যক্তি

📄 প্রকৃত ঈর্ষনীয় ব্যক্তি


১২৯. হাসান ইবনু হাসান ইবনু হাসান ইবনু আলি ইবনু আবী তালিব রা. বলেন: “আল্লাহর শপথ! এই জগতে আমার কাছে সবচেয়ে ঈর্ষার পাত্র হলো সেই বেদুইন, যে মুত্তাকী, (মানুষের) অমুখাপেক্ষী, সালাত আদায়কারী ও যাকাত প্রদানকারী এবং প্রবৃত্তির লালসা চরিতার্থে নিজেকে জড়ায় না.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নির্জনতাকে ভালোবাসার অর্থ

📄 নির্জনতাকে ভালোবাসার অর্থ


১৩০. আবু উসমান আল হান্নাত বলেন, “আমি যুননুনকে বলতে শুনেছি: 'কতক আলিম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর একনিষ্ঠ বন্ধু হয়ে যায়, তার অবশ্যই ইচ্ছে হবে অচেনা কোনো গহীন জায়গায় জীবনটা কাটিয়ে দেওয়ার.”
১৩১. আবু উসমান আল হান্নাত বলেন, "আমি যুননুনকে বলতে শুনেছি : 'প্রজ্ঞাবানের নিদর্শন হচ্ছে, সে অখ্যাত থাকতেই পছন্দ করবে। তার নিঃসঙ্গতা অনুভব হবে না এতে। আর আল্লাহ ছাড়া অন্যদের সাথে সে বন্ধুত্ব ছিন্ন করবে। যদি প্রজ্ঞাবান ব্যক্তি একাকিত্বকে উপভোগ করতে পারে, তাহলে সে প্রকৃতপক্ষেই আল্লাহর জন্য একনিষ্ঠ হতে পেরেছে বলে ধরে নেওয়া যায়। তখনই তার প্রজ্ঞাপূর্ণ কার্যক্রমগুলো হক এবং সঠিক হবে, ইন শা আল্লাহ.”
১৩২. আবূ উসমান আল হান্নাত বলেন, “আমি যুননুনকে বলতে শুনেছি : 'যদি কারও কাছে নির্জনতা ভালো লাগে, তাহলে এ ভালো লাগাটাই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক জুড়ে দেবে। আর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক তৈরি হয়ে যাবে, সে আল্লাহ তাআলা ছাড়া অন্য সবকিছুর মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা অনুভব করবে। আহ! সেই অন্তর বড় সৌভাগ্যবান, যে আল্লাহর মহিমার মধ্যে প্রশান্তি খুঁজে পায় এবং তার ভয়ে কেঁপে উঠে.”

টিকাঃ
[১০৬] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১০/১৮。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00